একজন বাঙালি প্রধানমন্ত্রীর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর ২৭ ফেব্রুয়ারি করাচির মার্কিন কনস্যুলেটের প্রতিবেদন
গতকালের পর

খাজা নাজিমুদ্দীন
খাজা নাজিমুদ্দীন

এই মুহূর্তে ভাষা নিয়ে যখন এই প্রতিবেদন তৈরি করা হচ্ছে, তখন এটি আবার পূর্ব বাংলায় মাথাচাড়া দিয়ে উঠেছে। গত জানুয়ারি মাসের শেষে খাজা নাজিমুদ্দীন পূর্ব পাকিস্তান সফর করছিলেন। একটি সভায় তিনি প্রাদেশিকতাবাদের নিন্দা করেন এবং স্পষ্টত কোনো উসকানি ছাড়াই তিনি ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। রাজনৈতিকভাবে অসময়োচিত এই বিবৃতি বাঙালিদের বিক্ষুব্ধ করে তোলে এবং তা অনতিবিলম্বে প্রতিবাদের ঝড় তোলে।
ছাত্রদের নানা গ্রুপ ছিল। তাদের সঙ্গে তাল মিলিয়েছিল ভিন্নমতাবলম্বী অছাত্রমহলও। তারা বিক্ষোভ শুরু করে এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি গঠন করে। তারাই ৪ ফেব্রুয়ারিতে ঢাকায় একটি সাধারণ ‘ধর্মঘট’ ডেকেছে। ওই দিনে বিক্ষোভ এবং ছাত্রদের মিছিল হয়েছে। আরও একটি সাধারণ ‘ধর্মঘট’ ডাকা হয়েছে ২১ ফেব্রুয়ারিতে। এদিকে কমিউনিস্ট পার্টিসহ একাধিক বামপন্থী সংগঠন এবং ঢাকার দৈনিক পাকিস্তান অবজারভার পত্রিকা বাঙালিদের উজ্জীবিত করছিল এবং তারাও ছাত্রদের বিক্ষোভে শামিল হতে উৎসাহ জুগিয়েছিল।
২১ ফেব্রুয়ারি ছাত্ররা বিরাট সমাবেশের আয়োজন করেছিলেন এবং তাঁরা মিছিল ও সমাবেশের ওপর আগের দিন আরোপিত সরকারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিলেন। তাতে কিছু সহিংস ঘটনা ঘটে এবং পুলিশ গুলিবর্ষণ করে। এতে বিক্ষোভকারীদের অনেকেই নিহত (পরে ঢাকার মার্কিন কনস্যুলেট নিহত ছাত্রের সংখ্যা পাঁচজন নির্দিষ্ট করেছিল) হন। ছাত্রদের বিক্ষোভ ২২ ও ২৩ ফেব্রুয়ারিও অব্যাহত থাকে। এই দুই দিন প্রধানত অছাত্ররাই নেতৃত্ব দিয়েছিলেন। সেনাবাহিনীকে ডাকা হয়েছিল পুলিশকে সহায়তা দিতে। রাতে জারি করা হয়েছিল কারফিউ। একটি সরকারপন্থী সংবাদপত্র জ্বালিয়ে দেওয়া হয়। প্রাদেশিক মুখ্যমন্ত্রী (নূরুল আমিন) লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বিদ্রোহের সম্মুখীন হওয়ার হুমকিতে পড়েন। তাই প্রাদেশিক আইন পরিষদ অনতিবিলম্বে একটি শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এ জন্য তারা পাকিস্তান গণপরিষদের কাছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করে।
২৫ ফেব্রুয়ারিতে প্রাদেশিক সরকার দাঙ্গা বাধানোর অভিযোগে লেজিসলেটিভ অ্যাসেম্বলির দুজন হিন্দু কংগ্রেসম্যান, দুজন মুসলিম সদস্য এবং একজন মুসলিম অসদস্যকে গ্রেপ্তার করেছে। এর প্রতিক্রিয়া কী হবে তা মূল্যায়ন করা এখনই সম্ভব নয়। সহিংসতা যখন প্রশমিত হয়েছে, তখন পূর্ব বাংলা সরকার চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে স্বীকৃত হয়।
১৯৫০ সালের শেষ দিকে আরেকটি বিষয় নিয়ে আলোড়ন তৈরি হয়। পাকিস্তান গণপরিষদের বেসিক প্রিন্সিপাল (মূলনীতি) কমিটি একটি প্রতিবেদন দিয়েছিল। এর উদ্দেশ্য ছিল নতুন সংবিধানের আওতায় সরকারের মৌলনীতি কী হবে তা নির্দিষ্ট করা। ওই কমিটির প্রতিবেদনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কিছু ধারণা দেওয়া হয়েছিল।
কিন্তু একই সঙ্গে তাতে উল্লেখযোগ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপের কথাও বলা ছিল। বাঙালিরা এর উত্তরে বলেছিল, তাদের স্বার্থ এভাবেই কেন্দ্রের অধীন করা হয়েছে। বাঙালিরা ‘সংবিধানের লক্ষ্য এবং উদ্দেশ্য’ ব্যাখ্যা করে অভিমত দেয় যে প্রদেশকে পৌরসভায় পরিণত করা হবে। তারা আরও দাবি করে যে প্রদেশের কর্তৃত্বের ওপর যেসব ‘সীমা এবং সীমাবদ্ধতা’ চিহ্নিত করা হয়েছে তা সংখ্যায় অনেক বেশি। এর ফলে যে আন্দোলন দানা বাঁধে তাতে কেবল ছাত্ররাই নন, তাতে প্রাদেশিক মুসলিম লীগের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
এই বিষয়টি লিয়াকত আলী খান (পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, আততায়ীর গুলিতে ১৯৫১ সালে নিহত হন) শক্ত হাতে মোকাবিলা করেন। আন্দোলনকারীদের তিরস্কার করেন এবং উল্লেখ করেন যে তাঁদের কাছে যদি এর চেয়ে উত্তম প্রস্তাব থেকে থাকে, তাহলে তা বিবেচনার জন্য পেশ করা উচিত। রাজনৈতিক সুবিধার দিক থেকে তিনি একই সঙ্গে কয়েক মাসের জন্য বেসিক প্রিন্সিপাল কমিটির আলোচনা স্থগিত রাখেন, যাতে করে আন্দোলনের মৃত্যু ঘটে। জনসাধারণকে সুপারিশ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং যেসব সুপারিশ পাওয়া যায় তা গণপরিষদ দ্বারা গঠিত একটি উপকমিটিকে পর্যালোচনা করতে দেওয়া হয়। কথিত মতে, লিয়াকত আলী পূর্ব পাকিস্তান মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন যে যদি তারা তাদের আন্দোলন বন্ধ না করে, তাহলে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছুই পাবে না।
দুর্ভাগ্যবশত লিয়াকত আলী যত ভালো কাজ করেছিলেন, তার প্রায় সবটাই ধূলিসাৎ হওয়ার উপক্রম হয়। কারণ, এর কয়েক দিন পরই পাকিস্তানের খাদ্যমন্ত্রী আবদুস সাত্তার পীরজাদা পূর্ব বাংলা সফরে যান। তিনি সেখানে বাংলায় দেওয়া এক বেতার ভাষণে বলেন, ‘যখন সংবিধান লেখা হবে এবং তা কার্যকর করা হবে তখন বাঙালিরা আশা করতে পারেন না যে অ্যাসেম্বলিতে তাঁরা সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব বজায় রাখতে পারবেন।’ এটা যতই বাস্তব হোক না কেন, তাঁর ওই বক্তব্য বাঙালিদের কাছে বিস্বাদ লেগেছিল।
এর আগে এমন শক্তিশালী নেতা ছিলেন যাঁরা এই বিষয়টি পরাভূত করতে সক্ষম ছিলেন। আজ সাক্ষ্য মিলছে যে প্রদেশের মুসলিম লীগের শীর্ষস্থানীয় পদে যাঁরা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মুসলিম লীগের প্রতি অনুগত তাঁদের তরফ থেকে কেন্দ্রের বিরুদ্ধে একটি বিদ্রোহ বৃদ্ধি পাচ্ছিল।
প্রথমে ভাবা হয়েছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে একজন বাঙালি বসানোকে সরকার এবং প্রাদেশিক মুসলিম লীগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সংকেত হিসেবে দেখা হবে। কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে যে ওই যোগাযোগ দুর্বলতর হয়েছে।
সাম্প্রতিক কালে বেশ কিছু উপলক্ষে দেখা গেছে প্রদেশে ছোটখাটো বিদ্রোহের ঘটনা ঘটেছে। এবং বর্তমানে এই লক্ষণ দেখা যাচ্ছে যে এই সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। যদিও প্রদেশকে আস্থায় রাখতে সুস্পষ্ট কেন্দ্রীয় পদক্ষেপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক অস্থিরতার ঘটনা খাদ্য ঘাটতি এবং লবণের অপর্যাপ্ততাকে কেন্দ্র করে আরও ঘনীভূত হয়েছে। প্রাদেশিক সরকারের সদস্যরাও এ জন্য কেন্দ্রীয় সরকারের ওপর দোষ দিয়েছে। আরও দুটো সূচককে গুরুত্বপূর্ণ বলে মনে করা যায়।
প্রাদেশিকতাবাদের অনুভূতি পূর্ব বাংলায় যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটা পাকিস্তানের পশ্চিমাংশের প্রদেশগুলোতে দেখা যায় না। কিন্তু সেটাও মোটামুটি একই ধরনের শক্তিশালী। যখনই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সরকারি চাকরিক্ষেত্রে প্রদেশগত প্রতিনিধিত্বশীলতার প্রশ্ন ওঠে, তখন সব প্রদেশ থেকেই অতিরিক্ত প্রতিনিধিত্বের বিষয়টি সামনে চলে আসে। বাঙালিরা মনে করেন, তাঁরা যেহেতু জনসংখ্যায় বেশি, তাই প্রতিনিধিত্বশীল সব সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যপদ থাকা উচিত বাঙালির। পাঞ্জাবের ‘পর্যাপ্ত’ প্রতিনিধিত্বের মনোভাব প্রকাশ করেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী মিয়া মমতাজ দৌলতানা।
গত ২৫ অক্টোবর নাজিমুদ্দীনের নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই তিনি উল্লেখ করেন যে কেন্দ্রের দ্বারা তিনি আশ্বস্ত হয়েছেন। তাঁকে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে মন্ত্রিসভায় পাঞ্জাবিদের ‘সম্পূর্ণ এবং পর্যাপ্ত’ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। তিনি ওই সময় উল্লেখ করেন যে পাঞ্জাবের হিস্যা (মন্ত্রিসংখ্যা), যা হওয়া উচিত তা তারা পায়নি। কিন্তু দৌলতানার এই দাবি প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন কার্যত নাকচ করে দিয়েছেন। কারণ, ২০ নভেম্বর তিনি তাঁর মন্ত্রিসভা রদবদল করেন। কিন্তু তাতে দেখা যায় পাঞ্জাব থেকে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে দৌলতানা প্রকাশ্যে তাঁর অসন্তোষ ব্যক্ত করেন। সিন্ধ অবজারভার প্রধানত সিন্ধু প্রদেশসংক্রান্ত খবরাখবর ছেপে থাকে। একজন সিন্ধি রাজনীতিককে কূটনীতিক নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকাটি একে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে সিন্ধি জনমত যথেষ্ট প্রবল থাকা সত্ত্বেও পাকিস্তানের কূটনৈতিক চাকরিতে সিন্ধিদের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই এ ক্ষেত্রে প্রতিনিধিত্বশীলতা বাড়ানোর দাবি যথার্থ।
রাজস্ব বণ্টনের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রদেশগুলোর মধ্যে প্রাদেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ঝগড়াঝাঁটি লক্ষ করা যায়। প্রদেশগত দাবি উত্থাপনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে পাকিস্তান সরকার ১৯৫১ সালে স্যার জেরেমি রেইসম্যানকে আমন্ত্রণ জানিয়েছিল। তিনি ছিলেন দেশভাগপূর্ব গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের অর্থবিষয়ক সদস্য। তাঁকে একটি অর্থনীতি অনুসন্ধান পরিচালনা এবং ‘ন্যায়সংগতবাদিতা’ নিশ্চিত করতে কেন্দ্র এবং প্রদেশগুলোর মধ্যে রাজস্ব বণ্টন কী হবে, তা নির্দিষ্ট করতে সুপারিশ করতে বলা হয়েছিল। তাঁকে যখন আমন্ত্রণ জানানো হয়, তখন প্রাদেশিক সরকারগুলো এবং কেন্দ্রীয় সরকার একমত হয়েছিল যে তিনি যে সুপারিশ দেবেন, সেটা সবার কাছে অ্যাওয়ার্ড বা রায় হিসেবে গণ্য হবে।
(চলবে)
মিজানুর রহমান খান: সাংবাদিক।
[email protected]