আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে ইট-সুরকির প্রাসাদ। ইটের চাহিদা মেটাতে প্রতিদিনই নির্মিত হচ্ছে নতুন নতুন ইটের ভাটা। বিগত সরকারের সময় ইটভাটার চুল্লির একটি নির্দিষ্ট উচ্চতা বাধ্যতামূলক করা হয়েছিল। তখন আইনের কারণে ইটভাটার মালিকেরা তাঁদের চুল্লিটি নিম্নে ৪০ ফুট লম্বা করে বানাতে বাধ্য হয়েছিলেন৷
কিছুদিন আগে একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে দেখলাম ওই চুল্লিগুলোর বেহাল অবস্থা৷ ওই সময়ে নির্মিত এবং বর্তমান সময়ে নির্মিত অনেক ইটভাটার চুল্লি ফেটে চৌচির অবস্থা। ত্রুটিপূর্ণ ও নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি চুল্লিগুলো ভেঙে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘটে যেতে পারে অনেক লোকের প্রাণহানি।
তাই যথাযথ কর্তৃপক্ষ এবং ইটভাটার মালিকদের দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ করছি, ত্রুটিপূর্ণ চুল্লিগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা নিন। ব্যবহারের অনুপযোগী চুল্লিগুলো ভেঙে ফেলার ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের একটু সদিচ্ছা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে অনেকের জীবন। কে জানে হয়তো আপনার উপস্থিতিতেই ঘটতে পারে দুর্ঘটনা। সে দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি নিজেও।
মো. রফিক
রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ, ঢাকা।