দিনপঞ্জির হিসাবে ২৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের দূরত্ব মাত্র তিন দিন, আর বছরের হিসাবে ২০০৬ থেকে ২০১৩-এর দূরত্ব সাত বছর। কিন্তু দেশের চলমান রাজনীতিতে সেই দূরত্বটুকু বজায় থাকবে, না ২০০৬ সালের ২৮ অক্টোবর-পরবর্তী ঘটনার পুনরাবৃত্তি ঘটবে; তা নিয়ে দেশবাসী ভীষণ উদ্বিগ্ন ও বিচলিত। এমনকি ঈদ ও পূজার আনন্দকে ছাপিয়ে মানুষের মনে রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়টিই বড় হয়ে উঠেছে।
কিন্তু রাজনৈতিক নেতৃত্ব একেবারেই নির্বিকার এবং যে যার অবস্থানে অনড়। বিশেষ করে, ক্ষমতাসীন দলটি যেভাবে নির্বাচনের ছক নিয়ে এগোচ্ছে, তাতে আমরা ধ্বংস ও প্রলয়েরই আলামত দেখছি। বিরোধী দলের মধ্যেও ‘ছেড়ে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ মনোভাব লক্ষ করা যাচ্ছে। ২৫ অক্টোবর সামনে রেখে ইতিমধ্যে দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি নিয়েছে। এর পরিণাম কী হতে পারে? আমরা কি আবারও একটি মহাপ্রলয় প্রত্যক্ষ করছি? দুই দশকের গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ যা অর্জন করেছে, তা কি রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শী আচরণে শেষ হয়ে যাবে?
ক্ষমতাসীনেরা কথায় কথায় অগণতান্ত্রিক ও অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ তুললেও তাদের কর্মকাণ্ডে সেই অগণতান্ত্রিক ও অসাংবিধানিক শাসনের পথকেই প্রশস্ত করছে। নির্বাচনের মূল কথা হলো অবাধ ও মুক্ত পরিবেশে পছন্দসই প্রতিনিধি বাছাই করা। সে ক্ষেত্রে বিরোধী দল যদি নির্বাচনেই না আসে বা তাদের আসতে না দেওয়া হয়, তাতে সরকারের একগুঁয়েমি বজায় থাকলেও গণতন্ত্র রক্ষা পাবে না। সরকারি দল শুরু থেকে বলে এসেছে, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা যাবে না। কিন্তু সদিচ্ছা থাকলে সংবিধান পরিবর্তন না করেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মতৈক্যে আসা অসম্ভব নয়। এখনই বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন। প্রধানমন্ত্রী লেভেল প্লেয়িং ফিল্ড করার যে অঙ্গীকার করেছেন, তা থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।
গণতন্ত্রে জেদাজেদির স্থান নেই। দেশবাসী সবার অংশগ্রহণেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। ক্ষমতাসীনেরা সেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে না পারলে ইতিহাসের কাছেই দায়বদ্ধ থাকতে হবে।