মুসলিম বিশ্বে সম্পর্কের ভাঙাগড়া চলছে তুমুল বেগে। এর সর্বশেষ উদাহরণ পাকিস্তান-সৌদি আরব বন্ধুত্ব। অনেকখানি ফাটল দেখা দিয়েছে দুই দেশের ঐতিহাসিক বন্ধনে।
সেই ফাটল সারাতেই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি আরব সফর করেছিলেন এ সপ্তাহে। বিস্ময়করভাবে তিনি সৌদবংশের মূল ক্ষমতাধর মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। পাকিস্তানের জন্য এটা বিব্রতকর। বোঝা যাচ্ছে, সৌদি সরকার পাকিস্তানের ওপর চটেছে।
সৌদিদের ক্ষোভের বড় কারণ ওআইসি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এবং ইরান, কাতার ও তুরস্কের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতা। পাকিস্তান-ইরান-কাতার-তুরস্কের মৈত্রীতে সৌদিরা ক্ষুব্ধ।
দীর্ঘদিন থেকে পাকিস্তান চাইছে কাশ্মীর বিষয়ে ওআইসি বিশেষ বৈঠক ডাকুক। সৌদদের অনাগ্রহে সেটা হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহুমদ কোরেশি এ নিয়ে আগের সপ্তাহে এক টিভি টক শোতে মৃদু হুমকির সুরেই বলেছিলেন, মূল সংগঠকেরা বৈঠক না ডাকলে পাকিস্তানই আগ্রহী দেশগুলোকে নিয়ে এ রকম বৈঠক ডাকতে পারে। কাশ্মীর বিষয়ে ওআইসির নিষ্ক্রিয়তায় পাকিস্তানের যে হতাশা, সেটাই এই মন্তব্যে প্রকাশ পেয়েছিল।
সৌদিরা মনে করছে, পাকিস্তানের এই ক্ষোভের প্রকাশ আসলে তুরস্কের ইন্ধনে। আঙ্কারার সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের নাটকীয় উষ্ণতায় সৌদি আরব সুখী নয়। বলা যায়, সৌদিদের সঙ্গে এরদোয়ানের দ্বন্দ্ব-সংঘাতেরই বলি রিয়াদ-ইসলামাবাদ সম্পর্কের এত দিনকার উষ্ণতা। সঙ্গে যুক্ত হয়েছে ইমরানের সঙ্গে কাতারের আমির ও মাহাথির মোহাম্মদের সুসম্পর্কের প্রতিক্রিয়া। মাহাথির ও এরদোয়ানের কাশ্মীর নীতি এবং মুসলমানপ্রধান দেশগুলোকে আপন সম্প্রদায়ের স্বার্থে নতুন করে ঐক্যবদ্ধ করার চেষ্টায় সৌদ রাজবংশের একদম সায় নেই। সৌদদের ভয়, এতে ওআইসিতে তার পুরোনো প্রাধান্য থাকবে না। জোটটি ভেঙেও যেতে পারে।
ইমরান খানের তুরস্কপ্রীতির প্রতিবাদ জানিয়েছে সৌদরা বেশ মোটাদাগে। দেড় বছর আগে তারা পাকিস্তানকে অর্থনীতি সামলাতে তিন বিলিয়ন ডলার দিয়েছিল। সঙ্গে ছিল বাকিতে জ্বালানি তেল দেওয়ার ঘোষণা। হঠাৎ করেই তারা এখন সেসব ঋণের একাংশ ফেরত চাইছে। অভিমানী পাকিস্তান চীনের মদদে সঙ্গে সঙ্গে এক বিলিয়ন ডলার ফেরতও দিয়েছে। অতীতে এ ধরনের ঋণ মেয়াদ শেষে কমই ফেরত যেত।
সালমানের রাগ ভাঙাতে শেষ চেষ্টা ইমরানের
পাকিস্তানের জন্য সৌদি আরব গুরুত্বপূর্ণ দেশ। সাহায্য-সহযোগিতার বিপুল উৎস ছাড়াও সৌদি আরবে রয়েছে পাকিস্তানের প্রায় ৩০ লাখ প্রবাসী। অর্থনীতির চলতি দুঃসময়ে প্রবাসী এই শ্রমজীবীরা পাকিস্তানের জন্য বড় ভরসা। ফলে, সৌদদের আচরণে ক্ষুব্ধ হয়েও সালমানের রাগ ভাঙাতে অনেকভাবে চেষ্টা করছে তারা। ক্ষমতাধর সেনাপ্রধানকে রিয়াদ পাঠানো ছাড়াও ‘ডিপ স্টেইটে’র প্রধান জেনারেল ফয়েজ হামিদকেও পাঠানো হয়েছে সেখানে। কিন্তু সালমানের রাগ পড়েনি তাতে।
সৌদিদের ওপর পাকিস্তানের বহুমাত্রিক নির্ভরতা সত্ত্বেও মাহাথির ও এরদোয়ানের সঙ্গে ইমরান যে হাত মিলিয়েছেন, তার পেছনে অর্থনৈতিকভাবে কাতার এবং রাজনৈতিকভাবে এরদোয়ানের কোনো আশ্বাস কাজ করে থাকবে; পাশাপাশি চীনের মদদ তো রয়েছেই। তবে ইমরান খান কিছুটা পিছু হটতেও রাজি ছিলেন। সৌদদের রাগ-ক্ষোভ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর বিরুদ্ধ শক্তিকে জ্বালানি জোগাতে পারে। সেই বিবেচনা ত্যাগ করছেন না ইমরান। কেবল এই ভয়ে গত বছর মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ আহুত একটা সম্মেলনে যাওয়া থেকে বিরত থেকেছিলেন তিনি।
পাকিস্তানের মাদ্রাসাগুলোয় প্রতিবছর বিপুল সাহায্য যায় সৌদি আরব থেকে। দেশটির রাজনৈতিক অস্থিরতায় এসব মাদ্রাসা অনেক সময় সৌদি স্বার্থের জনবল হিসেবে ভূমিকা রাখে। ইমরান এটা ভালোই জানেন।
মুসলমানপ্রধান দেশগুলোর ভাঙাগড়ায় যুক্ত আছে ভারত-চীনও
রিয়াদ-ইসলামাবাদের এই জটিলতায় চীন-ভারতও প্রবলভাবে জড়িয়ে আছে। কাশ্মীর বিষয়ে ওআইসির নীরবতার বড় কারণ ভারতের সঙ্গে সৌদি আরব ও আরব আমিরাতের সুসম্পর্ক। ওআইসি বর্তমানে সৌদবংশই অনেকখানি নিয়ন্ত্রণ করে। তাদের সমর্থক হিসেবে আছে আরব আমিরাত, মিসর প্রভৃতি দেশ। ভারতের সঙ্গে এসব দেশের নিবিড় সম্পর্ক কাশ্মীর বিষয়ে ওআইসিকে নমনীয় রেখেছে। সৌদরা কাশ্মীরি সংগ্রামীদের ‘সহযোগিতা’ করাও নানাভাবে কমিয়েছে। তাদের এ রকম অবস্থানের আরেক ফল আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের ঘটনা।
ওআইসি যে কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যু নিয়ে আর বেশি ভাবতে চাইছে না, তারই ছাপ পড়ছে সৌদি আরব ও আরব আমিরাতের বিদেশনীতিতে। আপাতত ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়ার পক্ষে রিয়াদ ও আবুধাবি। এভাবেই রিয়াদ-আবুধাবি-নয়াদিল্লি-তেল আবিব-ওয়াশিংটন মৈত্রী জোটের সমীকরণ। ইসরায়েলের পূর্ণ কূটনীতিক সম্পর্কের ঘোষণার পর আরব আমিরাতকে প্রথম অভিনন্দন জানানো দেশগুলোর একটি ছিল ভারত।
এ অবস্থায় চীনও বসে নেই। যেহেতু ওআইসির বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রপন্থী এ কারণে মুসলমান বিশ্বে আধিপত্যের জন্য চীনের দরকার পাল্টা সমীকরণ। ইরান ও পাকিস্তানের সঙ্গে তার মৈত্রী সেই সমীকরণের পরিসর বাড়াচ্ছে। মুসলমানপ্রধান দেশগুলোর সম্পর্কের ভাঙাগড়ায় চীনও গভীরভাবে যুক্ত। পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক বহুদিনের। তেহরানের সঙ্গেও চীনের গভীর সখ্য গড়ে উঠতে চলেছে। ইতিমধ্যে তারা ৪০০ বিলিয়ন ডলার অঙ্কের বড়সড় এক চুক্তির খসড়া প্রস্তুত করে ফেলেছে। এই খসড়ার প্রথম ধাক্কাতেই ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হয়ে গেল সম্প্রতি।
কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে ইরানের মতোই উচ্চকিত এরদোয়ান। ইরান-চীন মৈত্রীকে মোকাবিলা করতে গিয়ে ভারত সব উপায়ে রিয়াদকে কাছে টানছে দেখে এরদোয়ান মৈত্রীর উদার হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের দিকে। এভাবেই ‘রিয়াদ-আবুধাবি-নয়াদিল্লি-তেল আবিব-ওয়াশিংটন’ জোটের পাল্টা হিসেবে দেখা যাচ্ছে ‘বেইজিং-আঙ্কারা-ইসলামাবাদ-তেহরান-দোহা’ জোট। বেইজিং ছাড়া এই জোটের অন্যরা ওআইসির বিকল্প কিছু গড়ার প্রত্যাশায় আছেন। এর মধ্যেই মুসলিম বিশ্বের নতুন নেতা হিসেবে নিজের সম্ভাবনা দেখছেন এরদোয়ান। মাহাথির প্রধানমন্ত্রিত্ব হারানোয় এই জোটে মালয়েশিয়ার ভূমিকা এখন আগের মতো জোরদার নেই। তবে আফগান শান্তিচুক্তির সফলতায় দোহার ভূমিকা; জোটে কাতারের শেখ তামিমকে নতুন তারকা করে তুলেছে।
সৌদি আরবকে চটিয়ে পাকিস্তানের পরিণতি কী দাঁড়াবে
মুসলমানপ্রধান দেশগুলোর পারস্পরিক সম্পর্কের চলতি জটিলতার বড় এক কারণ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্ব কমে যাওয়া। যুক্তরাষ্ট্র খনিজ তেলের জন্য এখন আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আগের মতো নির্ভরশীল নেই। তা ছাড়া পেন্টাগনের ছদ্মযুদ্ধের প্রতিপক্ষ হিসেবেও মুসলমানদের স্থলে ইতিমধ্যে আসন নিয়েছে বেইজিং। চীনের নাটকীয় উত্থান যুক্তরাষ্ট্রের পুরোনো বশংবদ অনেককে মুরুব্বি পরিবর্তনের সুযোগ দিয়েছে। এই সূত্রেই পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদদের বিবাদ। এই বিবাদে তুরস্ক ও কাতার যতটা সবলভাবে মেরুদণ্ড সোজা রাখতে পারবে, ইসলামাবাদ কতটা পারবে, সেটা প্রশ্নসাপেক্ষ। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ১১ বিলিয়ন ডলার। একদিকে নাজুক অর্থনীতি, অন্যদিকে সার্বক্ষণিক ভারতীয় সামরিক হুমকি মোকাবিলার জন্য যে জাতীয় ঐকমত্য দরকার, সেটা নেই তাদের। ফলে দীর্ঘ মেয়াদে সৌদদের সঙ্গ হারাতে পারবেন না ইমরান খান। জ্বালানি তেলের জন্যও সৌদিদের ওপর পাকিস্তানের কিছু নির্ভরতা আছে। যদিও কাতারের গ্যাস সেই নির্ভরতা কমাচ্ছে।
গত ডিসেম্বরে কুয়ালালামপুর সম্মেলনে যেতে ইমরানকে বাধা দিয়ে এবং বর্তমানে ঋণের অর্থ ফেরত চেয়ে যেকোনো মূল্যে পাকিস্তানকে নিজেদের প্রভাববলয়ে ধরে রাখতে তৎপর হবেন মুহাম্মদ বিন সালমান। ইমরান খান ঐতিহাসিক এই ‘বন্ধন’ থেকে মুক্ত হতে চাইলে তাঁকে অবশ্যই রাজনৈতিক-অর্থনৈতিক ঝুঁকি নিতে হবে।
তবে পরিস্থিতি একদম একতরফা ভারসাম্যহীন নয়। পাকিস্তানের ওপর রিয়াদের কিছু সামরিক নির্ভরতা রয়েছে। সৌদদের উদ্যোগে গঠিত ৩৯ জাতির সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোটের বড় এক শক্তি পাকিস্তান। জোটের প্রধান হিসেবেও কাজ করছেন পাকিস্তানের জেনারেল রাহিল শরিফ।
এ ছাড়া রিয়াদ পাকিস্তানকে যত দূরে ঠেলে দেবে, অস্তিত্ব রক্ষার স্বার্থেই পাকিস্তান তত ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়বে। তেহরান-ইসলামাবাদ মৈত্রী রিয়াদের জন্য দূরবর্তী এক নিরাপত্তাঝুঁকিও বটে। এদিকে তেহরান-ইসলামাবাদ সুসম্পর্ককে মদদ দেওয়ার জন্য চীন খোলামেলাভাবেই রাজি আছে বলে মনে হচ্ছে। জেনারেল বাজওয়া রিয়াদ থেকে খালি হাতে আসামাত্রই পররাষ্ট্রমন্ত্রী কোরেশিকে বেইজিং পাঠিয়ে ইমরান বার্তা দিলেন ভবিষ্যতে কী ঘটতে চলেছে। এরদোয়ান পাশে থাকলে ইমরান হয়তো দেশে কিছু ধর্মবাদী দলকেও সঙ্গে পাবেন। এভাবে সালমানের সঙ্গে পরাজয় এড়িয়ে ম্যাচ কতটা ড্র রাখতে পারেন তিনি, সেটাই দেখার বিষয়। এ ক্ষেত্রে আরেকটি দেখার বিষয়—মুসলমানপ্রধান দেশগুলোর পারস্পরিক সম্পর্কের এই ভাঙাগড়ার কতটা ছাপ পড়ে বাংলাদেশে।
আলতাফ পারভেজ: গবেষক