বেশ কয়েক বছর ধরে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেশ ভালো হচ্ছিল। আগের বছরের তুলনায় পরের বছরের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়ছিল। উভয় ক্ষেত্রে প্রতিবছর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছিল। ফল ভালো হওয়ার এই প্রক্রিয়াকে যদি শিক্ষায় ধারাবাহিক উন্নতি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে সেই ধারাবাহিকতায় একটা ছন্দপতন ঘটেছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা এবার কমে গেছে। এটা অপ্রত্যাশিত বটে, কিন্তু এ জন্য হতাশ হওয়ারও কারণ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সুরে বলেছেন যে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল খারাপ হয়েছে বিরোধী দলগুলোর হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে। আমাদের মনে হয়, এই বক্তব্যের কিছু বাস্তব ভিত্তি থাকতে পারে, কিন্তু এটাই প্রধান বা একমাত্র কারণ নয়। পরীক্ষার্থী, শিক্ষক ও বিশ্লেষকদের বক্তব্য থেকেও আরও কয়েকটি কারণের কথা জানা গেল। প্রথমত, এবারের পরীক্ষায় নতুন করে আরও তিনটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়েছে, যার মধ্যে বাংলা ও রসায়নশাস্ত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে কঠিন বলে মনে হয়েছে। এ বিষয়গুলোতে সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করা ও তা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের পূর্বাভিজ্ঞতা ছিল না, এ বিষয়ে তাঁদের কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি। এখানে উত্তর লেখা এবং উত্তরপত্র মূল্যায়ন—উভয় ক্ষেত্রেই কিছু সমস্যা হয়েছে। তবে ফল খারাপ হওয়ার পেছনে যে কারণটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তা হলো উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের প্রতি ‘উদারতা’ দেখানোর কোনো নির্দেশনা বা পরামর্শ এবার ছিল না। আগের বছরগুলোয় ফল ভালো হওয়ার একটা বড় কারণ ছিল শিক্ষকদের প্রতি ‘উদারভাবে’ খাতা দেখার অনানুষ্ঠানিক নির্দেশনা। এ নিয়ে সমালোচনা হয়েছিল বলে এবার সে রকম নির্দেশনা ছিল না।
উত্তরপত্র মূল্যায়নে উদারতা দেখানোর ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বৃদ্ধি প্রকৃতপক্ষে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষণ নয়, বরং তার উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের সূচক বৃদ্ধির নীতিকৌশল আমাদের মানবসম্পদ উন্নয়নের বাহ্যিক চিত্রটাকে উজ্জ্বল করতে পারে বটে, কিন্তু তাতে যোগ্য ও দক্ষ লোকবল এবং জ্ঞানানুরাগী নাগরিকের সংখ্যা সম্ভবত বাড়ে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত শিক্ষার গুণগত মান, শুধু পরীক্ষায় বেশি নম্বর ও ভালো ডিগ্রি নয়। বেশি নম্বর পাওয়া অবশ্যই আনন্দদায়ক, কিন্তু তা যেন শিক্ষার গুণগত মানে ছাড় দিয়ে অর্জিত না হয়, সেটা নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে, হরতালসহ নানা রাজনৈতিক কর্মসূচির ফলে শিক্ষাজীবন যে ব্যাহত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষার ফলাফলেও তার প্রতিফলন ঘটা স্বাভাবিক। তাই রাজনৈতিক দলগুলোকে শিক্ষার্থীদের ভালো-মন্দের বিবেচনাটি মাথায় রেখে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারেরও গঠনমূলকভাবে দায়িত্ব পালন জরুরি।