অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের যে ভূমিকা ও প্রয়োজনীয়তা, ক্ষমতাসীনেরা তা সম্পূর্ণ অস্বীকার করতে চাইছে। কার্যকর বিরোধী দল ছাড়া সংসদীয় তো বটেই, কোনো গণতান্ত্রিক শাসনব্যবস্থাই টিকে থাকতে পারে না। ৫ জানুয়ারির নির্বাচনের আগে আন্দোলনের নামে বিএনপি যতটা উগ্র ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিল, তা সাম্প্রতিক কালে দেখা যায় না। এমনকি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচি পালন করতে গিয়ে তারা সরকারবিরোধী স্লোগান না দিয়ে সংযমের পরিচয় দিয়েছে। তারা মুখে যা-ই বলুক না কেন, অবিলম্বে নির্বাচন বা সরকারের পদত্যাগের ব্যাপারে তেমন চাপ দিচ্ছে বলে প্রতীয়মান হয় না।
এ রকম একটি পরিস্থিতিতে এক দিনে বিএনপির ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, গত সাত মাসে বিএনপির কয়েক শ নেতা-কর্মীকে অভিযুক্ত করে ৭০টি অভিযোগপত্র দাখিলের ঘটনা সরকারের অসহিষ্ণু মানসিকতারই পরিচায়ক। এটি গণতান্ত্রিক শাসন ও ন্যায়বিচারের প্রতি হুমকি বৈ কিছু নয়। বিএনপি সরকারের বিরুদ্ধে পদ্ধতিগত দমন–পীড়ন চালানোর যে অভিযোগ তুলছে, এসব উদাহরণ তাকেও গ্রহণযোগ্যতা দিচ্ছে। যত বিলম্বেই হোক, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সংলাপ দরকার হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন রাজনৈতিক ব্যবহার আইনশৃঙ্খলার উন্নয়নের পরিবর্তে অবনতি ঘটানোর আশঙ্কাই বেশি।
ক্ষমতার রাজনীতির বাইরে জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের পাশে থাকার কথা সব সময়ই বলে আসছে। কিন্তু ৩০ লাখের বেশি মামলা বিচারাধীন থাকার দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো একজন নেতাকে যখন ৪৭ মামলায় আসামি করা হয় এবং তাঁর বিরুদ্ধে একযোগে ১৯ মামলার বিচার চলতে শুরু করে, তখন সরকারের উদ্দেশ্য সন্দেহাতীতভাবে প্রশ্নবিদ্ধ হয়। রাষ্ট্রযন্ত্র দিয়ে নয়, ক্ষমতার বৈধ রাজনৈতিক প্রতিপক্ষকে বৈধ রাজনৈতিক কৌশলেই মোকাবিলা করতে হবে। ভীতি প্রদর্শন ও হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। রাগ-অনুরাগের বাইরে বিএনপির সঙ্গে আইনানুগ আচরণ করাই সংবিধানের নির্দেশ।