উচ্চশিক্ষায় বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ। এ রকম একটি দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যার সনদ সারা বিশ্বে সমাদৃত। এ বোর্ডের ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজির হাজার হাজার শিক্ষার্থী স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয়ের ওপর ডিপ্লোমা এবং দেশে-বিদেশে সেবা দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজির অধীনে সব টেকনোলজি যেমন ফিজিওথেরাপি, ডেন্টাল, ল্যাবরেটরি ইন্টিগ্রেটেড মেডিসিন টেকনোলজির পাস করা ছাত্রছাত্রীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিসিন হচ্ছে আধুনিক আকুপাংচার, ফিজিওথেরাপি ও মেডিসিনের সমন্বিত একটি চিকিৎসাব্যবস্থা, যার মাধ্যমে অটিজম, সেরিব্রাল পলসি, মৃগী, পারকিনসন্স, প্যারালাইসিস, ডেফনেস, অপটিক এট্রপি, বেলস পলসি, আর্ব পলসি, ডায়াবেটিস, যেকোনো বাতব্যথা, ঘাড়ে-কোমরে ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা সম্ভব, যা শুধু ফিজিওথেরাপি কিংবা মেডিসিনে সম্ভব নয়।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চিকিৎসাবিজ্ঞানে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পুনর্বাসন ও চিকিৎসায় ইন্টিগ্রেটেড মেডিসিন টেকনোলজির ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শুধু তা-ই নয়, যেখানে ফিজিওথেরাপি ও মেডিসিন সম্পূর্ণ ব্যর্থ, সেখানে ইন্টিগ্রেটেড মেডিসিন সফলতা দেখিয়েছে। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপির ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হতে পারছেন এবং ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিসিন ডিপ্লোমা ইন ফিজিওথেরাপির সম্পূর্ণ সিলেবাস অতিরিক্ত বিষয়সহ পড়েছেন।
অথচ তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হতে পারছেন না। যদিও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিসিন ও ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স দুটি সমমান এবং উভয় কোর্সধারীকে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তির যোগ্য বলে বিবেচনা করেছে। এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার যোগাযোগ করা হলেও দীর্ঘ নয় মাসে কোনো ব্যবস্থা গৃহীত হয়নি।
ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিসিন টেকনোলজির পাস করা ছাত্রছাত্রীদের বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তির ব্যবস্থা গ্রহণে কালক্ষেপণ না করে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে শিক্ষামন্ত্রী, সরকারপ্রধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।
এম কে পারভেজ
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইন্টিগ্রেটেড মেডিসিন সোসাইটি।