২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনটি বর্তমান নবম সংসদের শেষ অধিবেশনে তাড়াহুড়ো করে যেভাবে সংশোধিত আকারে গৃহীত হলো, তা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এসব সমালোচনা যুক্তিসংগত; বিশেষত এ আইন প্রয়োগে কিছু মৌলিক অধিকার লঙ্ঘন এবং আইনটির লঘু অপরাধে গুরুদণ্ড দানের ক্ষমতা একে একটি কালাকানুন হিসেবে হাজির করেছে, যা গণতান্ত্রিক ও মুক্ত সমাজে গ্রহণযোগ্য নয়।
ডিজিটাল যন্ত্রপাতি ও ইন্টারনেট সংযোগের সদ্ব্যবহার করে পৃথিবীর অনেক পিছিয়ে পড়া দেশ যখন দ্রুত অগ্রগতির পথে এগিয়ে চলেছে, তখন বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ নেই। বস্তুত আমরাও এগিয়ে চলেছি; তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার গ্রাম পর্যায়েও ছড়িয়ে যাচ্ছে। অবশ্য এই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নানা ধরনের অপরাধে লিপ্ত হওয়ার প্রবণতাও লক্ষণীয়। ‘সাইবার অপরাধ’ হিসেবে আখ্যায়িত এই প্রবণতা দমন করার লক্ষ্যেই মূলত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধ্যাদেশ গৃহীত হয় ২০০৬ সালে। সে সময় এর প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল স্বাক্ষর সুরক্ষিত করার মাধ্যমে অনলাইনে অর্থ লেনদেন কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান। বিগত কয়েক বছরে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে, সেই সঙ্গে সাইবার অপরাধের ক্ষেত্রও বিস্তৃত হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটি যুগোপযোগী করে সংশোধনের প্রয়োজন জরুরি হয়ে পড়েছিল। কিন্তু যেভাবে তা সংশোধন করা হয়েছে, তা নিয়ে ঘোর আপত্তি উঠেছে।
প্রথমত, বিধান করা হয়েছে যে এ আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে কোনো পরোয়ানা ছাড়াই। দ্বিতীয়ত, এ আইন অনুযায়ী বিবেচিত অপরাধ জামিনযোগ্য নয়। তৃতীয়ত, সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪ বছর কারাদণ্ড। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা ও তাঁর জামিনের অধিকার হরণ করা আমাদের সংবিধানের মৌলিক অধিকারের চেতনার পরিপন্থী। অসৎ বা অশুভ উদ্দেশ্যে কম্পিউটারের তথ্য নষ্ট করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া তথ্য পাচার করা, অন্যের কম্পিউটার ব্যবস্থায় অনধিকার প্রবেশ, অশ্লীল বা মানহানিকর তথ্য, ছবি প্রকাশ করা ইত্যাদি অপরাধ অবশ্যই বিচারযোগ্য এবং যথাযথ শাস্তি প্রদানের মাধ্যমে এসব অপরাধপ্রবণতা রোধের লক্ষ্যে একটি আইন থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু তাই বলে অভিযোগ তোলামাত্র বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা ও জামিনের অধিকার থেকে তাঁকে বঞ্চিত করার বিধান গ্রহণযোগ্য নয়। এ আইনের অপব্যবহার ঘটারও আশঙ্কা রয়েছে। বিশেষত, এর রাজনৈতিক অপব্যবহার ঠেকানো কঠিন হয়ে পড়বে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অঙ্গনে কর্মরত আছেন এমন বিশেষজ্ঞ, আইনজীবী, সংবাদমাধ্যমের কর্মী ও নীতিনির্ধারক, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মী-উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা-পরামর্শ না করে আইনটি এভাবে সংশোধন করা উচিত হয়নি। সংগত কারণেই আইনটি পুনর্বিবেচনার দাবি উঠেছে। তথ্য অধিকার আইন প্রণয়নকালে বিশেষজ্ঞ ও নাগরিক পর্যায়ে ব্যাপক আলোচনা-পরামর্শের উদ্যোগ নেওয়া হয়েছিল, নাগরিকদের অনেক সুপারিশও গ্রহণ করা হয়েছিল। একই প্রক্রিয়ায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন পুনঃসংশোধনের উদ্যোগ নেওয়া হোক।