এই নির্বাচনেও বিধি লঙ্ঘন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, যাকে অনেকেই একতরফা ও প্রহসনমূলক বলে অভিহিত করেছেন। ৩০০ আসনের মধ্যে ১৫৪ আসনে নির্বাচনের আগেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি আসনগুলোর খুব কম ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা হবে। জনগণের আকাঙ্ক্ষা ছিল সব দলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। কিন্তু দেশি-বিদেশি উদ্যোগ সত্ত্বেও সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা না হওয়ায় দেশবাসী সে ধরনের নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে।
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, সংবিধান রক্ষার নামে ৫ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও প্রার্থীরা যথারীতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একজন প্রার্থীর হেলিকপ্টারযোগে এবং পৌরসভার গাড়িতে চড়ে নির্বাচনী প্রচারাভিযান চালানোর সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ নির্বাচনী আচরণবিধিতে নির্বাচনী প্রচারাভিযানে সরকারি গাড়ি ব্যবহার কিংবা এ ধরনের জৌলুস দেখানোর ওপর নিষেধাজ্ঞা আছে। নির্বাচন কমিশন এই প্রার্থীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় আছি।
বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা ইতিমধ্যেই ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন এ নিয়ে বিব্রত বা উদ্বিগ্ন মনে হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিদেশি পর্যবেক্ষক না এলেও সমস্যা নেই, দেশি পর্যবেক্ষকেরা তো আছেন। কিন্তু ভোটকেন্দ্রে তাঁরা যে নির্ভয় ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন, সেই নিশ্চয়তা কি কমিশন দিতে পারবে? নির্বাচন কমিশনের আচরণে এটাই প্রতীয়মান হচ্ছে যে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হোক, মানুষ ভোটকেন্দ্রে যাক, সেটি তাদের কাম্য নয়। তারা কোনোভাবে ভোটের দিনটি পার করতে চায়। শুরু থেকে কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ ছিল বলা যাবে না। তাদের বিভিন্ন পরস্পরবিরোধী বক্তব্য কেবল বিভ্রান্তি সৃষ্টি করেনি, তাদের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ করেছে।
প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশের পর ক্ষমতাসীন দলটির আপত্তির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যখন সেই তথ্য লুকানোর উপায় খুঁজতে থাকে, তখন আমরা হতবাক না হয়ে পারি না। এটি এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির জন্য লজ্জাজনকও বটে। তাদের মনে রাখা দরকার, দীর্ঘ আইনি লড়াইয়ের পরই বাংলাদেশের মানুষ প্রার্থীদের সম্পর্কে নির্দিষ্ট আটটি তথ্য জানার অধিকার আদায় করেছে।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে যখন সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছিলেন, তখন বর্তমানে ক্ষমতাসীন দলটি তাকে জনগণের বিজয় বলেই অভিনন্দিত করেছিল। এখন তাদের বিপরীত ভূমিকা কেবল স্ববিরোধী নয়, আত্মঘাতীও। ভোট দিয়ে জনগণ যাঁদের নির্বাচিত করবেন, তাঁদের সম্পর্কে জানার অধিকারও নিশ্চয়ই জনগণের আছে।