এক কেন্দ্রের বদলে বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের চোখরাঙানি সত্ত্বেও রাশিয়া ক্রিমিয়াকে নিজের ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিল। তার আগে যুক্তরাষ্ট্র সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত রাশিয়া ও অন্যান্য দেশের বিরোধিতায় সে অবস্থান থেকে সরে আসে। দি ইকোনমিস্ট অঙ্ক কষে বলেছে, ২০২০ সাল পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্রের গড় প্রবৃদ্ধির হার যথাক্রমে ৭ দশমিক ১ ও ২ দশমিক ৪ শতাংশ হলে চীন আগামী ২০১৯ সালের মধ্যে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। ফলে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য ইতিমধ্যে হুমকির মুখে পড়ে গেছে বলেই বিশ্লেষকেরা মনে করছেন৷
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রার ক্রয়ক্ষমতার বিচারে ২০১৪ সালের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। ক্রয়ক্ষমতার দিক থেকেও চীন এ বছর যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে, তবে বাজার বিনিময় হারের বিচারে চীনের অর্থনীতি এখনো যুক্তরাষ্ট্রের অর্থনীতির ৬০ শতাংশ, এপির খবরে এটা বলা হয়েছে। চীন সে জায়গায় পৌঁছে গেলেও রাজনৈতিক ও সামরিকভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা শিগগিরই দখল করতে পারবে না। চীন তার আশপাশের অঞ্চল নিজেদের নজরদারিতে রাখবে, সেখানে অন্য কাউকে প্রবেশাধিকার দেবে না। চীন গত বছরের নভেম্বরে পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকা নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এ নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। তা সত্ত্বেও চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ লড়াইয়ে নামবে, এমন তথ্য আমাদের হাতে নেই। পৃথিবীর ইতিহাসে এটা এক নতুন বিষয় হয়েই দেখা দিয়েছে। কারণ, অর্থনৈতিক পরাশক্তিগুলোই এতকাল ভূরাজনীতি নিয়ন্ত্রণ করে এসেছে। প্রথমে ব্রিটেন ও পরে যুক্তরাষ্ট্র।
আজ বিশ্বায়নের যুগে সারা পৃথিবীর একটাই কেন্দ্রীয় জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। সে নিয়ন্ত্রণের জায়গাটি নিরঙ্কুশভাবে দখল করে আছে যুক্তরাষ্ট্র৷ অনেক বছর ধরে চলে আসা বিশ্বব্যবস্থার কারণেই তা সম্ভব হয়েছে। নিয়ন্ত্রণের যত রকম আয়োজন আছে, তার সবই আছে যুক্তরাষ্ট্রের হাতে৷ সামরিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো ধরাছোঁয়ার বাইরে। পাশাপাশি জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতির ওপরও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিরঙ্কুশ৷ গোটা পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থার ওপরও যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ কর্তৃত্ব আছে। ফলে বৈশ্বিক পরিসরে তথ্যপ্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারিতেই আছে৷ ভূরাজনীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা তুরুপের তাস৷
অর্থনৈতিকভাবে চীন হয়তো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। কিন্তু সারা দুনিয়ার অর্থনীতি একসূত্রে গাঁথা। একজন আরেকজনের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে চীনের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে, আবার চীনের তৈরি পণ্যের বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে একে অপরকে ছাড় দিয়েই তাঁদের চলতে হবে। বলা বাহুল্য, ক্ষমতার ভারসাম্য অনুযায়ী এ ছাড় দেওয়ার গতিপ্রকৃতি নির্ধারিত হবে। চীন যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে হুমকি হলেও এই মুহূর্তে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি হচ্ছে রাশিয়া। সোভিয়েত আমলে রাশিয়া সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিল। দেশটির অর্থনৈতিক ভিত্তিও সে সময়ে নির্মিত হয়। এই ভিত্তির ওপর ভর করে সোভিয়েত ইউনিয়ন পতনের পর বর্তমানে রাশিয়া পুতিনের আমলে আবারও অর্থনৈতিকভাবে উঠে দাঁড়িয়েছে। আর সোভিয়েত ইউনিয়নের পতনের পুরস্কারস্বরূপ ১৯৯৮ সালে রাশিয়া বিশ্ব মোড়লদের সংগঠন জি-৮-এর সদস্যপদ পায়। এর বলেই রাশিয়া এখন মধ্য এশিয়া অঞ্চলে তাদের কর্তৃত্ব বিস্তারের পথে হাঁটা শুরু করেছে। ক্রিমিয়ার বর্তমান সংকট সেই পরিকল্পনারই অংশ।
এ প্রক্রিয়ায় রাশিয়া পশ্চিম, মানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকেও অগ্রাহ্য করতে কসুর করছে না। কিছুদিন আগেও এর নিজর আমরা দেখেছি। যুক্তরাষ্ট্র যখন সিরিয়া যুদ্ধের দামামা বাজাতে শুরু করে, তখন রাশিয়ার গরম কথায় তারা পিছিয়ে যেতে বাধ্য হয়। সিরিয়া সংকট নিয়ে যে অচলাবস্থা চলছে, এতে রুশ-মার্কিন অবস্থান সেয়ানে-সেয়ানে টক্করের মতো। পশ্চিমা সমর্থনপুষ্ট ওয়াশিংটন প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধাচরণ করে যেমন বিদ্রোহীদের মদদ দিয়ে যাচ্ছে, তেমনি বাশারের সমর্থনে মস্কোও এ টক্করে একচুল ছাড় দিচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকেও রাশিয়া রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ফলে রাশিয়া যে কেউকেটা প্রকৃতির কিছু হয়ে উঠেছে, তা সহজেই বোঝা যাচ্ছে। তবে পশ্চিমা সংবাদমাধ্যম এটাকে নতুন শীতল যুদ্ধ হিসেবে অভিহিত করতে শুরু করেছে। আপাতত রাশিয়ার সঙ্গে শত্রুতায় ওবামা খুব একটা লাভবান হবেন না; বরং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে উঠতে পারে। স্নায়ুযুদ্ধের সঙ্গে ওবামার সরাসরি সম্পৃক্ততা নেই। কিন্তু সাবেক কেজিবি সদস্য পুতিনের মধ্যে স্নায়ুযুদ্ধের স্মৃতি জাগ্রত আছে বলে বিশ্লেষকেরা মনে করেন৷ সে মোতাবেক যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত স্নায়ুযুদ্ধের চেতনা থেকেই আসে বলে তাঁদের ধারণা৷ তবে দুই বাস্তবতা মোটেও এক নয়।
মধ্য এশিয়ার উজবেকিস্তান, তুর্কমেনিস্তান প্রভৃতি দেশ ইতিমধ্যে অর্থনৈতিকভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল। এসব দেশে পশ্চিমের অনুপ্রবেশ বন্ধ করা এবং তাদের খনিজ সম্পদের ওপর একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত করতেই রাশিয়া ক্রিমিয়ার ওপর দাদাগিরি ফলাতে শুরু করেছে। এর সঙ্গে রয়েছে ২০১৩ সালের তাদের জিডিপির নিম্ন প্রবৃদ্ধি, যা ১ দশমিক ৩ শতাংশে এসে ঠেকেছে। ইউরোপ এখনো তার প্রয়োজনীয় গ্যাসের এক-তৃতীয়াংশ আমদানি করে রাশিয়া থেকে। ফলে রাশিয়া তার সামরিক শক্তির ওপর নির্ভর করে এই অর্থনৈতিক মন্দাবস্থা কাটিয়ে উঠতে চেষ্টা করবে বা ভবিষ্যতে আরও শক্তিশালী হতে তারা এই অঞ্চলে এখন থেকে দাদাগিরি করবে। পুতিন এমনও স্বপ্ন দেখছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোকে নিয়ে রাশিয়া একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করবে। ইউরেশিয়ার খনিজ সম্পদে ধনী দেশগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে বা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে এখান থেকে দূরে রাখা গেলে রাশিয়া ভবিষ্যতের বিশ্বব্যবস্থার নতুন এক আঞ্চলিক প্রভু হয়ে উঠবে। সে রকম সম্ভাবনা সুদূরপরাহত নয়। ফলে পশ্চিমা বিশ্ব একযোগে গণতন্ত্রের ঝাঁপি খুলে বসেছে। যদিও ইরাক, আফগানিস্তান ও লিবিয়া দখল করার সময় এসব গণতন্ত্রের বুলি কর্পূরের মতো উবে যায়।
প্রখ্যাত স্লোভেনীয় বুদ্ধিজীবী স্লাভোই ঝিঝেক বলেছেন, ‘মার্কিন শতাব্দী’র আয়ুষ্কাল শেষ৷ আমরা এখন এমন এক জমানায় ঢুকেছি, যেখানে বৈশ্বিক পুঁজিবাদের নানা কেন্দ্র গড়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও সম্ভবত লাতিন আমেরিকায়ও পুঁজিবাদ নিজস্ব ধরন নিয়ে গড়ে উঠছে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ হচ্ছে নব্য উদারনৈতিক পুঁজিবাদ, ইউরোপ এখনো কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা আঁকড়ে আছে। চীনে দেখা যাচ্ছে কর্তৃত্বশীল পুঁজিবাদ, আর লাতিন আমেরিকায় জনপ্রিয় ধারার পুঁজিবাদ। যুক্তরাষ্ট্র নিজেকে একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায় এখন এসব কেন্দ্রের বিবদমান স্বার্থের সমন্বয় করার জন্য নতুন নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে।
বুশ বলেছিলেন, ‘আমরা শত্রুদের দ্বারা আক্রান্ত হতে পারি, তাই আগেভাগেই আমাদের আক্রমণ করতে হবে৷’ এখন পুতিন বলছেন, ‘রুশভাষীরা বিপন্ন, তাই আমাদের হস্তক্ষেপ করতে হবে৷’ এই দুই বুলির মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া খুবই মুশকিল। তারপর হয়তো চীনও একই কথা বলবে। এটা মনে করার কোনো কারণ নেই যে, রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রকে মোড়লের আসন থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। সে দিিল্ল বহুদূর। আমরা আসলে এককেিন্দ্রক বিশ্বব্যবস্থা থেকে ক্রমেই একটি বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে চলেছি৷ সে ব্যবস্থায় থাকবে অনেকগুলো স্থানীয় কেন্দ্র। পরাশক্তিগুলোর পারস্পরিক বোঝাপড়ার ওপরই নির্ভর করবে দুনিয়ার ভবিতব্য।
প্রতীক বর্ধন: সাংবাদিক৷