অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
দুই দলের বৈঠকই তারানকোর ‘সাফল্য’
জাতিসংঘের রাজনীতিবিষয়ক মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সফরে দুই দলকে দুই দফা বৈঠকে বসানো ছাড়া সংকট সমাধানের কার্যকর কোনো খবর মেলেনি। তবে এর ধারাবাহিকতায় দুই দলের তৃতীয় দফার বৈঠকেও সমস্যার সমাধান হয়নি।
এ ব্যাপারে আলী হায়দার বলেন, তারানকো আসার বহু আগে থেকেই বৈঠক বৈঠক নাটক চলছে। আগামী দিনগুলোতেও দুই দল পাল্লা দিয়ে নতুন কিছু ছলাকলা দেখিয়ে যে যার তালগাছ নিশ্চিত করার প্রয়াস করবে। সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায়? নুর আবছার জন: একদলীয় শাসনব্যবস্থা এবং একদলীয় নির্বাচন বন্ধে জাতিসংঘের আরও কঠোর হস্তক্ষেপ করা উচিত। হাছান: তারানকো কি বার্ষিক পরীক্ষা দিতে এসেছিল যে তার সাফল্য-ব্যর্থতার বয়ান দিতে হবে? তিনি জাতিসংঘের কর্তাব্যক্তি মাত্র। যে কাজ আমাদের দেশপ্রেমী (ক্ষমতাপ্রেমী) নেতারা করতে পারেননি, সেই কাজটি তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
সাইফুল আলম: সমাধান কীভাবে হবে? উভয় দলের কিছু নেতা সংলাপে নিয়োজিত। অন্যদিকে কিছু নেতা বলছেন, ঘোষিত তফসিলেই নির্বাচন এবং কোনো দলের নির্বাচনে আসা না আসায় কিছু এসে-যায় না। তাহলে প্রশ্ন, সংলাপের নাটক সাজিয়ে মানুষকে আশায় রেখে লাভ কী? সংবাদ সম্মেলন কিংবা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলে দিলেই হয়, সংলাপ হবে না এবং নির্বাচন পেছানো যাবে না, ব্যস। প্রান্তিক জনগোষ্ঠী কী কষ্টে আছে, নেতারা বুঝতে চাইছেন না। পুরো দেশ ছারখার হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের পথে বসার উপক্রম, দিনমজুর কাজ না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় বিলাপ করছেন। কিন্তু তাঁদের এক কথা, ‘ক্ষমতা হারাতে চাই না কিংবা ক্ষমতা চাই’। বাঁচার মতো বাঁচতে চাই, জীবনের নিরাপত্তা চাই।
গোলাম মোস্তফা: সংলাপ চলতে থাকবে আবার ৫ জানুয়ারি নির্বাচনও হবে। মনে হয় পাবলিকের সামনে আরও ভোগান্তি আছে।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর
৪৩তম বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধে হত্যা ও ধর্ষণের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হলো জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায় কার্যকর হলো।
এ ব্যাপারে ইবনে বতুতা বলেন: ১৯৫২, ১৯৭১—এরপর ২০১৩। তরুণ প্রজন্ম আবারও প্রমাণ করল দেশটা তাদের কাছে মা-বোনের মতোই প্রিয়। তুফান: সঠিক বিচার ও রায় বাস্তবায়নের মাধ্যমে ইতিহাসের একটা কালো অধ্যায়ের, একটা বিশাল অনাচারের ইতিহাসকে শোধরানোর পথে বাংলাদেশ। নুরুল ইসলাম মুজিব: কাদের মোল্লার ফাঁসির সঙ্গে সঙ্গে তাঁর ও তাঁর দলের সব অনুসারীরও শারীরিক না হোক নৈতিক ও মানসিকভাবে ফাঁসি হয়ে যাবে। অপরাধীকে বিচারের মাধ্যমে সাজা দেওয়ার মাহাত্ম্য এটাই।
রহমান মিজান: ইতিহাস তার অমোঘ নিয়মে চলে, কোনো ক্ষমতা, অপরাধ চিরস্থায়ী নয়। কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া গ্লানি থেকে মুক্তি পেলাম।
এ ডব্লিউ হক: সরকার ও আদালতকে ধন্যবাদ। কাদের মোল্লার ফাঁসির দ্বারা দেশ ও জাতি তার আইনের কঠোর দৃষ্টান্ত প্রতিষ্ঠা করল। আশাকরি স্বাধীনতাবিরোধী, খুনি, ধর্ষণকারী সব রাজাকার আলবদর-আলশামসের একই শাস্তি হবে। মোহাম্মদ আলী: ন্যুরেমবার্গ ও টোকিও ট্রায়ালে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আপিলেরও সুযোগ পাননি, রায় ঘোষণার পরই দণ্ড কার্যকর হয়েছে। প্রাণভিক্ষার সুযোগও তাঁদের ছিল না। কাদের মোল্লার ফাঁসির রায়ের সঙ্গে দেশের তরুণ প্রজন্মের নাম জড়িয়ে থাকবে চিরদিন।
স্পিভাকের টেলিগ্রামে জামায়াত দায়ী
জামায়াতের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ আছে। বাংলাদেশে প্রথম ভারপ্রাপ্ত মার্কিন মিশনপ্রধান হার্বাট ড্যানিয়েল স্পিভাকের পাঠানো বার্তা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। সাংবাদিক মিজানুর রহমান খানের তিন কিস্তির প্রথমটি সম্পর্কে শাহিদুল ইসলামের মন্তব্য: দীর্ঘ ৪২ বছরেও বুদ্ধিজীবী হত্যার কোনো কিনারা আজও হয়নি। বুদ্ধিজীবীদের কে কোথায়, কীভাবে শহীদ হয়েছেন, তারও কিনারা হয়নি। তাঁদের পরিবাররাও জানতে পারেননি প্রিয় এই মানুষগুলোর লাশ কোথায়?
ময়েজ আহমেদ চৌধুরী: ভাবছি নিক্সন-কিসিঞ্জার যাদের দিয়ে এ দেশে গণহত্যা সংঘটিত করেছেন, সেই জামায়াতের প্রতি মমতাবোধ এখনো কেন এত প্রবল। তাদের জন্য এখনো তাঁরা দায়িত্ব অনুভব করেন, প্রধানমন্ত্রীকে ফোন করে প্রচ্ছন্ন হুমকি দেন। নিজেদের বিবেকের কাছে এই পরাক্রমশালী দেশটি কখনো কি জিজ্ঞেস করেছে, এর দায়ভার তাঁদেরও বহন করতে হবে কি না? আজ বাংলাদেশে জঙ্গিরা যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার পেছনে পাশ্চাত্যের ইন্ধন অস্বীকারের উপায় নেই। সব বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের এ ব্যাপারে সচেতন হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।
নাশিদ কুরাইশী: অনেক তথ্যবহুল লেখা। একাত্তরের সময়কার বাংলাদেশ নিয়ে আমেরিকান আর্কাইভের অসংখ্য নথি নিরপেক্ষভাবে প্রকাশের জন্য মিজানুর রহমান খানকে ধন্যবাদ। এই লেখাগুলো সাধারণ মানুষকে অহেতুক তর্কে না গিয়ে অতীত ও এখনকার পরিস্থিতি বুঝতে সহায়তা করবে।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)