উত্তরা ইপিজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ছয়টি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। পরিকল্পিত শিক্ষা ছাড়া কোনো দিন জাতির উন্নতি সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে শিক্ষিতের হার কম। আবার ছাত্রদের ঝরে পড়া, শিশুশ্রম, বাল্যবিবাহসহ নানাবিধ সমস্যা। সম্প্রতি আমাদের এলাকায় তথা নীলফামারী জেলার সদর থানার সংগলশী ইউনিয়নে শিশুশ্রম একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। জীবাণুর মতোই এটি আমাদের এলাকায় সংক্রমিত হচ্ছে। ফলে আমাদের এলাকাসহ আশপাশের এলাকার লেখাপড়ার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আমরা জানি, ইপিজেড চালু হয়ে এই এলাকাসহ আশপাশের এলাকার বেকার সমস্যার অবসান হয়েছে। কিন্তু অন্যদিকে আরেকটি সমস্যার উদয় হয়েছে। এখন আমাদের এলাকার অনেক শিশু কোনো রকম প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিক শিক্ষা শুরু করতে না করতেই পড়াশোনায় ইতি টানছে এবং ইপিজেডে শ্রমিক হিসেবে যোগ দিচ্ছে। আর ইপিজেডে অবাধে ১৮ বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। স্থানীয় বাজারগুলোয় অল্প টাকার বিনিময়ে নকল পরিচয়পত্র, অষ্টম শ্রেণী পাসের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়।
অন্যদিকে, বেপজা কর্তৃপক্ষও কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিয়োগ দানের সুযোগ দিচ্ছে। এ কারণে এখানকার অনেক ছাত্রছাত্রীই এখন শ্রমিক হিসেবে কর্মরত। এ জন্য একদিকে যেমন দেশের শিক্ষার হার কমছে, অন্যদিকে অশিক্ষিত জনসমাজ গড়ে উঠছে। ইপিজেডের এই নিয়োগ-প্রক্রিয়ার অনিয়ম ও প্রয়োজনীয় বিধিনিষেধ উপেক্ষা করা বর্তমানে আমাদের এলাকার শিক্ষার ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই প্রয়োজনে ছাত্র-শিক্ষক, অভিভাবক, প্রশাসন, সরকারি ও বেসরকারি দলের সব নেতা-কর্মীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তখনই এই সমস্যা সমাধান করা সম্ভব।
তাপস রায়
সোনারায় সংগলশী ডিগ্রি কলেজ, নীলফামারী।