ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ সাড়ে ছয় বছর আগে শেষ হয়ে গেলেও নির্বাচনের ব্যবস্থা করা হয়নি। মাঝে মাঝে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নানা অজুহাতে তা বন্ধ হয়ে যায়। একবার রিটের কারণে নির্বাচন পিছিয়ে যায়। তারপর রিটের নিষ্পত্তি হলেও নির্বাচন আটকে আছে সীমানা পুনর্নির্ধারণের প্রশ্নে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর প্রতিকার করা হচ্ছে না। তাই নির্বাচন কমিশন নাকি ডিসিসি নির্বাচন করতে পারছে না।
প্রকৃতপক্ষে ডিসিসি নির্বাচন ঝুলিয়ে রাখার কারণ রাজনৈতিক। প্রথমে করপোরেশনকে দুই ভাগে ভাগ করা হলো। ছয় মাস পরপর প্রশাসক বদল করে দুই সিটি করপোরেশন চালানো হচ্ছে। তা ছাড়া ঢাকার বাইরে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের সমর্থক প্রার্থীদের শোচনীয় পরাজয়ের পর ডিসিসি নির্বাচনের সম্ভাবনার দরজায় তালা পড়ে।
এখন বেশি দরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। উপজেলা নির্বাচন হোক, কিন্তু পাশাপাশি ডিসিসি নির্বাচন করতে বাধা কোথায়? প্রশাসক দিয়ে রাজধানী ঢাকার স্থানীয় শাসন চলে না। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকেরা বিভিন্ন সেবা গ্রহণ করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। একটা সামান্য পরিচিতিপত্র নিতে গেলও দশ দুয়ারে ধরনা দিতে হয়। অথচ নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর থাকলে অনেক সেবা সহজে পাওয়া যায়।
স্থানীয় সরকারমন্ত্রী আইনানুযায়ী যথাসময়ে ঢাকা সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের নির্বাচন হবে বলে জানিয়েছেন। এই ‘যথাসময়’টা কি দুই নির্বাচনের জন্য দুই দফায় আসবে? ডিসিসি নির্বাচন যে আর বন্ধ রাখা যায় না, তা সরকার ও নির্বাচন কমিশনকে বুঝতে হবে।
স্থানীয় নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপির সমর্থক প্রার্থীরাও থাকবেন। সংসদ নির্বাচনের মতো এটা ভোটারবিহীন হবে না। সরকার বারবার বলে আসছে যে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। কোনো রকম হস্তক্ষেপ হয় না। এই দাবির সমর্থনে তারা অনেক পরিসংখ্যানও দিয়েছে। তাহলে ঢাকার ব্যাপারে তাদের এত অনীহা কেন?
আইন মানার জন্য যদি উপজেলা নির্বাচন করতে হয়, তাহলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও করতে হবে। আইনকে আইনের মতো চলতে দিতে হবে। বিরোধীদলীয় প্রার্থীবিহীন একতরফা নির্বাচন করে কমিশন ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কিত হয়েছে। ওরা আর কত বিতর্কিত হতে চায়?
নির্বাচন কমিশন যেন ডিসিসি নির্বাচন ফেলে রেখে অন্য নির্বাচনের উদ্যোগ না নেয়। ঘোড়ার আগে গাড়ি জুড়ে কমিশন তার দায়িত্ব পালন করতে পারবে না।