ঈদের সপ্তাহে বিরাট সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলবোর্ড
বিলবোর্ড

একেবারে প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষকের হিসাবের সপ্তাহ, অর্থাৎ রোববার থেকে শনিবার তক সাত দিন হিসাব করলে আমাদের এ লেখার হিসাব মিলবে না। মাস্টার মশাই নির্ঘাত ফেল করাবেন। অধমের সপ্তাহ বড় দাগের। ঈদের একটু আগে আর একটু পরে তা সাত দিন হতে পারে, হতে পারে ১০ দিন। এসব দিন নিয়ে ঈদের সপ্তাহ। সপ্তাহটার শুরু ঈদের তিন-চার দিন আগে। ঈদ হলো ৯ তারিখে। চলল আরও দুই দিন, অর্থাৎ আগস্ট মাসের ১০ ও ১১ তারিখ তক। অবশ্য সরকারি হিসাবে অফিস খুলেছে ১১ তারিখ। ঈদের পর অফিস খোলার দিনই যে বাঙালি মুসলমানকে অফিসে আসতে হবে, এমন কথা কোনো হাদিসে আছে বলে জানা নেই। ধীরে-সুস্থে দুই-চার দিন পর আসবেন। এসব দিন মিলিয়েই ঈদের সপ্তাহ। বড় দাগে।
ঈদের সপ্তাহের শুরুতেই চারদিকে হইহই-রইরই। ঢাকাজুড়ে সরকার তার সাড়ে চার বছরের জীবনের সাফল্যগাথা ঝুলিয়ে দিয়েছে পথ-ঘাটে, আমাদের সবার চোখের সামনে। দুর্মুখের ভাষায়, ঢাকা শহরের সব বড় বিলবোর্ড চলে গেল সরকারের সাফল্যগাথার দখলে। বলা বাহুল্য, একেবারে সব কটি নয়, কিছু বিলবোর্ড রেহাই পেয়েছে। মোদ্দাকথা, ঢাকা শহরের বড় বিলবোর্ডগুলোর বিরাট অংশ সরকারের সাফল্যগাথায় উদ্ভাসিত হয়ে পড়ল এই ঈদ মৌসুমে।
বিগত বিএনপি সরকার কত কম কাজ করেছে আর এই সরকার কত বেশি করেছে, সেদিকে বিশেষ কেউ নজর দিল না। বরং সবাই প্রশ্ন তুলতে শুরু করল, কার বিলবোর্ডে কে কীভাবে এত সব সাফল্যগাথা সেঁটে দিল। যারা এগুলো ভাড়া করেছিল নিজেদের পণ্যের বিজ্ঞাপনের জন্য এবং টাকাপয়সা খরচ করেছিল, তাদের সেসব বাণিজ্যিক চুক্তির কী হলো। তাদের চুক্তি কি বাতিল করল? আরও বড় কথা, কেউ কি তাদের কিছু আদৌ জিজ্ঞাসা করেছিল কি না। সরকারি গুণগানের জন্য বিলবোর্ডের ভাড়ার টাকা কে দিল, কাকে দিল, কীভাবে দিল। আরও হাজারো প্রশ্ন। চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে কি এমন নতুন একটা উপসর্গ যোগ হলো—বিলবোর্ড দখলবাজি। ইত্যাদি, ইত্যাদি।
ঈদের রাতে যাঁরা ঢাকায় ছিলেন, অর্থাৎ গ্রামের বাড়ি যাননি, তাঁদের অনেকে বাসায় পরিবার ও নিকট আত্মীয়স্বজন মিলেমিশে একসঙ্গে খাওয়াদাওয়া করেছেন। এসব ঘরোয়া দাওয়াতে সরকারের ঈদের এই ‘বিলবোর্ড উপহার’ কেউ গ্রহণ করেছে বলে মনে হয় না। ঢাকা শহরের বর্তমান ১০ শতাংশ সরকারের কট্টর সমর্থক-বাসিন্দা ছাড়া।
অধম অবশ্যই গুনে দেখিনি—৮ শতাংশ না ২০ শতাংশ, নাকি ১০ শতাংশ। এটা স্রেফ ধারণা। কেউ যদি বলে যে ধারণাটা ভুল, তাহলে তার সঙ্গে তক্ক করব না। সবার ধারণার স্বাধীনতা আছে। যেমন প্রধানমন্ত্রীর আজকাল প্রায় বোধ হয় ধারণা হচ্ছে, দেশে অসাংবিধানিক সরকার এসে পড়ল বোধ হয় অথবা আসতে পারে অথবা আসার পাঁয়তারা হচ্ছে অথবা আনার বা আনানোর ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন শব্দ, ভাষা বা আশঙ্কার কথা ব্যক্ত করেন। অর্থাৎ এটা নির্ঘাত তাঁর ধারণা। তাই বলছিলাম, সবার ধারণার স্বাধীনতা আছে।
সরকার ও সরকারি দলের প্রধান সমস্যা হলো, তারা মনে করে জনগণ ফ্লাইওভার, বিদ্যুৎ ইত্যাদি পেলেই খুশি হবে। আইনের শাসন সম্পর্কে জনগণের তেমন কোনো মাথাব্যথা নেই। এখানেই বিকট ভুল, জনগণ ফ্লাইওভার, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, ঈদে যানজটহীন বাড়ি যাওয়া, কম দামে জিনিসপত্র কেনা—এসব কিছুই চায়। কিন্তু চায় আইনের শাসনের কাঠামোর মধ্যে।
সরকারের সাফল্য নিঃসন্দেহে আছে। কিন্তু এই সাফল্যের বয়ানটা আইনসিদ্ধ হয়নি। বিলবোর্ড দখল করে সাফল্যগাথা গাইবেন আর জনগণ তা দেখে-পড়ে বাহবা দেবে, সেদিন এখন আর নেই। সবাই দেখবে এটা আইনসিদ্ধ হয়েছে কি না। যেহেতু জনমনে ধারণা জন্মেছে যে এটা ‘বিলবোর্ড দখল’, সেহেতু সাফল্যের বয়ান কেউ শোনেনি। প্রায় সবাই সমালোচনা করেছে ‘বেআইনি’ কাজটাকে। বেচারা সরকার আর সরকারি দল। সম্পূর্ণ ভাষাহীন বা নির্বাক। কোনো ব্যাখ্যা-বিবৃতি চোখে পড়েনি বা কানে শুনিনি। বিলবোর্ডগুলোয় সরকারের সাফল্যগাথা যত বেশি দিন ঝুলবে, সরকারি দলের জনসমর্থন তত দিন ধরে কমবে।

দুই.
আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার করে সরকার একসঙ্গে চার-চারটা সাফল্য অর্জন করেছে। এত দিন সবাই বলতাম—এক ঢিলে দুই পাখি। এ সরকার দেখাল—এক ঢিলে চার পাখি।
প্রথমত, ইদানীংকালে আন্তর্জাতিক মানবাধিকার মানচিত্রে আমাদের, অর্থাৎ বাংলাদেশের অবস্থা ছিল বেশ নিষপ্রভ বা ম্রিয়মাণ। র‌্যাব মানুষ হত্যা বেশ কমিয়ে দিয়েছে ঈদের সপ্তাহের মিল্কি হত্যাকাণ্ডের জের ধরে একই রাতে দুটি হত্যাকাণ্ড ছাড়া। আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করে সরকার আবার সারা বিশ্বকে মনে করিয়ে দিল যে এ দেশে মানবাধিকার লঙ্ঘন একটা চলমান ব্যাপার। সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন মানচিত্রে আমাদের স্থান আবার উজ্জ্বল করল সরকার।
দ্বিতীয়ত, আদিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সারমর্ম হলো, অধিকারের দাবি হেফাজতের ৬১ জন সদস্য শাপলা চত্বরে নিহত হওয়া। নারীদের ব্যাপারে আল্লামা শফীর উদ্ভট বক্তব্যের পর হেফাজত ভীষণভাবে কোণঠাসা হয়ে পড়েছিল। প্রায় সবাই তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করছিল। এখন আদিলুর রহমানকে গ্রেপ্তার করে শাপলা চত্বরে হেফাজতের মানুষ নিহত হওয়ার বিষয়টিকে সরকার আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। যতদূর মনে পড়ে, ঘটনার এক দিন পর বা সেদিনও হতে পারে, এম কে আনোয়ার বলেছিলেন দুই থেকে তিন হাজার মানুষ হত্যার কথা। গ্রামেগঞ্জে রটে গিয়েছিল হাজার হাজার মানুষ মারা যাওয়ার কথা। এত দিনে অনেকেই সরকারের হত্যাকাণ্ড না হওয়ার দাবিটা যৌক্তিক বলে মনে করা শুরু করেছিলেন। অনেকে না হলেও কিছু লোক। কিন্তু এখন সরকার আবার পুরোনো বিতর্কটাকে উসকে দিল। এখন বিতর্ক হবে, ৬১ না ৬০০, নাকি ছয় হাজার।
সরকারের তৃতীয় সাফল্য হলো, আদিলুর রহমান খানের প্রতি সবার সমবেদনা তৈরি করা। এখন আর কেউ মনেই করবে না যে তিনি কোনো দোষ করেছিলেন। রাত ১০টায় গ্রেপ্তার না করে দিনে গ্রেপ্তার করা, জামিন দেওয়া, রিমান্ডে না নেওয়া—ইত্যাদি হলে অন্তত দুই-চারজন মনে করলেও করতে পারত যে তিনি মানবাধিকারের নামে কোনো খারাপ কাজ হয়তো করে থাকলেও করতে পারেন।
এখন সরকার যতই যুক্তি দেখাক, অধমের মতো কেউই বিশ্বাস করবে না যে আদিলুর রহমান কোনো খারাপ কাজ করেছিলেন। অর্থাৎ সরকারের তৃতীয় সাফল্য হলো আদিলুর রহমান খানের মানবাধিকারসংক্রান্ত কাজের জন্য বিশ্বের স্বীকৃতি আদায় করে দেওয়া। তিনি অনেক দিন ধরে অধিকারের সঙ্গে যুক্ত, কাজ করছিলেন বেশ, স্বীকৃতিও পাচ্ছিলেন। তবে এ যাত্রায় সরকার তাঁর কাজের আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি নিশ্চিত করল। এই স্বীকৃতির শুরুটা দেশে বসেই সবাই দেখতে পাচ্ছি। তাঁর গ্রেপ্তার টেলিভিশনের খবরের প্রথম বা প্রধান হেডলাইন। সব পত্রিকায় বিস্তারিত রিপোর্ট। দুটো ইউরোপীয় দেশের কূটনীতিকদের আদালতে উপস্থিত ইত্যাদি।
চতুর্থ সাফল্য—থাক, একটু পরে জানাব।

তিন.
প্রায় এক যুগ আগে একটা মামলা করেছিলাম রিমান্ড নিয়ে। তার কিছু আগে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র রুবেলকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছিল। রুবেলকে পুলিশ গ্রেপ্তার করার পর তাঁর বাসায় নিয়ে এসেছিল। বাসায় কিছু পায়নি। আবার পুলিশ ভ্যানে উঠিয়ে থানায় ফেরত নেওয়ার আগে রুবেলকে তাঁর বাসার সামনে রাস্তায় সবার সামনে পুলিশ পিটিয়েছিল। যতদূর মনে পড়ে, ওই দিনই পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। সম্ভবত আরও অত্যাচারের পর। ২০০৩ সালে রিমান্ড-সংক্রান্ত সেই মামলায় (ব্লাস্ট বনাম বাংলাদেশ) হাইকোর্ট রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কিছু নীতিমালা বা নির্দেশনা নির্ধারণ করে দেন।
সেই মামলার রায়ের নির্দেশনা অনুযায়ী গত ১০ বছরে একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাই কেবল রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ব্লাস্ট বনাম বাংলাদেশ মামলা অনুযায়ী সুযোগ-সুবিধা পেয়েছিলেন। পাঠকদের নিশ্চয়ই মনে আছে যে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী কেবল ১০টা থেকে পাঁচটার মধ্যে অভিযুক্তের আইনজীবী-আত্মীয়ের উপস্থিতিতে ধানমন্ডির ‘সেফ হাউসে’ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
আবদুল আলীম না কাকে যেন রিমান্ডের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁর নিজ বাসগৃহে।

চার.
বিচিত্র এই দেশ। সরকার নিরীহ মানুষকে হত্যা করেছে, সেটা দাবি করার জন্য মানবাধিকারকর্মীকে পাঁচ দিনের অন্ধকার রিমান্ডে দেওয়া হয়! অথচ মানবতাবিরোধীদের হাইকোর্টের রায় অনুযায়ী সভ্য দেশের অভিযুক্ত ব্যক্তিদের মতো সবার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়।
সব মিলিয়ে ঈদের সপ্তাহটা সরকারের জন্য খুব ভালো গেছে। অর্থাৎ ধরে নেওয়া অর্বাচীন; যখন কুড়ালাঘাত করে, তখন কুড়ালটা মারে নিজের পায়েই। আর এই সরকারের এবং সরকারি দলের যোগ্যতা ও দক্ষতা অনেক বেশি। তাদের একটি কুড়ালাঘাতও লক্ষ্যভ্রষ্ট হয় না। প্রতিটি পড়ে নিজের পায়ে। মারহাবা।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, শিক্ষক, ব্র্যাক স্কুল অব ল।