ইসির জবাবদিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে এটা বিস্ময়কর ঘটনা যে নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিষয়ক যেকোনো বিতর্ক শেষ পর্যন্ত তাদের পদত্যাগের দাবিতে পরিণত হয়। বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের চিন্তা-চেতনার মধ্যে এ বিষয়ে পার্থক্য দেখা যায় না বললেই চলে। কিন্তু একটি সভ্য গণতান্ত্রিক সমাজে যেকোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহির প্রশ্ন প্রধানত সাংবিধানিক সীমারেখার মধ্যেই নিষ্পত্তি হওয়া বাঞ্ছনীয় এবং সেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই করা সম্ভব।

গত ৫ জানুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনের পর প্রধান বিরোধী দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত প্রত্যাশিত ছিল। ক্ষমতাসীন দলের ভাবমূর্তির উন্নতি ঘটানো ছাড়াও ইসির জন্য তা অগ্নিপরীক্ষা ছিল। কিন্তু সেটা হয়নি। এই ব্যর্থতার দায় বিদেশে ছুটিতে থাকা সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন কিছুতেই এড়াতে পারে না। নব্বইয়ে স্বৈরাচারের পতনের পর কেন্দ্র দখল, খুনোখুনি, ব্যালট ছিনতাই যা  নির্বাচন থেকে প্রায় নির্বাসিত হয়েছিল, তা আবার ফিরে এসেছে অনেকটা নগ্নভাবে। জনসাধারণ হতাশার সঙ্গে নির্বাচন কমিশনের পাশাপাশি জনপ্রশাসনের একটি উদ্বেগজনক পশ্চাদ্মুখী যাত্রা প্রত্যক্ষ করছে।

সবচেয়ে যেটা পরিতাপের, সেটা হলো উপজেলা নির্বাচন ক্রমাগতভাবে সহিংস হয়ে উঠলেও ইসি যথাযথ পদক্ষেপ গ্রহণে আদৌ উদ্বিগ্ন ছিল বলেও প্রতীয়মান হয়নি। নির্বাচনে সেনা মোতায়েন কিংবা গুলির নির্দেশের মতো কড়া ব্যবস্থা লোক দেখানো বলেই মনে হয়েছে।

বিএনপি বোধগম্য কারণেই নির্বাচন কমিশনের পদত্যাগ এবং তাদের অধীনে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের কথা বলেছে। অন্যদিকে সরকারি দল শেষ দফা ভোটকে আগের চেয়ে সুষ্ঠু দাবি করে নিজেদের অপকর্ম আড়াল করার চেষ্টা করছে। এত দিন ক্ষমতাসীনেরা তাঁদের আমলে সাড়ে পাঁচ হাজার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার যে দাবি করে আসছিলেন, এবারে তা তাঁদের কানেই পরিহাস বলে প্রতিধ্বনিত হবে। নির্বাচনী ব্যবস্থাটি যে পুরোপুরি ভেঙে পড়েছে, গতকাল প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকার সচিত্র প্রতিবেদনই তার প্রমাণ।

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের আওতায় কেবল বিচারকদের জন্য পালনীয় আচরণবিধি কার্যকর রয়েছে। ইসির জন্য তা না থাকলেও উপজেলা নির্বাচন নিয়ে যে লঙ্কাকাণ্ড ঘটল, তাতে সিইসিসহ অন্য কমিশনারদের প্রশ্নবিদ্ধ ভূমিকা খতিয়ে দেখতে বাধা হওয়ার কথা নয়। সংবিধানমতে রাষ্ট্রপতি নিজ থেকে কিংবা জুডিশিয়াল কাউন্সিলসূত্রে প্রাপ্ত তথ্যে তদন্তের উদ্যোগ নিতে পারেন। যদিও চূড়ান্ত অর্থে এরূপ তদন্তের শুরুটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

তা সত্ত্বেও আমরা আশা করব, রাষ্ট্রপতি কিংবা জুডিশিয়াল কাউন্সিল সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। উপজেলা নির্বাচন অনুষ্ঠানে ইসির সামর্থ্য ও আচরণ প্রশ্নবিদ্ধ এবং এটা নিশ্চিত করে বলা যাবে না যে তারা সংবিধানবর্ণিত ‘গুরুতর অসদাচরণের’ জন্য দোষী হতে পারে না।