অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বিফল নির্বাচন কমিশন বিশ্বব্যাংকের দেওয়া ঋণের টাকায় এমন একটি বিদেশ ভ্রমণ কর্মসূচি তৈরি করেছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। ছবিসহ ভোটার আইডি কার্ড প্রকল্প তারা করতে পারেনি; বরং কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছিল। পরে এটা সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর বিশেষ তদারকিতে সাফল্যের সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়েছিল।
৫০০ কোটি টাকা ব্যয় করে ছবিসহ ভোটার ও আইডি কার্ড যেখানে সম্ভব হয়েছিল, সেখানে বাড়তি কতগুলো তথ্য সংযোজননির্ভর স্মার্ট কার্ড প্রবর্তনে কেন এক হাজার ৪০০ কোটি টাকা লাগবে, সেটাও বিরাট প্রশ্ন। সরকারের নীতি-নির্ধারকদেরই এর কৈফিয়ত দিতে হবে। স্মার্টফোন ও অনলাইনের সুবাদে তথ্যভান্ডার ও তথ্যের আদান-প্রদান যখন সহজ হয়েছে, তখন ব্যাপকভিত্তিক বিদেশ ভ্রমণের উদ্দেশ্য সাধু হওয়ার সুযোগ কম। তারা এমন এক সময়ে বিদেশ ভ্রমণের মহড়া শুরু করেছে, যখন বিশ্বব্যাংক বাংলাদেশে তাদের চলমান প্রকল্পগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। দেখা যাচ্ছে, আইডিয়া নামের এই প্রকল্পের আইডিয়া সুচিন্তিত ও স্বচ্ছ নয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা এই প্রকল্প গ্রহণে যথেষ্ট দ্বিধান্বিত ছিলেন বলে জানা যায়।
বাংলাদেশের আইনে এখনো স্মার্ট কার্ড প্রচলনকে বাধ্যতামূলক করা হয়নি। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করাও সহজ নয়। এর সঙ্গে মানবাধিকার ও নাগরিকের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ও সম্পৃক্ত। বিষয়টি সংসদীয় কমিটি দেখতে পারে। এই কার্ডে যেসব তথ্য সন্নিবেশ করার প্রস্তাব করা হয়েছে, তার প্রয়োজনীয়তা এবং আইনি দিক নিয়ে জোরালো ভিন্নমত রয়েছে বলেও মনে করা হয়। ২০১২ সালে বিশ্বব্যাংক নিবন্ধন আইন পর্যালোচনা করে বলেছিল, এটি মানবাধিকারের পরিপন্থী। অথচ গত দুই বছরেও এই উদ্বেগের অবসান ঘটাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। সুতরাং এই আশঙ্কা অমূলক নয় যে আইন ও বিধিতে দরকারি সংশোধন না আনলে বিশ্বব্যাংক ঋণের টাকা ছাড় নাও করতে পারে।
তিন দফায় প্রকল্প পরিচালক পরিবর্তন, বিশ্বব্যাংকের শর্ত সংগত কারণ ছাড়াই পূরণ না করা এবং আগামী জুনের মধ্যে ব্যাংকটির পক্ষে ‘দৃশ্যমান অগ্রগতি’ দেখতে চাওয়ার আলটিমেটামের মুখে ঘটা করে কর্মকর্তাদের বিদেশ সফর দুর্ভাগ্যজনকই ঠেকে। একজন বাদে সফরকারীরা সবাই প্রেষণে আসা কর্মকর্তা, কেউ টেকনিক্যাল জ্ঞানসম্পন্নও নন। আড়াই বছরে মাত্র দেড় শতাংশ অগ্রগতি ইঙ্গিত দেয় যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ ইসির হাতে থাকা নিরাপদ নয়। স্মার্ট কার্ড ব্যবহারকারীর সংখ্যা যেহেতু সীমিত হবে, তাই ঋণ গ্রহণ ছাড়াই এ প্রকল্প বাস্তবায়নের বিকল্প থাকলে তা খতিয়ে দেখা যায়। তবে তার আগে ঋণের টাকায় ঘি খাওয়া বন্ধ হোক। এই নীতি পরিত্যাজ্য।