সম্প্রতি একটি সেমিনারে তথ্য প্রকাশ করা হয়েছে, গত এক বছরে দেশে এইডস রোগে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। একই সঙ্গে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন।
তথ্যে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে এইডস রোগের ভাইরাস বহন করছেন তিন হাজার ২৪১ জন। গত এক বছরে দেশে এইডস রোগে আক্রান্ত হওয়ার হার ২৫ শতাংশ বেড়েছে বলেও উল্লেখ করা হয়। আমাদের জন্য এ ধরনের তথ্য সত্যিকার অর্থেই আশঙ্কার বিষয়।
কেননা, যেখানে উন্নত বিশ্ব এখনো এইডসের সঠিক কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি, সেখানে তৃতীয় বিশ্বের বাংলাদেশ এই মহামারিকে সামাল দেবে কীভাবে? ভয়াবহ এই মরণব্যাধি থেকে মানুষকে দূরে রাখতে হলে সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে।
কী কারণে, কেন এইডস হয় বা হতে পারে, এইডস হওয়ার লক্ষণ প্রভৃতি বিষয়াদি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে পারলে এর ভয়াবহতা থেকে আমরা রক্ষা পেতে পারি। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন কল্যাণমূলক সংগঠনকে এগিয়ে আসতে হবে।
র ই কামাল, সিলেট।