এ কেমন ওসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের ঋষিপল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই নারীকে গণধর্ষণের সত্যতা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত পাঁচ আসামির দুজন। অথচ মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্টতই অন্যায় করেছেন।
সহিংস আক্রমণ ও ধর্ষণের শিকার ঋষি সম্প্রদায়ের নারীদের সম্পর্কে ওসি মীর রেজাউল হোসেন বলেন, ‘ওরা সবকিছু বাড়াইয়া বলে, ঋষি সম্প্রদায় যেখানে যে ঘটনা ঘটে, সেটাকেই তিল থেকে তাল করে বলে।’ থানায় মামলা হয়েছে, অভিযোগের সত্যতা দুজন আসামি স্বীকারও করেছেন। তা ছাড়া একটি সম্প্রদায়ের মানুষ সম্পর্কে এমন অপবাদ নির্যাতন-সহায়ক। সুনির্দিষ্ট ঘটনার তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনই আইন প্রয়োগকারী সংস্থার প্রধান দায়িত্ব। সেখানে সংশ্লিষ্ট থানার ওসি কীভাবে এমন ঢালাওভাবে অভিযোগ উড়িয়ে দিতে পারেন?
দ্বিতীয়ত, কোনো নারী নিজেকে বিপন্ন করে, চরম অসম্মানের ঝুঁকি নিয়ে এমন অভিযোগ করতে পারেন কি না, এমন জিজ্ঞাসার উত্তরে ওসি যা বলেছেন, তা আরও গর্হিত। আইন প্রয়োগকারী সংস্থার ভেতরে এমন ক্ষতিকর মানসিকতাসম্পন্ন কর্মকর্তা থাকতে পারেন, এটা ভাবাই যায় না। এটা বিপজ্জনক এ কারণে যে সংঘটিত অপরাধের বিচার দূরে থাক, যিনি আইন প্রয়োগ করবেন, অপরাধীকে বিচারের মুখোমুখি করাই যাঁর দায়িত্ব, তিনি অপরাধ সংঘটিত হয়েছে, এটাই মানছেন না। উল্টো বরং অপরাধের শিকার মানুষদেরই দোষারোপ করছেন। এ ধরনের কর্মকর্তার কারণে সমাজে অপরাধপ্রবৃত্তি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল।
ওসি মীর রেজাউল হোসেনকে মনিরামপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এই তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। কিন্তু তিনি ও তাঁর মতো মানসিকতার আরও কোনো কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থায় কর্মরত থাকলে সংখ্যালঘু, দরিদ্র ও সামাজিকভাবে দুর্বল জনগোষ্ঠীর কেউ অপরাধের শিকার হলে ন্যায়বিচার পাওয়া প্রায় অসম্ভব। আইন প্রয়োগকারী সংস্থা থেকে এ ধরনের ক্ষতিকর কর্মকর্তাদের স্থায়ীভাবে বের করে দেওয়া উচিত।