উপজেলা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারির একতরফা জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় সরকার পর্যায়ের উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও এখানে প্রধান রাজনৈতিক দলগুলো সক্রিয় রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করা হচ্ছে। প্রথম দফায় আগামীকাল যে ৯৭টি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে এবং যথেষ্ট উদ্দীপনাও লক্ষ করা গেছে। এই নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে পারাই এখন নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।
স্থানীয় সরকার পর্যায়ের ও দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও এবারের এই নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ববহ। বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এবং নিজেদের প্রার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছে। বলা যায়, এই নির্বাচন বিএনপিকে আবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনা ও দলকে চাঙা করার একটি সুযোগ তৈরি করে দিয়েছে।
অন্যদিকে সরকারি দল ও নির্বাচন কমিশনের জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ করে দিয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না—এই যুক্তি দেখিয়ে বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করেছিল। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে পারলে সেই অভিযোগের কিছুটা হলেও জবাব দিতে পারবে সরকারি দল ও নির্বাচন কমিশন। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন স্থানে তাদের প্রার্থীদের হয়রানি করা ও সরকারি দল এবং তাদের প্রার্থীদের জোরজবরদস্তির অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যা যা প্রয়োজন, ইসি তার সবকিছুই করবে—এটাই দেশবাসী আশা করে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক, এটা যেমন প্রত্যাশা, তেমনি এই নির্বাচনের মধ্য দিয়ে যে উপজেলা পরিষদ গড়ে উঠবে, সেটাকে কার্যকর করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। স্থানীয় সরকারের এই স্তরটি শক্তিশালী না হলে এই নির্বাচনও অর্থহীন হয়ে পড়বে। উপজেলা পরিষদকে শক্তিশালী করতে হলে স্থানীয় সাংসদদের উপদেষ্টা করে তাঁদের পরামর্শ মানার বাধ্যবাধকতা-সংক্রান্ত বিধানটি বাতিল করতে হবে এবং মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী যে ১৭টি বিভাগ উপজেলা পরিষদে হস্তান্তর করার কথা, তা অবিলম্বে কার্যকর করতে হবে।