ইশতেহার ও জাতিসত্তাগুলোর অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কটা দিন বাকি। নির্বাচনের প্রধান ও আলোচিত রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ৫০ পৃষ্ঠাসংবলিত এবারের ইশতেহারে ‘সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা, অনুন্নত সম্প্রদায় ও পার্বত্য চট্টগ্রাম’ শিরোনামে (২২.১ ও ২২.২ ধারায়) কিছু গতানুগতিক প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের আরোপিত প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দেওয়া হয়নি। ফলে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো স্বতন্ত্র প্রার্থী দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে। এ নির্বাচনী লড়াইয়ে এ আঞ্চলিক দলগুলোর পক্ষ থেকেও নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের এবারের ইশতেহারে ২২.১ ধারায় আদিবাসী অধিকার প্রসঙ্গে বলা হয়েছে, পঞ্চদশ সংবিধান সংশোধনী পাস করে আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধানের চার রাষ্ট্রীয় মূলনীতি পুনঃপ্রতিষ্ঠিত করেছে। সব ধর্মের সমান অধিকার এবং দেশের ৪৫টি জাতিসত্তা, নৃজাতিগোষ্ঠী ও উপজাতিদের অধিকার ও মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ফলে ধর্মীয় ও নৃজাতিসত্তাগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ, মানবাধিকার লঙ্ঘনের অবসান এবং তাদের জীবন, সম্পদ, উপাসনালয়, জীবনধারা ও সংস্কৃতির স্বাতন্ত্র্য রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতা দৃঢ়ভাবে সমুন্নত থাকবে।
দেশের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে আওয়ামী লীগ তাড়াহুড়া করতে গিয়ে তাদের নির্বাচনী ইশতেহারে নিরেট সত্য কথাটি স্বীকার করে নিয়েছে, বাংলাদেশে ৪৫টি জাতিসত্তা রয়েছে। যে সত্যটি গত চার বছরেও তারা স্বীকার করেনি। মহাজোট সরকার ২০১০ সালের ১২ এপ্রিল ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’ সংসদে পাস করে নেয়, যেখানে মাত্র ২৭টি জাতিসত্তার নাম রয়েছে। এ ছাড়া এ আইনের মাধ্যমে এ দেশের অপরাপর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিচিতির সংজ্ঞাও রাতারাতি পাল্টে দেওয়া হয়েছে। সরকারি ভাষ্যমতে, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ অর্থ বিভিন্ন আদিবাসী তথা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণীর জনগণ। এই আইনের ত্রুটির কারণে বর্তমানে দেশের বহু আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। যেহেতু ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিলের তালিকায় অনেকের নাম বাদ পড়েছে, তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে ভর্তির আবেদন করতে গেলে তাঁদের নানান হয়রানির শিকার হতে হচ্ছে।
ইশতেহারের এ ধারায় আরও বলা হয়েছে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জমি, বসতভিটা, বনাঞ্চল, জলাভূমি ও অন্যান্য সম্পদের সুরক্ষা করা হবে।
আমরা একটু পেছনে ফিরে দেখি, ২০১০ সালের ১০ নভেম্বর, দ্য ফরেস্ট অ্যাক্ট-১৯২৭ (Act XVI of 1927) সংশোধনী মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। অথচ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮-এর ৫৩ ধারায় বন আইন সংশোধনের সময় আঞ্চলিক পরিষদের মতামত নেওয়া বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আঞ্চলিক পরিষদকে অবহিতও করা হয়নি। অন্যদিকে, যারা যুগ যুগ ধরে বননির্ভর জীবনযাপন করছেন, তাঁদের স্বাভাবিক দৈনন্দিন জীবিকা ও সংস্কৃতির ওপর এর বিরূপ প্রভাবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আইনে সংশোধনী আনা হয়েছে। ভবিষ্যতে যদি এ সংশোধনীসহ বন আইনটি পাস হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০, পার্বত্য চুক্তি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদ আইনের সঙ্গে এ বন আইন পুরোপুরি বিরোধাত্মক হবে। এতে করে পার্বত্য চট্টগ্রামের বন বিভাগের সঙ্গে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হবে। একই সঙ্গে বননির্ভর মানুষগুলোর ভূমি ও বনজ সম্পদের ওপর যে প্রথাগত অধিকার রয়েছে, সেগুলোও মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।
এ ছাড়া ইশতেহারে ‘ধর্মীয় ও নৃজাতিসত্তাগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ, মানবাধিকার লঙ্ঘনের অবসান...সমুন্নত থাকবে’ বলা হয়েছে। কিন্তু এ কথায় এ দেশের সংখ্যালঘুরা কতটুকু আশ্বস্ত হতে পেরেছে? পাহাড়ের মানুষেরা কি ভুলতে পেরেছে ২০১০ সালের ফেব্রুয়ারিতে বাঘাইছড়ি-খাগড়াছড়ির সাম্প্রদায়িক হামলার কথা? নাকি ২০১১ সালের ফেব্রুয়ারিতে লংগদু এবং এপ্রিলে রামগড়-মানিকছড়ির হামলা, ২০১২ সালের ৩০ মে টেকনাফের চাকমাপল্লিতে পুলিশি হামলা, একই বছরের সেপ্টেম্বরের শেষদিকে এক সপ্তাহের ব্যবধানে রাঙামাটি ও কক্সবাজারের রামুতে ধর্মীয় উপাসনালয় ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা কিংবা ২০১৩ সালের আগস্টে খাগড়াছড়ির তাইন্দংয়ের হামলার কথা ভুলতে পারবে? পাবনার সাঁথিয়ার কথা কি এত দ্রুত মন থেকে মুছে ফেলতে পারবে সংখ্যালঘুরা?
‘পার্বত্য ভূমি কমিশন’-এর কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়েছে। উল্লেখ্য, মহাজোট সরকারের শেষদিকে ভূমি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়ে সংসদে পাস করার সুযোগ থাকা সত্ত্বেও সুকৌশলে এ বিলকে আরও অধিকতর মূল্যায়নের অজুহাতে হিমাগারে পাঠিয়ে দিয়ে কার্যত ভূমি কমিশনকে স্থবির করে রাখা হয়েছে। অন্যদিকে ২২.২ ধারায় পার্বত্য চুক্তির অবশিষ্ট অঙ্গীকার ও ধারাসমূহ বাস্তবায়নের কথা বলা হয়েছে।
আওয়ামী লীগের এমন চটকদার প্রতিশ্রুতির ফুলঝুরির বিপরীতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সব স্বতন্ত্র প্রার্থীর ইশতেহারেই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে বৈরিতা দূর করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সংহতির ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ সামাজিক বিভাজন নীতির চক্রান্তকে পরিহার করে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়ন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ শরণার্থীদের পুনর্বাসন, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং দেশ রক্ষা ও উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করা, বন ও পরিবেশ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, সব দলই কিন্তু পাহাড়ি-বাঙালির মধ্যে বৈরিতা দূর করে সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়েছে, যেটি পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীল পরিস্থিতির জন্য একটি ইতিবাচক দিক।
তাই এখন অপেক্ষার পালা। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হলে ব্যালট যুদ্ধে জনতার রায় কার পক্ষে থাকে!
ইলিরা দেওয়ান: হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।
[email protected]