সরকারি চাকরির ক্ষেত্রে বদলি একটি নিয়মমাফিক ঘটনা। অন্তত চার-পাঁচ বছর পর পর স্থান পরিবর্তন হলে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা যেমন বাড়ে, পাশাপাশি কাজের স্বচ্ছতা ও সেবার মানও বাড়ে। দীর্ঘদিন একই কর্মস্থলে অবস্থানের ফলে কাজকর্মে একঘেয়েমি এবং স্থবিরতা আসে। এ কারণেই মাঠপর্যায়ের অফিসগুলোতে অর্থাৎ উপজেলা অফিসগুলোয় প্রশাসনিক গতি অব্যাহত রাখার জন্য কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মচারীদের চার-পাঁচ বছর পর পর বদলি করতে দেখা যায়। আর এ ধরনের বদলির নিয়ম পালনের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম উপজেলা মৎস্য অফিস।
মৎস্য অফিসার যদিও চার-পাঁচ বছর পর পর বদলি হন, কিন্তু অফিসারের একান্ত সহকারী অর্থাৎ অফিস সহকারীদের বদলি নেই বললেই চলে। অধিকাংশ অফিস সহকারীর বাড়ি নিজ নিজ উপজেলা বা পাশের উপজেলায় এবং ১০-১৫ অথবা ২০ বছরের চাকরিজীবনে দু-একবার কর্মস্থল পরিবর্তন হয়েছে, এমন সংখ্যা নগণ্য। আরও বিস্ময়ের ব্যাপার, অফিস সহকারী পদটি পদোন্নতিযোগ্য কিন্তু সুবিধাজনক স্থান পরিবর্তনের আশঙ্কায় অনেকেই পদোন্নতি পর্যন্ত নিতে চান না।
বর্তমানে উপজেলা মৎস্য অফিসে উন্নয়নমূলক বিবিধ কার্যক্রম চলমান। যেমন: ক্ষুদ্রঋণ বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছ ছাড়া, বিল নার্সারি করা, মৎস্য অভয়াশ্রম, জাটকা ও মা-ইলিশ নিধন প্রতিরোধ কার্যক্রম, মৎস্য খাদ্য বিক্রয় ও তৈরির লাইসেন্স প্রদান, কারেন্ট জালসহ নিষিদ্ধঘোষিত জালের ব্যবহার রোধকরণ, মৎস্য বাজার মনিটরিং, মৎস্য আইন বাস্তবায়ন, মৎস্য প্রদর্শনী স্থাপন, জেলে নিবন্ধনকরণ প্রভৃতিসহ উপজেলা পরিষদের নির্ধারিত অনেক কার্যক্রম বাস্তবায়ন হয়।
দীর্ঘদিন একই স্টেশনে অবস্থানের ফলে স্বাভাবিকভাবে নিজ অফিস ও এলাকার ওপর একধরনের আধিপত্যের সৃষ্টি হয়। যার প্রভাব দাপ্তরিক কাজের ওপর পরিলক্ষিত হয়। তা ছাড়া সব বিল-ভাউচার তৈরি ও আর্থিক কাজগুলো অফিস সহকারী কর্তৃক সম্পন্ন হয় বিধায় ক্ষেত্রবিশেষে অফিসারের বিশেষ আনুকূল্য পেয়ে থাকে। উল্লিখিত কারণে অধিকাংশ অফিস সহকারী অফিস ও ফিল্ডে আধিপত্য বিস্তার করে থাকেন।
উপজেলা মৎস্য অফিসে যেসব উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয় সেগুলোর সুষ্ঠু, স্বচ্ছ ও গতিশীলভাবে সম্পাদন করা জরুরি। আর এ জন্য দীর্ঘদিন একই স্টেশনে কর্মরত কর্মচারীসহ বিশেষ করে অফিস সহকারীদের দ্রুত বদলি করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক মহলসহ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি।
আকরাম হোসেন প্রধান
মৎস্যচাষি ও মৎস্য খাদ্যবিক্রেতা, সেনপাড়া সড়ক, রংপুর।