হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে জনগণ উদ্বিগ্ন সন্দেহ নেই। ঈদের ছুটিতে যাঁরা বাড়ি যাবেন, যাঁরা আগেই ফিরে আসার টিকিটও নিয়েছেন, তাঁরা ভীষণ বিপদে পড়বেন। যে দলটি নিজেদের ইসলামের দরদি বলে দাবি করে, সেই দলটি কীভাবে ঈদের পরপরই এ রকম একটি কর্মসূচি দিতে পারে? এই ধৃষ্টতা অমার্জনীয়। তবে জনগণের আরও বেশি উদ্বেগের কারণ হলো, ঈদের পরবর্তী রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা। ইতিমধ্যে ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা পরস্পরের প্রতি হুংকার ও পাল্টা হুংকার ছুড়ে দিয়েছেন। একপক্ষ বলেছে, ঈদের পর সবকিছু অচল করে দেওয়া হবে। অপরপক্ষ কঠোর হাতে বিশৃঙ্খলা দমনের ঘোষণা দিয়ে রেখেছে। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদী হলেও সেই নির্বাচন কীভাবে হবে, সেই বিষয়ে তারা একমত হতে পারছে না। যে যার অবস্থানে অনড় রয়েছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে জঙ্গিবাদী গোষ্ঠীর আবার মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে গণমাধ্যমে খবর এসেছে, বিদেশি জঙ্গি বাংলাদেশে নাশকতার ঘটনা ঘটাতে পারে। আগামী নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা ও উদ্বেগ আছে, তা কাটানোর দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বেরই, যাঁদের একাংশ ক্ষমতায় আছে, আরেক অংশ ক্ষমতাপ্রত্যাশী। ২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সেই দায়িত্ব পালন করেনি বলেই এক-এগারোর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এবারে আওয়ামী লীগ নেতৃত্বের সামনে অগ্নিপরীক্ষা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাত দিনের মধ্যে সমস্যার সমাধান হতে পারে বলে যে ইঙ্গিত করেছেন, দেশবাসী বাস্তবেই তা দেখতে চায়। ঈদের পর বিরোধী দলের কঠোর কর্মসূচি দেওয়ার আগেই সরকার এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে পারে। আমরা মনে করি, নির্বাচন নিয়ে জটিলতাসহ সব জাতীয় সমস্যারই সমাধান হতে হবে আলোচনার মাধ্যমে।
বর্তমানে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা চলছে, তার মূলে রয়েছে নির্বাচন কীভাবে এবং কোন সরকারের অধীনে হবে, সেই বিতর্ক। এর সমাধান রাজনৈতিক নেতৃত্বকেই খুঁজে বের করতে হবে। তাদের প্রতি সব ধরনের আস্থা ও বিশ্বাস রেখেও যে কথাটি বলতে চাই, তা হলো সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে; যা করার এখনই করতে হবে।