
মাহে রমজানের সিয়াম সাধনা মুসলমানদের পারস্পরিক ইহসান, পরোপকারিতা, সহানুভূতি ও অপরের প্রতি সহমর্মিতা ও মমত্ববোধ প্রকাশ করার শিক্ষা দেয়। ‘ইহসান’ শব্দের আভিধানিক অর্থ সুন্দর ব্যবহার, উত্তম আচরণ, ভালোভাবে সম্পাদন, কষ্ট লাঘব প্রভৃতি। ইসলামের পরিভাষায় কারও সঙ্গে সুন্দর ব্যবহার করা, তার উপকার করা এবং তার প্রতি উদার আচরণ করার নামই ইহসান। মানুষের মধ্যে আন্তরিকতা, স্নেহ-মায়া-মমতা, ভালোবাসা, সৌজন্য, দয়াদাক্ষিণ্য ও বদান্যতা প্রদর্শন করাকে ইহসান বা পরোপকারিতা বলা হয়।
ইহসানের মতো মহৎ গুণ ব্যতীত প্রকৃত ইমানদার হওয়া যায় না। মাসব্যাপী রোজার প্রশিক্ষণ মানুষকে পুণ্য ও ইহসানের দিকে পরিচালিত করে। রোজা রাখার মধ্য দিয়ে ধনী ব্যক্তি গরিবের ক্ষুৎপিপাসার জ্বালা উপলব্ধি করতে পারেন। রোজার দ্বারা গরিব, দুঃখী ও অভাবী মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও মমত্ববোধ সৃষ্টি হয়। ফলে রোজাদার মুমিন বান্দার অন্তর বিগলিত হয়ে যায় এবং তিনি দরিদ্রের প্রতি ইহসান বা দয়া প্রদর্শন করেন। এভাবে রোজাদারের আচার-আচরণে সংযম, সহানুভূতি, ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, পরোপকার ইত্যাদি মহত্ত্বের বহিঃপ্রকাশ ঘটে।
দয়াদাক্ষিণ্য ও পরোপকারিতা থেকে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা অর্জিত হয় এবং সামর্থ্যবান রোজাদার সমাজের গরিব-দুস্থদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পারস্পরিক স্নেহ-মমতা, ভালোবাসা ও সহমর্মিতার দিক থেকে ইমানদারদের উদাহরণ হলো একটি দেহের মতো। এর একটি অঙ্গ যদি ব্যথাপ্রাপ্ত হয়, তাহলে সারা দেহ অনিদ্রা ও জ্বরে কাতর হয়ে পড়ে।’ (মুসলিম)
মাহে রমজানে রোজা মানুষকে পিতা-মাতা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, অতিথি, দুস্থ, এতিম সবার সঙ্গে পরোপকার, সহানুভূতি ও অপরের প্রতি মমত্ববোধ ও সৌজন্যমূলক আচরণ করার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা ইহসান করো, কেননা আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন।’ (সূরা আল-বাকারা, আয়াত ১৯৫) আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা পিতা-মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, নিকট আত্মীয়দের, এতিম-মিসকিনদের, নিকটস্থ প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীদের, বন্ধুবান্ধব ও পথিকদের প্রতিও সুন্দর ব্যবহার করবে।’ (সূরা আন-নিসা, আয়াত: ৩২)
মাহে রমজানের মতো অন্যান্য সময়ও নিজের ধনসম্পদ, টাকাপয়সা, জ্ঞানবুদ্ধি, শারীরিক শক্তি, মুখের কথা দ্বারা—মোট কথা, যেকোনো উপায়ে মানুষ একে অন্যের প্রতি ইহসান প্রদর্শন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে। ইহসান অবলম্বনকারী রোজাদার ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন। সমাজে যদি একে অপরের প্রতি ইহসান ও দয়া প্রদর্শন করা না হয়, তাহলে অশান্তি সৃষ্টি হবে। মানবসমাজ ছাড়াও প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গের প্রতিও ইহসান করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আকাশের অধিবাসী (আল্লাহ) তোমাদের প্রতি ইহসান করবেন।’ (তিরমিজি)
ইহসান ও পরোপকারিতার মাধ্যমে রোজাদার ব্যক্তির মানসিক ও নৈতিক চরিত্রের উন্নতি হয়। আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে সিয়াম সাধনার জন্য ইহসান দরকার। ইহসানই মানুষকে সৃষ্টিজগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে। মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা করলে অবশ্যই নিঃস্ব-নিরীহ দারিদ্র্যপীড়িত শ্রমজীবী মানুষের প্রতি ইহসান করা বাঞ্ছনীয়। তাই রোজাদারদের অধীনস্থ কর্মচারী, চাকর-বাকরদের দায়িত্ব ও কাজের বোঝা কমিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি সাধ্যাতীত কর্মঘণ্টা চাপিয়ে অধিক কষ্ট দেওয়া অনুচিত ও অমানবিক। পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ‘উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?’ (সূরা আর-রাহমান, আয়াত: ৬০)
সিয়াম সাধনার মাধ্যমে রোজাদারের মধ্যে ইহসান ও পরোপকারিতার মতো তাকওয়া, সবর, আদল প্রভৃতি সৎ গুণাবলি সৃষ্টি হয়ে থাকে। মানুষ একে অন্যের স্নেহ-মমতা ও ভালোবাসা লাভ করতে চায়। পারস্পরিক ইহসান প্রদর্শনের মাধ্যমে একে অন্যের স্নেহ ও ভালোবাসা লাভ করতে পারে। পক্ষান্তরে মানুষ যদি একে অপরের প্রতি দুর্ব্যবহার, গালমন্দ, পরচর্চা, পরনিন্দা, অসদাচরণ করে, তাহলে ভালোবাসা অর্জনের পরিবর্তে তিক্ততার সৃষ্টি হয়। সামাজিক অনাচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধে পরোপকারের কোনো বিকল্প নেই—এটাই ইসলামের মহান শিক্ষা। তাই হাদিসে বলা হয়েছে, ‘রোজা একটি ঢালের মতো, সুতরাং যে ব্যক্তি রোজা পালন করবে, ঝগড়া-বিবাদ থেকে তার বিরত থাকা উচিত। কেউ তাকে গালিগালাজ করলে বা তার সঙ্গে ঝগড়া-বিবাদ করতে উদ্যত হলে পরিষ্কারভাবে তার বলে দেওয়া উচিত, ‘আমি রোজাদার’।
পরোপকার রোজাদার মুমিন বান্দার অন্যতম সৎ গুণ, সমাজে এর বড়ই অভাব দেখা যায়। রোজার বরকতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, মমত্ববোধ ও পারস্পরিক হূদ্যতা সৃষ্টি হয়। মাহে রমজানে পরোপকারী ও ইহসানকারী যে শুধু অপরের উপকার সাধন করেন তা-ই নয়, বরকত দ্বারা তিনি নিজেও উপকৃত হন। কেননা ইহসান করলে পরস্পরের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা সৃষ্টি হয়। সমাজে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা যদি ইহসান করো, তাহলে যেন তোমাদের নিজেদের প্রতিই ইহসান করলে, আর যদি তোমরা অপরের অনিষ্ট সাধন করো, তাহলে তোমাদেরও অনিষ্ট হবে।’ (সূরা বনি ইসরাইল, আয়াত: ৭)
সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ভালোবাসা লাভ এবং সমাজে সুখ-শান্তি, স্নেহ, মায়া, মমতা ও সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার জন্য পারস্পরিক ইহসান ও পরোপকারিতার মহৎ গুণটি আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে দান করুন!
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ বিভাগ, ধর্মবিজ্ঞান অনুষদ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়।
[email protected]