এ কেমন একুশ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদ জব্বারের বাড়ি থেকে বেশি দূরে নয় গফরগাঁওয়ের গড়াবেড় আবদুল হেকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের এবার শখ হয়েছিল তারা একুশের উষালগ্নে নিজেদের বিদ্যালয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবে। প্রধান শিক্ষক সবিহা খানমের অনুমতি নিয়ে মঙ্গলবার সারা দিন খেটেখুটে কলাগাছ, বাঁশ আর কাগজ দিয়ে শহীদ মিনার বানিয়ে ফেলে। সাতসকালে ফুল হাতে এসে দেখে শহীদ মিনারটি নেই। কারা যেন দা দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে।

ইতিহাস বলে, ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার প্রথম আনুষ্ঠানিক উদ্বোধনের রাতেই পাকিস্তানের পুলিশ আর সেনাবাহিনী সেটা গুঁড়িয়ে দেয়। একাত্তরে ঘটে একই ঘটনা। সেই কষ্টের স্মৃতিকে শক্তিতে রূপ দিতে আলাউদ্দিন আল আজাদ লিখেছিলেন:
স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু আমরা এখনো
চার কোটি পরিবার
খাঁড়া রয়েছি তো! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে.......
....... ইটের মিনার
ভেঙেছে ভাঙুক! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চার কোটি পরিবার...

কবি আলাউদ্দিন আল আজাদের চার কোটির হিসাব এখানে পাল্টেছে-সংখ্যায় প্রায় দ্বিগুণ হয়েছে তারা, কিন্তু জাগে কি? কে জাগে? গড়াবেড় গ্রামের কচি হাতে গড়া শহীদ মিনার ভাঙতে তো কোনো পাকিস্তানি উর্দি পরা কোটালের দল আসেনি। তবে ভাঙল কারা? ভাঙল কেন? এই প্রশ্নের জবাব স্বাধীন দেশের স্বাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিতে পারেননি। তিনি শুধু বলেছেন, ‘থানার অফিসার ইনচার্জকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।’

খবর এসেছে, টাঙ্গাইলের মির্জাপুর থেকে শহীদ মিনারে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা পালনে এগিয়ে আসা কোনো কোনো স্কুলের ফুলের তোড়ায় ইংরেজি ভাষায় লেখা ছিল প্রতিষ্ঠানের নাম। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা গফরগাঁও প্রশাসনের মতোই হুবহু একই বক্তব্য রেখেছে, ‘পুলিশ ব্যবস্থা নেবে।’

বগুড়ার ধুনট উপজেলার খবর আরও চমকপ্রদ। সেখানকার মথুরাপুর জিএমসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা ভুলেই গিয়েছিলেন শহীদ দিবস উদ্‌যাপনের কথা। কোনো কর্মসূচি ছিল না তাঁদের। ছাত্ররা একুশের সকালে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে হইচই শুরু করলে কলেজ পরিচালনা কমিটির সদস্যরা হস্তক্ষেপ করেন।

পত্রপত্রিকা জানিয়েছে নোয়াখালী, রাজবাড়ী, বাগেরহাট, বরিশাল প্রভৃতি জেলায় হাজার হাজার বিদ্যালয়, মহাবিদ্যালয়ে পাকা শহীদ মিনার না থাকার খবর। পাকা শহীদ মিনার থাকা এক কথা আর মন থেকে শ্রদ্ধা জানানো আরেক কথা। শ্রদ্ধা জানাতে কংক্রিটের কাঠামো লাগে কি? বরিশালের সাগরদী এলাকার শিশুরা খড়, কলাগাছ আর পুরোনো খবরের কাগজ দিয়ে তৈরি সাময়িক শহীদ মিনারে যখন কাতারবন্দী হয়ে ফুল দিয়েছে, ঠিক একই সময়ে ঢাকার অন্যতম দ্রষ্টব্য ফুলে মালায় আলপনায় কল্পনায় সুসজ্জিত শ্রদ্ধার শহীদ মিনার চত্বরে লাঠি, বাঁশ হাতে মারামারি কামড়াকামড়ি করেছেন তাদের পিতার বয়সী বড় ভাইয়েরা। রাজনৈতিক পরিচয়ে পরিচিত এই ভয়ংকর ভাইয়েরা দাপট দেখিয়েছেন ক্ষমতার আর নৈরাজ্যের। একটি ছাত্রসংগঠনের তিনটি গ্রুপের ত্রিমুখী এই শ্রেষ্ঠত্ব প্রমাণের দংশনে বিষাক্ত হয়েছে শহীদ স্মৃতির পবিত্র অঙ্গন।

আমরা না বুক ফুলিয়ে বলি ভাষাশহীদেরা স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছিলেন! শহীদ মিনার আমাদের স্বাধীনতার সূতিকাগার! এ রকম একটা পবিত্র স্থানে গিয়েও কি আমাদের মুখোশটা খুলে ফেলা উচিত হয়েছে? অবশ্য চোর মসজিদে গিয়েও জুতাই খোঁজে। আমরা যতই ভুলতে চাই না কেন’ ৭২-এর শহীদ মিনার লাঞ্ছিত করার ঘটনা (সেই ইতিহাসের নায়কেরা এখন রাজনীতির উচ্চ শিখরে তুলসীপাতা), পুরো সত্তর আর আশির দশকের মাঝামাঝি পর্যন্ত শহীদ মিনারে নেতাদের ছবি টাঙানোর মর্মান্তিক আর হিংস্র প্রতিযোগিতার কথা, ততই যেন নিত্যনতুন অনাচার ঘটে যায় শহীদ মিনার চত্বরে। আহা! এরা যদি মোরেলগঞ্জ, বরিশালের সাগরদী, গফরগাঁওয়ের গড়াবেড়, রামগঞ্জের নাগমুদ, টাঙ্গাইলের সখীপুরের শিশুদের কাছে একটু শিক্ষা নিত কেমন করে শহীদদের শ্রদ্ধা জানাতে হয় আর কী তার তরিকা! সেই সময় তাদের নেই।

এই দাঙ্গাবাজ শহুরে নেতারাই আগামীর হোমরাচোমরা হয়ে আরও দাপট দেখাবে। হাত চালাবে যারতার ওপর, হোন তিনি আমলা, শিক্ষক, পুলিশ, সাংবাদিক কিংবা ওসি। মন্ত্রী-সচিব কিছুই করতে পারবেন না তাদের। শুনানির পর শুনানি চলবে, তারিখের পর তারিখ পড়বে। দংশন তাদের থামাবে না। শিঙা ফোঁকার দিনের অপেক্ষায় মানুষ ক্লান্ত হবে। ক্লান্ত মানুষের জাগতে একবার ২৪ বছর লেগেছিল। সেই জাগার মূল্য ছিল ৩০ লাখ প্রাণ। মানুষ আর কত মূল্য দেবে?

গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক