বাংলাদেশে বিদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার প্রতিষ্ঠার সুযোগ দিয়ে সম্প্রতি যে বিধিমালা গৃহীত হয়েছে, তার ফলে বেসরকারি খাতের উচ্চশিক্ষায় কিছু গুরুতর সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে৷
প্রথমত, বাংলাদেশে কোনো দেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমতি নেই। তাহলে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমতি দেওয়ার যুক্তি কী? দেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ করার নৈতিক অধিকার কি সরকারের আছে?
দ্বিতীয়ত, দেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এমনিতেই ভালোভাবে চলছে না; বিশেষত ঢাকার বাইরের অন্তত ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকট শিক্ষার্থী-সংকট চলছে৷ অথচ এই বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে দেশি উদ্যোক্তারা ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। এই অবস্থায় বিদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার অর্থ দেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী-সংকট আরও বাড়িয়ে তোলা। দেশি উদ্যোক্তাদের বিপুল পরিমাণ বিনিয়োগকে বিরাট ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।
তৃতীয়ত, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। এখন এই দেশে বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার চালু হলে তারা এ দেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারবে। অথচ তার বিনিময়ে বাংলাদেশের শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা লাভ করবে, এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ, বিদেশ থেকে ভালো বা নামকরা বিশ্ববিদ্যালয়গুলো এ দেশে তাদের শাখা প্রতিষ্ঠা করবে, বিদেশ থেকে ভালো শিক্ষক এনে কিংবা এ দেশের ভালো শিক্ষকদের নিয়োগ দিয়ে উন্নত মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে—এমন সম্ভাবনা নেই বলে শিক্ষাবিদদের অনেকেই মন্তব্য করেছেন। বরং এই সুযোগে ভুঁইফোড়, তৃতীয় শ্রেণির বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো এ দেশে শাখা খুলবে, ব্যাঙের ছাতার মতো স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা হবে। সেগুলো উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে পারবে না, বরং কার্যত সনদ বিক্রির ব্যবসায় মেতে উঠবে। তাদের কোনো দায়িত্বশীলতা কিংবা সুনামের বালাই থাকবে না, অর্থ উপার্জনই মুখ্য উদ্দেশ্য হিসেবে কাজ করবে। বাংলাদেশের বাস্তবতায় এ রকম আশঙ্কা মোটেও অমূলক নয়।
বিধিমালাটিতে যদি এমন সুযোগ থাকত যে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে এসে স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারবে, তাহলে সেটা এই অর্থে একটা সম্ভাবনার পথ উন্মুক্ত করত যে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষাদান ব্যবস্থার অবকাঠামো গড়ে তুলবে। কিন্তু সে রকম কোনো সুযোগ না রেখে বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা ও স্টাডি সেন্টার প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ফল নেতিবাচক হওয়ার আশঙ্কা অত্যন্ত প্রবল।
সংশ্লিষ্ট বিধিমালাটির বাস্তবায়ন স্থগিত রেখে পুনর্বিবেচনা করা হোক। আর যদি তা একান্তই বাস্তবায়ন করতে হয়, তাহলে অত্যন্ত কঠোরভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তা করতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।