১. প্রায় লাখ ছাত্রের সর্বোচ্চ গ্রেডপ্রাপ্তি কিন্তু গ্রেডের ভিত্তিতে কলেজে ভর্তির জন্য বিড়ম্বনাও বটে। গ্রেডের ধাপের সংখ্যা বাড়াতে না পারলে সমান গ্রেডের থেকে সিলেকশনের জন্য নানাবিধ তুলনামূলক অগ্রহণযোগ্য শর্তের শরণাপন্ন হতে হবে। যত শর্ত মানুষের মধ্যে পদ্ধতি নিয়ে, তত সন্দেহ। পরীক্ষা ছাত্রদের জন্য আরও চ্যালেঞ্জিং করতে হবে। নানা অলিম্পিয়াডে আমাদের ছাত্রদের কঠিন সমস্যা সমাধানের সামর্থ্য থেকে পরিষ্কার যে কঠিনতর চ্যালেঞ্জও আমাদের ছাত্ররা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে পারে। তাদের মেধা আর দক্ষতা চ্যালেঞ্জের মধ্যে না ফেললে তা আরও শাণিত হওয়ার সুযোগ নেই। আমাদের সেই সুযোগ তৈরি করতে হবে।
২. গ্রেডের মাধ্যমে ভর্তির নিয়মের ফলে আমাদের ছেলেমেয়েরা জেনে যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরই তাদের কলেজে ভর্তিভাগ্য নির্দিষ্ট। তাই পরীক্ষার পর কিন্তু তাদের আর পড়ালেখার আগ্রহ থাকবে না। বিভিন্ন দেশে নাগরিকদের মধ্যে যাতে দেশপ্রেম জাগ্রত হয়, তার জন্য নানা উদ্যোগ রয়েছে। যেমন কোরিয়ায় দেশের হয়ে অল্প বেতনে কাজ করা, অন্যান্য উন্নত দেশে স্কুল থেকে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সমাজসেবামূলক কাজ করে যথাযোগ্য প্রশংসাপত্র পেতে হয়। আমাদের দেশেও অনুরূপ কিছু করা উচিত। যেমন এসএসসি পরীক্ষা দেওয়ার পর ছাত্ররা বয়স্কদের জন্য শিক্ষা, কিংবা নিজ এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বাগান, বনায়নে অংশ নেওয়া, এমনকি রাস্তাঘাট মেরামত কিংবা খাল-বিলের সংস্কারে অবদান রাখা, সরকারি হাসপাতালে কিছু দায়িত্ব পালনে অংশগ্রহণ করতে পারে।
৩. উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তির নিয়মাবলিতে এত বিধান যে হাতে তা নির্ভুলভাবে পালন করা নিঃসন্দেহে দুরূহ। তাই ভর্তির গোটা প্রক্রিয়ার কম্পিউটারায়ন হওয়া উচিত। প্রতিটি কলেজের জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা অতটা সহজ না-ও হতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগে সাড়া না মিললেও কলেজ পর্যায়ে আমরা এই উদ্যোগটা গ্রহণ করতে পারি। প্রত্যেক ছাত্র তার পছন্দের ক্রমে কলেজ ও বিষয়সমূহের নাম আবেদনপত্রে উল্লেখ করবে। একটি প্রোগ্রামের মাধ্যমে সব ছাত্রের ভর্তির ফলাফল বের হয়ে আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণদের তালিকা থেকে ভর্তি করে নেওয়া হবে। এই তালিকাগুলো ওয়েবে থাকবে। ফলে সব ছাত্রই কলেজ, বিষয় কিংবা অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকা থেকে তার ভর্তির সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে।
৪। কম্পিউটার বিজ্ঞানে আমরা বলে থাকি, কম্পিউটার সিস্টেমের থেকে তথ্য অধিকতর জরুরি। প্রকৃতপক্ষে আমাদের মতো ঘনবসতিপূর্ণ মাত্রাতিরিক্ত বেকারের দেশে কম্পিউটার দিয়ে মানুষ যে কাজ করতে পারে, শুধু তা করিয়ে নেওয়ার মধ্যে তেমন বাহাদুরি দাবি করা যায় না। বরং সংরক্ষিত তথ্যের ওপর নানাভাবে সংশ্লেষণ, বিশ্লেষণ, ডেটা মাইনিং করে যদি প্রযুক্ত সিস্টেমের উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে, যা সীমিত সম্পদের দেশের জন্য জরুরি। তাই আমাদের রেজিস্ট্রেশনের সময় ছাত্রদের পিতামাতার পেশা, আর্থিক অবস্থা এবং অন্যান্য তথ্যও সংরক্ষণ করা দরকার, যাতে আমরা তা থেকে প্রয়োজনীয় ডেটা মাইনিং কিংবা জ্ঞান উদ্ধার করতে পারি, যার প্রয়োগের মাধ্যমে নানা এলাকার পড়ালেখার দুর্বল দিক চিহ্নিত করে তার উন্নয়ন ঘটানো যায়।
৪. গ্রেড স্ফীতির মাধ্যমে তরুণদের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতাকে আমরা যাতে নষ্ট করে না দিই। উন্নত দেশের শিক্ষায় বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষকের মান কোনো কিছুতেই অদূর ভবিষ্যতে আমাদের তুলনীয় হওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের তরুণদের প্রাণশক্তি কিন্তু তাদের থেকে কম নয়। বৈরী চ্যালেঞ্জিং পরিবেশে বাস করে আমাদের ছেলেমেয়েদের খাপ খেয়ে নেওয়ার ক্ষমতা বেশি। তাদের এই প্রাণশক্তিকে ব্যবহার করে তাদের দক্ষতা বৃদ্ধিকে উৎসাহিত করতে অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা অধিকতর ও বড় পরিসরে ও নানা বিষয়ে আয়োজন করা উচিত।
৫. প্রতিটি স্কুল-কলেজে পর্যাপ্তসংখ্যক যোগ্য শিক্ষক নিশ্চিত করাটা হয়তো সময়সাপেক্ষ ব্যাপার। এমনকি প্রত্যন্ত এলাকার ছাত্ররা যাতে করে যোগ্য শিক্ষকের অভাবে পাঠ শিক্ষায় বিড়ম্বিত, বঞ্চিত না হয় তার জন্য উন্নত মানের পাঠ্যপুস্তক প্রণয়ন, টেলিভিশনের মাধ্যমে সময়সূচি করে সারা দেশের ছেলেমেয়েদের জন্য পাঠ্য বিষয়বস্তু অভিজ্ঞ শিক্ষক দিয়ে প্রচার এবং প্রকৃত অর্থে সৃজনশীল প্রশ্ন দিয়ে ছাত্রদের মেধা পরীক্ষার ব্যবস্থা করা উচিত। এর জন্য প্রয়োজনবোধে আলাদা প্রতিষ্ঠানও তৈরি করা যেতে পারে, যারা ছাত্রদের দুর্বল দিক নিয়ে গবেষণা করবেন এবং ভালো প্রশ্নপত্র প্রণয়ন করে তার মাধ্যমে ১০-১৫ লাখ ছাত্রের মেধার মূল্যায়ন করবেন।
আমাদের স্কুলের ছেলেমেয়েরা এখন যথাসময়ে কোটি কোটি বই বিনা পয়সায় পাচ্ছে, একটি শিক্ষানীতিও বাস্তবায়নাধীন। স্কুল-কলেজে এলাকাভিত্তিক ভর্তির নিয়ম করে এখন আমরা এলাকায় এলাকায় অধিকতর ভালো স্কুল-কলেজ তৈরিকে উৎসাহিত করতে পারি, সঙ্গে সঙ্গে যানজট সমস্যার সমাধানে কিঞ্চিৎ অবদান রাখতে পারি। সরকার নানা উদ্যোগের মাধ্যমে গবেষণাকে উৎসাহিত করছে। এর পরও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে পারছে না। এ ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার রয়েছে। এই উদ্যোগগুলোকে কার্যকর ও উৎপাদনশীল করার জন্য সচেষ্ট হওয়া প্রয়োজন।
মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অবসায়েন্সেস।