দেশের সংবাদমাধ্যম প্রতিদিন ভরা থাকে নানা ধরনের দুঃসংবাদে; আনন্দের সংবাদ বেশ বিরল। গতকালের প্রথম আলোর শেষ পাতায় একটি সুসংবাদ ছাপা হয়েছে। আদালতের নির্দেশে সীতাকুণ্ডের সোনাইছড়ি উপকূলের অবৈধ জাহাজভাঙা ইয়ার্ড উচ্ছেদ করার পাশাপাশি গাছ লাগানো শুরুর যে খবর পাওয়া গেল, সেই প্রক্রিয়াটি সুসম্পন্ন হলে দেশবাসীর জন্য তা হবে প্রকৃতই এক আনন্দের সংবাদ।
আসলে সীতাকুণ্ডের ওই নয়নাভিরাম সমুদ্র উপকূল একসময় সবুজই ছিল। ২০০৯ সালের জুলাই মাসে রাতের আঁধারে কেটে ফেলা হয় ১৫ হাজারের বেশি গাছ। ১২৫ একরের সবুজ বেষ্টনী ধ্বংস করে শুরু করা হয় জাহাজভাঙা ইয়ার্ড নির্মাণের কাজ। পরিবেশবিধ্বংসী এই অপকর্ম সাধনে দুটি প্রতিষ্ঠানের মালিক সে সময় রিটের মাধ্যমে আদালতকে পর্যন্ত বিভ্রান্ত করেছিলেন। তবে সুখের বিষয়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত এ অন্যায়ের আইনি প্রতিকার নিশ্চিত করেছেন। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বনভূমি ধ্বংস করে নির্মিত জাহাজভাঙা ইয়ার্ড উচ্ছেদ করে সেখানে নতুনভাবে বনায়নের নির্দেশ দেওয়ার পর সে নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে।
প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে শিল্প স্থাপনের যে প্রবল প্রবণতা লক্ষ করা যায়, তা প্রতিহত করার একটি সফল দৃষ্টান্ত এটি। কিন্তু এ ধরনের দৃষ্টান্ত অত্যন্ত বিরল। বরং দেখা যায়, নদী, জলাভূমি, বনভূমি ইত্যাদি গ্রাস ও ধ্বংস করার বিরুদ্ধে সময়ে সময়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ যেসব উদ্যোগ নিয়ে থাকে, সেগুলো স্থায়ী হয় না। উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো কিছুকাল পরেই আবার জবরদখল হয়ে যায় এবং পরিবেশ ধ্বংসের প্রক্রিয়া অব্যাহত থাকে। এভাবে রাজধানীসহ দেশের বড় শহরগুলোর প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কলকারখানা, ব্যবসায়িক স্থাপনা ও ঘরবাড়ি নির্মাণের কাজ চলছে।
সীতাকুণ্ডের সোনাইছড়ি উপকূল তার সবুজ বেষ্টনী স্থায়ীভাবে ও সম্পূর্ণরূপে ফিরে পাবে কেবল তখনই, যখন এটা নিশ্চিত করা যাবে যে সেখানে আবার কোনো প্রভাব-প্রতিপত্তিশালী মহল একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারবে না। এমন দৃষ্টান্ত সারা দেশে অনুসরণ করা হলে দেশের সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের চলমান প্রক্রিয়ায় কিছুটা হলেও রাশ টানা সম্ভব হবে।