এক বৃহত্তর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি ইন্ডিয়ান এক্সপ্রেস
দি ইন্ডিয়ান এক্সপ্রেস

স্বাধীনতা অর্জনের ৪২ বছর পর বাংলাদেশে সহিংসতার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনটি ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়টি ফিরিয়ে এনেছে। শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া শুরু করার পর থেকে রাস্তাঘাটে যে বৃহত্তর লড়াই শুরু হয়েছে, তা থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা—যাঁরা [পাকিস্তানিদের] সহযোগিতাকারী রাজাকার হিসেবে পরিচিত—অপরাধের দায়ে দোষী হিসেবে সাব্যস্ত হয়েছেন, গণহত্যাসহ মানবতার বিরুদ্ধে অন্যান্য অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বিরোধী জোটের অন্যতম প্রধান খুঁটি জামায়াত প্রতিশোধ নিতে শুরু করেছে বোমাবাজি, অগ্নিসংযোগ, সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের হত্যা এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ। একটি অসাম্প্রদায়িক ও উদারপন্থী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচয় অক্ষুণ্ন রাখার চেষ্টা করছে হাসিনার সরকার; জামায়াতের জন্য এটি অস্তিত্বের লড়াই এবং চূড়ান্ত অর্থে দেশটির ওপর ইসলামপন্থী পরিচয় চাপিয়ে দেওয়ার প্রয়াস। অন্য কথায়, এটি বাংলাদেশের আত্মা নিয়ে একটি যুদ্ধ। দেশটির জন্য যেমন, তেমনই এই অঞ্চলের জন্য যারা সহিষ্ণুতার পক্ষে কথা বলছে, এই যুদ্ধে তাদের বিজয় হওয়া জরুরি।

অস্বীকার করার উপায় নেই, যেভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, তাতে এর প্রক্রিয়া ও বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নির্বাচনের প্রস্তুতিকালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ উন্মুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে, বিরোধী দল যেভাবে নির্বাচন চেয়েছে সেভাবে নির্বাচন অনুষ্ঠানে রাজি হয়নি, যার ফলে বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলো, যারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে, যারা পুনর্নির্বাচিত হাসিনা সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখতে পারে, তাদের প্রতিও প্রশ্ন তোলা যায়। কেন তাদের এই বাছাই করা ক্রোধ? অন্যান্য ক্ষেত্রে তো তারা এমন আচরণ করেনি! যেমন ১৯৯৬ সালে ব্যাপক আন্দোলনের মুখেও খালেদা জিয়া যখন আজকের হাসিনার মতো আচরণ করেছিলেন, তখন তো তারা তাঁর সঙ্গে এ রকম ক্রুদ্ধ আচরণ করেনি। প্রকৃতপক্ষে, বাংলাদেশের গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতের দ্বারা, যে দলটির অপরাধগুলো আর যেকোনো রাজনৈতিক দলের মতো ঢাকা দেওয়ার নয়।
সমস্যাগ্রস্ত শেখ হাসিনার প্রতি সহযোগিতার হাত বাড়াতে নয়াদিল্লি একাধিক দিক থেকে ব্যর্থ হয়েছে। এখন তাঁর এই কঠিন মুহূর্তে তাঁর পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য নয়াদিল্লি কূটনৈতিক কর্তব্যবোধে জেগে উঠেছে বলে প্রতীয়মান হচ্ছে। চরমপন্থী শক্তিগুলোর বিরুদ্ধে তাঁর বৃহত্তর লড়াইয়ে তাঁর প্রতি ভারতের নিজের সমর্থন জোর দিয়ে ব্যক্ত করা উচিত; তবে একই সঙ্গে দিল্লির উচিত হবে তাঁকে বিরোধী দলের কাছে যেতে এবং একটি সংলাপের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানানো, যাতে করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে ওঠে। আর, জামায়াতের সঙ্গে মৈত্রীর বিষয়টি খালেদা জিয়ার নতুন করে ভেবে দেখা প্রয়োজন, এ সম্পর্ক চালিয়ে গেলে বাংলাদেশের ক্ষতি শুধু বাড়তেই থাকবে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস, ৬ জানুয়ারি ২০১৪