এ দেশ কি আমাদের নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ নভেম্বর বরিশালের চর কাউয়ার কালীখোলা গ্রামের হিন্দুপাড়ায় একটি গুজব ছড়িয়ে আক্রমণ করা হয়। পুড়ে অঙ্গার হয়েছে নয়টি হিন্দু পরিবারের সর্বস্ব। এ রকম গুজব ছড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়িতে আক্রমণ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। প্রতিটি ঘটনার মতো এবারও অবাক বিস্ময় চোখে লক্ষ করলাম প্রশাসনের নিষ্ক্রিয়তা।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর পাবনার সাঁথিয়ায় ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির গুজব ছড়িয়ে ঘোষপাড়া ও সাহাপাড়ায় আক্রমণ করা হয় এবং এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে পবিত্র কোরআন শরিফের অবমাননার ছবির অভিযোগ তুলে ১২টি সুপ্রাচীন বৌদ্ধবিহার এবং ৩৪টি বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপর একই কায়দায় পাশের উখিয়া, টেকনাফেও সাতটি বৌদ্ধবিহার এবং ১১টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
প্রতিটি ঘটনাতেই গুজব এবং বরাবরই নিষ্ক্রিয় প্রশাসন। আমাদের কি এ দেশ ত্যাগে বাধ্য করা হবে? কী অপরাধ আমাদের? আবহমানকাল ধরে চলে আসা অসাম্প্রদায়িক সম্প্রীতি কি কয়েকটি গুজবে নিঃশেষ হয়ে যাবে? এখানে রাম-রহিম-অ্যান্থনি-তঞ্চঙ্গ্যা সবাই ভাই ভাই। এটা এত সহজে কেন আমরা ভুলে যাই।
ডা. অতনু দাশ গুপ্ত
ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল।