এ লজ্জা রাখব কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর সুপার ও অধ্যক্ষ পদে কামিল পাস ব্যক্তিরা দায়িত্ব পালন করে আসছেন, যাঁদের সনদ ডিগ্রি পাসের সমমানও নয়। অর্থাৎ, একজন কামিল পাস ব্যক্তিকে ডিগ্রি শ্রেণীতে ভর্তি হতে হয়। অথচ তাঁদের অধীনে চাকরি করেন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে অনার্স বা মাস্টার ডিগ্রিধারী লোকজন।

ধর্মীয় প্রতিষ্ঠান বিধায় আরবি ভাষায় অভিজ্ঞদের প্রধান করা হয়, তাহলে এর উত্তরে বলব, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কেন শুধু কামিল পাস ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় না?
মাদ্রাসা বোর্ডের গুরুত্বপূর্ণ পদগুলোয় তো সাধারণ শিক্ষিতদের নিয়োগ দেওয়া হয়। একজন নন-গ্র্যাজুয়েট ব্যক্তি যদি মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান হতে পারেন এবং তাঁর অধীনে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিকে চাকরি করতে হয়, এর চেয়ে লজ্জা ও অপমানের আর কিছুই হতে পারে না।
আরবি ভাষায় শিক্ষিত নন-গ্র্যাজুয়েট লোক যদি অধ্যক্ষ বা সুপার হতে পারেন, তাহলে কেন বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ের ওপর অনার্স বা মাস্টার ডিগ্রিধারী ব্যক্তি মাদ্রাসার সুপার বা অধ্যক্ষ হতে পারবেন না?
আরেকটি বিষয়, মাদ্রাসায় কর্মরত কামিল পাস প্রভাষকেরা জ্যেষ্ঠতার কারণে হয়ে যান সহকারী অধ্যাপক আর বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী লোকজন চাকরি করেন প্রভাষক পদে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণকরছি।

মো. আলমগীর হোসাইন

বাউন্ডারি রোড, ময়মনসিংহ।