
বাইশ শ বছর আগের এই গল্পটি আমরা শুনেছি শেক্সপিয়ারের কাছ থেকে। রোমান সম্রাট জুলিয়াস সিজার তখন সুবিশাল রোম সাম্রাজ্যের রাজাধিরাজ। সারা পৃথিবী তাঁর নামে কাঁপে। সমরক্ষেত্রে তাঁর সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের আইন পরিষদ সিনেট তাঁকে ‘আজীবনের জন্য ডিক্টেটর’ খেতাব দিয়েছে। সে জন্য তাঁকে কিছু কাঠখড় পোড়াতে হয়েছে বটে, কিন্তু অসন্তুষ্ট কোনো কোনো সিনেটর এ নিয়ে পেছনে পেছনে ষড়যন্ত্র পাকাচ্ছেন, সে কথা ঘুণাক্ষরেও ভাবেননি সিজার। বিশেষত, তিনি এ কথা একদমই ভাবেননি তাঁর ঘনিষ্ঠ সখা মার্কাস ব্রুটাস কোনো ষড়যন্ত্রে অংশ নিতে পারেন। তিনি ব্রুটাসকে ভালোবাসতেন শুধু বন্ধুর মতো নয়, পুত্রের মতো। সেই ব্রুটাসের নেতৃত্বে যখন একদল সিনেটর খুনের উদ্দেশ্যে তাঁকে পেছন থেকে আক্রমণ করে বসে, হতবাক হয়ে পড়েন জুলিয়াস সিজার। প্রতিরোধ করার সব ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। বিস্মিত, আহত জুলিয়াস সিজার মৃত্যুর আগে শুধু এই বলে বিলাপ করেছিলেন, এ তু, ব্রুটাস? অর্থাৎ, শেষ পর্যন্ত তুমিও ব্রুটাস?
মোহাম্মদ আশরাফুলের কাণ্ড দেখে আমাদের বলতে হচ্ছে, এ ত,ু আশরাফুল?
তিনি হয়তো ব্রুটাস নন, কিন্তু রোমান সেই নায়কের মতো তিনিও ছিলেন আমাদের প্রিয় সখা, কারও কারও কাছে ভাই-বন্ধু, এমনকি নিজের পুত্রের মতো প্রিয়। তাঁকে দেখে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনার একটি আলোকচ্ছটা দেখতে পেয়েছিলাম। যেন দূর থেকে তুলে ধরা একটি বাতি, যা দেখে আমরা কত দূর এগোতে পারি, তার একটি সড়ক নির্দেশনা পেয়েছিলাম।
হলো না, আরও অনেক কিছুর মতোই আমাদের সে সাধেও পড়ল গুড়ে বালি।
হবেই-বা কী করে! অন্য সবকিছুর ওপর নগদ পাওনাকে গুনে নেওয়ার কালচার তো আমাদের দেশে নতুন নয়। সাম্প্রতিক সময় বস্তুত গত ৪০ বছরে টাকা হাতানোর এই সংস্কৃতিকে একটি রীতিমতো আর্ট ফরমে নিয়ে গেছি আমরা। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি থেকে আদালতের সর্ব অধস্তন নকলনবিশটি পর্যন্ত অন্য কিছুর আগে নগদ পাওনা আদায়ের জন্য হাত বাড়িয়ে থাকে। এক মন্ত্রীর কথা শুনেছি, ক্ষমতা গ্রহণের পরপরই সেক্রেটারিয়েটে এসে তাঁর ব্যক্তিগত সহকারীকে বলেছিলেন, ‘পাঁচ কোটি টাকা খরচ কইরা মন্ত্রী হইছি। বোঝোই তো?’ দীর্ঘ অভিজ্ঞতায় ধনী ব্যক্তিগত সহকারী সামান্য হাত কচলে, চোখের পর্দা একবার না কাঁপিয়ে জবাব দিয়েছিলেন, ‘ভাইবেন না স্যার, আমরা আছি।’ ঢাকার এক স্কুল ছাত্রভর্তি বাবদ অতিরিক্ত চাঁদা আদায় করেছিল, এক টাকা দুই টাকা নয়, কোটি টাকা। সরকার থেকে নির্দেশ এসেছিল, সে টাকা ফেরত দিতে হবে। জবাবে স্কুলপ্রধান জানিয়ে দিয়েছেন, ‘দিমু না। পারেন তো আদায় কইরা নেন।’ সে কথা শিক্ষামন্ত্রীকে জানানো হলে তিনি নাকি শুকনো মুখে বলেছেন, ‘এমন কথা বলেছে নাকি?’
আসলে টাকা ছাড়া অন্য কোনো কথা আমরা আর বুঝি না, শুনি না, শুনতেও চাই না। এ নিয়ে বিন্দুমাত্র কোনো বিব্রতবোধ আমাদের নেই। একসময় কারও বাড়তি টাকা রয়েছে, এমন কথা জানলে তাঁকে আমরা সন্দেহের চোখে দেখতাম, সম্ভব হলে এড়িয়ে চলতাম। আর এখন তেমন লোককে ডেকে দলের সভাপতি বানাই, স্কুলের চেয়ারম্যান বানাই, এমপি হিসেবে ভোট দিই। অপরাধী হিসেবে ইন্টারপোল ও এফবিআইয়ের খাতায় নাম উঠেছে এমন পুত্রের জন্য এখন আমরা হরতাল ডাকতেও দ্বিধা করি না। ধীমান হিসেবে পরিচিত এমন রাজনীতিবিদ হুমকি দেন, সে পুত্র, হোক না চোর হিসেবে সুপরিচিত, তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। চোরকে বাঁচাতে গিয়ে এখন আমরা অবলীলায় দেশের স্বার্থকেও জলাঞ্জলি দিতে পারি। পদ্মা সেতু নিয়ে যে কাণ্ড হলো, সে তো আপনাদের সবার জানা। চুরি করার পুরস্কার হিসেবে যদি ‘দেশপ্রেমিক’-এর খেতাব জোটে, তাহলে চুরি না করার তো কোনো কারণ নেই।
সবই মানছি, কিন্তু তার পরও আশরাফুলকে নিয়ে আমাদের ভিন্ন আশা ছিল। ক্রিকেট ঠিক আমাদের জাতীয় খেলা নয়, এই খেলার জন্য যে অর্থবল চাই, আমাদের তা নেই। তার পরও ক্রিকেটে আমরা নিজেদের জন্য একধরনের সম্মানজনক জায়গা করে নিচ্ছিলাম, তার জন্য এই আশরাফুলের বড় অবদান রয়েছে। বস্তুত, আশরাফুলই আমাদের প্রথম আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বিশ্বের সবচেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। মাত্র ১৬ বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০১ সালে করা তাঁর সে সেঞ্চুরি যাঁরা দেখেছেন, তাঁদের মনের মধ্যেই আশার সলতে জ্বলে উঠেছে। মুরালিধরনের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বুক কাঁপে না, এমন খেলোয়াড় খুব কমই আছে। অথচ তাঁর বলকে তুলোধোনা করে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন। সে যে হঠাৎ আলোর ঝিলিক নয়, সে কথার প্রমাণ তিনি রেখেছেন। সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই মাত্র সেদিন তিনি ১৯০ রান তুলেছিলেন। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির কথা ভাবুন। অথবা ভারতের বিরুদ্ধে তাঁর ১৫৬ রান। বাঘা খেলোয়াড়—সবাই একবাক্যে রায় দিয়েছিলেন।
এ তু, আশরাফুল!
ক্রিকেট খেলা যে এখন আর খেলা নেই, এ কোনো নতুন কথা নয়। যেদিন থেকে কেরি প্যাকার ৫০ ওভারের এক দিনের ম্যাচ শুরু করেছেন, ক্রিকেট হয়ে পড়েছে একদিকে সার্কাস, অন্যদিকে টাকার ধূলিঝড়। ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটার সঙ্গেও আমরা সেই থেকে পরিচিত হলাম। আইপিএল শুরু হওয়ার পর থেকে তাতে অবশ্য কাদার পরিমাণ আরও বেড়েছে। পৃথিবীর প্রায় সব দেশের খেলোয়াড়েরাই সবাই নয়, তবে অনেকে—এখন খেলা ছেড়ে ছুটছেন পয়সার পেছনে। পাকিস্তানের পাঁচ বাঘা খেলোয়াড়, যাঁদের মধ্যে সেলিম মালিকও রয়েছেন, ম্যাচ ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। ভারতের সম্ভাবনাময় ক্রিকেটার শ্রীশান্ত ও আরও দুজন একই অভিযোগে সম্প্রতি জেলে গেছেন। আরও আগে মনোজ প্রভাকর, অজয় জাদেজা ও অজয় শর্মা সে অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। ভারতীয় ক্যাপ্টেন আজহারউদ্দিনও একসময় ধরা পড়েছিলেন, যদিও সম্প্রতি আদালতের বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার মারকুটে খেলোয়াড় হানসি ক্রনিয়ে পর্যন্ত বাজির টাকা হাতানোর অভিযোগে ক্রিকেট থেকে বাদ পড়েছেন।
এঁদের সবার তুলনায় আশরাফুল অবশ্য এক জায়গায় ভিন্ন। শুধু খেলোয়াড় নয়, আমাদের পেশাদার রাজনীতিকদের পাশেও তিনি অধিকতর সম্মানিত হিসেবে নিজেকে প্রমাণিত করতে পেরেছেন। নিজের অপরাধ স্বীকার করেছেন। শুধু তা-ই নয়, তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতিকের কাছ থেকে একবারের জন্যও ‘দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাই’ এমন কথা শুনিনি। ‘বিশ্ববেহায়া’ হিসেবে খেতাব পেয়েছেন এমন এক রাষ্ট্রপ্রধান তো এখনো ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন, তিনিই দেশের সেরা রাষ্ট্রপতি। তাঁর হাতে ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইবে। ভাগ্যিস, তাঁর সে কথা তিনি নিজে ছাড়া আর কেউ বিশ্বাস করেন না।
সারা পৃথিবী যাঁদের হাতের মুঠোয়, তাঁরা কেন সবকিছু হারানো সম্ভব সে কথা জেনেও দুর্নীতির পাপচক্রে জড়িয়ে পড়েন? একটা কারণ সম্ভবত এই যে তাঁরা বিশ্বাস করেন, ধরা পড়বেন না। ক্লিনটন ভাবেননি তিনি ধরা পড়বেন। সম্ভবত আমাদের আবুল হোসেনরাও একই কথা ভাবেন। ক্ষমতাধরদের সঙ্গে তাঁদের ওঠাবসা, ধরা পড়লেও নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন, এমন একধরনের ভ্রান্ত আত্মবিশ্বাস সম্ভবত কাজ করে। কিন্তু সবচেয়ে বেশি যা কাজ করে তা হলো এই বিশ্বাস যে ক্ষমতা বা যশের অপব্যবহার করার ‘এনটাইটেলমেন্ট’ তাদের আছে। গোড়ায় যে মন্ত্রীর কথা বলেছিলাম, তাঁর কথা ভাবুন। এত খাটাখাটি করে মন্ত্রী হলাম, এখন যদি ফায়দা না তুলি, তাহলে আর মন্ত্রী হওয়া কেন? এক মস্ত ‘বামপন্থী’ নেতার কথা জানি। জীবনে প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ পেয়েছেন, আবারও ক্ষমতায় ফিরে আসবেন তার নিশ্চয়তা নেই। অতএব সুযোগ থাকতে তার সদ্ব্যবহার করাই তো বুদ্ধিমানের কাজ। আশরাফুলদের মতো খেলোয়াড়েরাও জানেন, খেলা পড়ে গেলে বাড়তি পয়সা হাতানোর সুযোগ হয়তো আর আসবে না। ফলে এখনই যা পাই হাতিয়ে নিই। গোল্লায় যাক ক্রিকেট, গোল্লায় যাক দেশ।
এ অবস্থা বদলাবে না যদ্দিন আমরা, দেশের মানুষ অথবা ক্রীড়ামোদী সাধারণ দর্শক, দুর্নীতির এই সংস্কৃতি পুরোপুরি বর্জন না করি। দুর্নীতিবাজ বলে পরিচিত নেতা-নেত্রীর মাথায় ছাতি ধরার অভ্যাস বদলাতে হবে। যতই প্রতিভাবান হোক, অপরাধী এমন খেলোয়াড়, তাঁকেও আস্তাকুঁড়ের আবর্জনা ছাড়া আর কিছু না ভাবার মনের জোর অর্জন করতে হবে।
আহা, কবে আসবে সেই দিন!
নিউইয়র্ক
l হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলামলেখক।