ইউপি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রামীণ স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সবচেয়ে সুপ্রাচীন ও অধিকতর কার্যকর প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর ইউনিয়ন পরিষদের অগ্রসৈনিক তথা প্রাণভোমরা হচ্ছেন ইউপি সচিব। যাঁরা সৃষ্টিলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নিরলস ও অত্যন্ত দক্ষতার সঙ্গে সব ধরনের অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
ইউনিয়ন পরিষদ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার নানান সময়ে, নানান কাজের ব্যস্ততা এখানে সর্বক্ষণ। বিভিন্ন ধরনের সনদ প্রদান, গ্রাম আদালত পরিচালনা, বিভিন্ন ধরনের প্রকল্পের তদারকি, ভিজিডি, ভিজিএফ, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধনকরণ, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র পরিচালনা, সরকারি বিধিমোতাবেক ব্যাংক হিসাব পরিচালনা প্রভৃতি কাজ একাই করতে হয় ইউপি সচিবদের।
ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ভবিষ্য তহবিল, চিত্তবিনোদন ভাতা প্রভৃতির বিধান থাকলেও তা শুধু গেজেট নামক পুস্তকেই সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। ইউপি সচিবদের প্রাপ্তির যাত্রা এখন বদলে গেছে। ইউপি সচিবদের না বাড়ানো হয়েছে পদমর্যাদা কিংবা না বাড়ানো হয়েছে শতভাগ বেতনকাঠামো। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইউপি সচিবেরা হচ্ছেন সেই অসহায় দরিদ্র তালেব মাস্টার, যাঁর আলো বিতরণ করাই হচ্ছে মূল কাজ, কিন্তু নিজের জীবনই ঘোর অন্ধকারে নিমজ্জমান। সময়ের বিবর্তনে সারা বিশ্বে সেখানে স্থানীয় সরকারকাঠামো শক্তিশালী হচ্ছে, সেখানে বাংলাদেশের মতো অত্যন্ত জনবহুল একটি উন্নয়নশীল দেশ, উন্নয়নের অপর সম্ভাবনাময় ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ইউপি সচিবদের এখনো পেছনে রাখা হয়েছে কীভাবে, তা বোধগম্য নয়। বাংলাদেশ সরকার স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। কিন্তু ইউনিয়ন পরিষদের সচিবদের পদমর্যাদা বৃদ্ধি করে ইউনিয়ন পরিষদকে কীভাবে শক্তিশালী করা যায়, সেটাই আমরা আশা করি।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, ইউপি সচিবদের শতভাগ বেতন বাড়ানোসহ পদমর্যাদা বৃদ্ধি করুন, যাতে ইউনিয়ন পরিষদের অগ্রসৈনিকেরা দেশের সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারেন।
মো. মাজহারুল ইসলাম
গোলাপগঞ্জ, দিনাজপুর।