উদ্বেগ-উত্কণ্ঠায় জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সন্ত্রাসে সমাজের স্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা কিনা পেশাদার অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এ দুইয়ের সঙ্গে যদি যুক্ত হয় ধর্মের নামে জঙ্গি তত্পরতা, তাহলে পরিস্থিতি যেকোনো সময় আশঙ্কাজনক রূপ নিতে পারে।
গত কয়েক মাসে দেশে বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। প্রথমত, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে হানাহানি সংবাদমাধ্যমে প্রায় দৈনন্দিন আলোচনার বিষয় হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবারের সংবাদপত্রগুলোতেও একাধিক সহিংস ঘটনার খবর প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত, যারা ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার বলে ছাত্রলীগ অভিযোগ করেছে। ছাত্রশিবিরের সন্ত্রাসী তত্পরতা শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। তাদের হাতে পুলিশের সদস্যরা প্রায়শই আক্রান্ত হচ্ছেন।
ঢাকায় যুবলীগের এক নেতা একই সংগঠনের আরেক সন্ত্রাসীর গুলিতে খুন হওয়ার চাঞ্চল্যকর ঘটনাটি দলীয় সন্ত্রাসের বড় দৃষ্টান্ত হয়ে আছে। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যাকাণ্ড দলীয় কোন্দলের ফল নয় বটে, কিন্তু রাজনৈতিক প্রশ্রয়জনিত, যার কারণে ওই অঞ্চলে একধরনের ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। বৃহস্পতিবারের সংবাদপত্রে ঢাকার মালিবাগে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনা দৃশ্যত মাদক ব্যবসায় বাধা দেওয়ার ফল। এক ইয়াবা ব্যবসায়ী সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই শ্রমিক লীগের নেতা মোক্তার হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে খবরে প্রকাশ। পেশাদার অপরাধীদের বেপরোয়া তত্পরতার এমন অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি, যা দমনে আইনশৃঙ্খলার ব্যবস্থা মোটেও কার্যকর হচ্ছে না। ডাকাতি, ছিনতাইসহ সংঘবদ্ধ অপরাধবৃত্তি দমনে পুলিশের ব্যর্থতা এখন আর বিরল বিষয় নয়, তা আর কারোরই বিস্ময় উত্পাদন করে না।
এসবের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত জঙ্গিবাদ। এ সরকারের আমলে এই সহিংস শক্তিটিকে কঠোর হাতে নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে ক্ষমতাসীনেরা স্বস্তি ও গর্ব প্রকাশ করেন এবং একই সঙ্গে ভয় দেখানোর সুযোগও হাতছাড়া করেন না যে এই সরকার না থাকলে দেশে জঙ্গিবাদের রাজত্ব কায়েম হবে। আনসারুল্লাহ বাংলা টিম ও তার প্রধান মুফতি জসীমউদ্দিন এবং আরও কিছু জঙ্গি সংগঠনের গোপন তত্পরতার কিছু তথ্য জানা গেছে, যা থেকে স্পষ্ট যে জঙ্গি গোষ্ঠীগুলো একদম হাত গুটিয়ে বসে নেই। কিন্তু হঠাত্ করে কেন এদের তত্পরতা দৃশ্যমান হয়ে উঠল? এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতার যে সম্পর্ক আছে, তাতে সন্দেহ নেই।
সব মিলিয়ে এই বাস্তবতার মধ্যে যখন নির্বাচনের সময় এগিয়ে আসছে, তখন শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে সংকট এড়ানো যাবে না। কারণ, নির্বাচনের আগে-পরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক হয়ে ওঠে। এমন ক্ষেত্রে রাজনৈতিক শুভবুদ্ধি এবং আইনের সুষ্ঠু ও নিরপেক্ষ প্রয়োগই সংকট এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।