
জাহানারা ইমামকে চিনতাম। রুমীকেও। ষাটের দশকের মাঝামাঝি সময় ঢাকার বাইরে থাকতাম। মাঝেমধ্যে ঢাকায় এলে দু-এক রাত এলিফ্যান্ট রোডের কণিকা—জাহানারা ইমাম-রুমীদের বাসায় যাওয়া হতো।
একবার সবাই মিলে সুন্দরবনে বেড়াতেও গিয়েছিলাম, যখন আমরা খুলনায়, তখন। ছেলের পর চাচাও মৃত্যুবরণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময়ই।
১৯৯২ সালে যখন গণ-আদালত হলো, গোলাম আযমের বিচার হলো, তার আগে জাহানারা ইমামের নেতৃত্বে রাজাকারদের বিচার আন্দোলন হচ্ছিল, তখন লন্ডনে থাকতাম। তখনো মোবাইল-ইন্টারনেট হয়নি, লন্ডনেও না। লন্ডনের ব্রিক লেনে ঢাকার পত্রিকা পাওয়া যেত দুই-তিন দিন পর পর। সপ্তাহের সব দিনের পত্রিকা লন্ডনে যেত না। লন্ডন থেকে দু-তিনটা বাংলা সাপ্তাহিক প্রকাশিত হতো প্রতি রোববার। রোববারে-রোববারে ব্রিক লেনে ওসব পত্রিকা জোগাড় করে দেশের খবরাখবর রাখতাম। ১৯৭৬ সালে যখন প্রথম লন্ডনে গিয়েছিলাম, তখন বলা বাহুল্য কোনো বাংলা পত্রিকা দেখেছি বলে মনে পড়ছে না।
গণ-আদালতে গোলাম আযমের বিচারের খবর রেখেছিলাম। অল্পস্বল্প খবরের ওপর ভিত্তি করেই তখন মনে হতো আওয়ামী লীগ জাহানারা ইমামের আন্দোলনকে আরও জোরালোভাবে সমর্থন করলে আসল বিচারের দাবিটা আরও জোরালো হতো। প্রয়াত আবদুর রাজ্জাক ছাড়া ভীষণ জোরালোভাবে কেউই তো জাহানারা ইমামের পেছনে ছিলেন না। ১৯৯২ সালের পেছনের ২০ বছরের মধ্যে ১৫-১৬ বছর তখন কাটিয়েছি দেশের বাইরে। অতএব দেশ সম্পর্কে বোঝাবুঝির মধ্যে তখন নিশ্চয়ই বিস্তর গ্যাপ ছিল। লন্ডনে বসে কেন যেন মনে হতো শেখ হাসিনা দলে-বলে সমর্থন দিলে আসল বিচারের কাজটা তখনই অনেক এগিয়ে নেওয়া যেত।
গণ-আদালতে ১৯৯২-এ গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডতুল্য ঘোষিত হওয়ার দুই বছরের মাথায়ই জাহানারা ইমাম না ফেরার দেশে চলে গেলেন। তখনো অধম লন্ডনে। আর তার আগেই জাহানারা ইমামসহ ২৪ জনের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রথম বিএনপি সরকার দেশদ্রোহের মামলা করল। দেশটা হয়ে গেল গোলাম আযমদের। আসল আদালতে এই দেশের আইনে এ দেশের সরকার জাহানারা ইমামকে বানাল ‘দেশদ্রোহী’।
২.
১৯৭২-এর পর ৪১ বছর পেরিয়ে গেছে। ১৯৯২-র পর ২১ বছর। রুমীর পর ৪২ বছর। যত বছর পেরুক না কেন, বিচার তো এখন হয়েছে।
কয়েক দিন আগে আল্লামা শফী যেমন বলেছেন মেয়েদের ক্লাস ফোর-ফাইভের বেশি পড়াশোনার দরকার নেই, ফোর-ফাইভ পর্যন্ত পড়লে স্বামীর টাকাপয়সার হিসাব রাখার মতো বিদ্যা হবে এবং সেটাই যথেষ্ট। ঠিক একই ধরনের ধারণা, চিন্তা-চেতনা আইনের জ্ঞান আর আদর্শগত অবস্থান থেকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার জন্য বিচার ঠিকমতো হচ্ছে না, আন্তর্জাতিক মানসম্পন্ন হচ্ছে না বলে অনেকেই বছর তিনেক ধরে জপছেন। তাঁদের পরম সৌভাগ্য যে তাঁদের এই বয়ানের সঙ্গে আধা ডজন মতো সাদা চামড়ার লোকও যোগ দিয়েছে। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গলদটাও যেন আন্তর্জাতিক হয়ে গেছে।
গোলাম আযমদের আইনজীবীরা তাঁর এবং অন্য যুদ্ধাপরাধীদের বিচারে দোষ খুঁজবেন, সেটাই স্বাভাবিক। এটাও স্বাভাবিক যে ১৯৭৫-৭৬ সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ছাড়া নতুন দলে যোগ দেওয়ার মতো দেশে কোনো লোক ছিল না বললেই চলে। শাহ আজিজ গং অর্থাৎ মুসলিম লীগ বিভিন্ন ইসলাম ও পাকিস্তানপন্থী লোকজন ছাড়া আর কেউ তো ছিল না সামরিক শাসকের নতুন দলে ভেড়ানোর মতো। বাকশাল, আওয়ামী লীগ মস্কো-কমিউনিস্ট মস্কো ন্যাপ ও অন্যান্য প্রগতিশীল—এরা তো যাবে না। আর জামায়াত-রাজাকার-আলবদর অর্থাৎ সব খুনিরা তো গর্ত থেকে গলা বের করতে পারলেই বর্তে যায়। তখনকার পাকিস্তানি নাগরিক গোলাম আযমও দেশে ফেরত।
৩১ ডিসেম্বর ১৯৭৫-এ দালাল আইন বাতিল হলো। সেই আইনে আটক, বিচারাধীন সবাই রাতারাতি ছাড়া পেয়ে গেল। এখন রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করা হয়। এটা তো নস্যি। দালাল আইন বাতিল করার মর্ম আজ আমরা উপলব্ধি করতাম যদি হঠাৎ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাতিল করে দিয়ে বলা হয় যে এই আইনে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা সবাই খালাস পেয়ে যাবেন, সব মামলা খারিজ।
সত্তরের দশকে দল করার জন্য যাকেই পাওয়া গেছে, তাকেই বরণ করা হয়েছিল বাছ-বিচার না করেই। হোক না আলবদর বা রাজাকার—আমাদের তো। ভাবটা সে রকম।
আর গত ৫০ বছরে বিশ্বে আধা ডজন ব্যতিক্রম ছাড়া উর্দি পরে বা সদ্য উর্দি ছেড়ে যাঁরা রাজনীতির নামে বন্দুকের জোরে দেশ শাসন করেছেন, তাঁদের কোনো রাজনৈতিক আদর্শের বালাই ছিল না। অর্থাৎ সামরিক শাসকেরা কখনো রাজনৈতিক আদর্শ কী, সেটা বুঝতে চেষ্টাও করেননি। আপনি ‘ডান হোন, বাম হোন, খুনি বা স্মাগলার হোন, সবার জন্য দরজা খোলা। তথাকথিত টেকনোক্র্যাট, ব্যুরোক্র্যাট—এরা তো সব সময় দলে দলে সামরিক শাসকদের দলে যোগ দেয়।
৩.
সত্তরের শেষের দিকের বিএনপির জন্য তর্কের খাতিরে মানতে আমরা রাজি আছি যে আশির শেষে এরশাদবিরোধী আন্দোলনের পর ১৯৯১-এর নির্বাচনে বিজয় কিছুটা হলেও আকস্মিক ছিল। কে জানত শেখ হাসিনার এক বক্তৃতায় নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নামবে আর বিএনপি নির্বাচনে জিতবে।
তর্কের খাতিরে ধরে নিচ্ছি তখন বিএনপি সবে এক যুগ পার করেছে। বিশেষ করে, রাজনৈতিক দল হিসেবে দেশ পরিচালনার মতো গুরুদায়িত্ব পালনের পরিপক্বতা আসার মতো যথেষ্ট বছর পার হয়নি। যেখানে দলের আদর্শিক অবস্থা নড়বড়ে, সেখানে বন্ধ খাল, ঝরনা-নালা, ঝিল-নর্দমা থেকে পানির স্রোত এসে মিশেছে, সেখানে বহু কিসিমের লোকজনের স্থান পাওয়াই স্বাভাবিক।
কিন্তু এখন? দেখতে দেখতে কমবেশি ৩৫ বছর তো হয়ে গেল? এখন পাকাপোক্ত চিন্তাভাবনা করা দরকার। এখনো যুদ্ধাপরাধীর জন্য দরজা খোলা থাকলে আওয়ামী লীগ যতই কুশাসন করুক না কেন, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধে দোষী অপরাধী, গণহত্যা, গণধর্ষণকারীদের দল হিসেবে বিএনপি ভোট পাবে না। গোলাম আযমরা ভোট পাবে না। গোলাম আযমদের সাঙ্গপাঙ্গরা ভোট পাবে না। গোলাম আযম, নিজামী, মুজাহিদের ওপরে বড় ছাতা ধরে থাকা বিএনপি ভোট পাবে না। বিএনপি বিএনপি হলে ভোট পাবে। বিএনপি জামায়াত হলে ভোট পাবে না।
এ বিচার নিয়ে যতই সমালোচনা হোক না, জামায়াতিরা যুদ্ধাপরাধী। জামায়াতের নেতারা একাত্তরে নির্বিচারে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যুর জন্য সরাসরি দায়ী। আইনের মারপ্যাঁচে আমার চাচা-মামা-ভাইবোনের রক্তের দাগ তাদের হাত থেকে মুছে ফেলা যাবে না। ঠান্ডা মাথায় অসহায় রুমীর মতো লাখ লাখ লোককে তারা বেয়নেট দিয়ে, সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে, টুকরা টুকরা করে কেটে, চোখ উপড়ে মেরেছে অথবা মারার আদেশ দিয়েছে।
আজকে এই অপরাধীরা যতই বৃদ্ধ হোক, তাদের চুল-দাড়িতে যতই পাক ধরুক, ধর্মের নামে এরা ধর্ষণ করতে পিছপা হয়নি। নারী দেখলেই তেঁতুল দেখার মতো এদের লালা ঝরে।
৪.
ফ্রান্সের মতো দেশেও—বছরের বোধ হয় কিছু বেশি হয়েছে—প্রেসিডেন্ট নির্বাচনে মারিন লি পেন শতকরা ১৭-১৮ ভাগ ভোট পেয়েছেন। মারিন লি পেন তো মনে করে আমরা, অর্থাৎ যারা ইউরোপিয়ানদের মতো সাদা না, তারা বানরসম। তাদের সভ্য সাদা চামড়ার ফরাসি দেশে কোনো স্থান নেই। নিতান্তই যদি থাকতে হয়, তাহলে সাদা চামড়া ফরাসিদের সেবা করার জন্য চাকর-বাকর হিসেবে থাকবে। অনেকটা যেমন আমাদের আল্লামা শফী মনে করেন, মেয়েদের ক্লাস ফ্লোর-ফাইভের বেশি পড়াশোনা করার দরকার নেই। অথবা মেয়েরা কাজে গেলেও আসলে তারা যাচ্ছে দেহব্যবসা করতে। তাদের দেখলে পুরুষদের লালা পড়ে। দোষটা মেয়েদের, পুরুষের না।
প্রায় একইভাবে বিএনপির জন্য প্রশ্ন একটাই, গোলাম আযমের পর নিজামী আর মুজাহিদের বিচার শেষ হবে। বিএনপি কি গোলাম আযম-নিজামী-মুজাহিদের পক্ষ নিয়ে জামায়াতে বিলীন হয়ে যাবে?
কবি শামসুর রাহমান তাঁর ‘একটি মোনাজাতের খসড়া’ কবিতায় লিখেছিলেন
হে পাক পারওয়ার দি গার...
একজন তুখোড় রাজাকার করে দিন...
মুক্তিযোদ্ধার গায়ের চামড়া দিয়ে
ডুগডুগি বানিয়ে নেচে বেড়াবো দিগ্বিদিক...
সেই থেকে আমার খসড়া চিঠি—বিএনপি কি এত কিছুর পরও যুদ্ধাপরাধীদের সমর্থক একটি দলে সম্পূর্ণ পর্যবসিত হবে? নাকি জাতীয়তাবাদী কোনো আদর্শ খুঁজে বের করতে সচেষ্ট হবে।
৫.
এ দেশের মানুষ ১৯৭১-এ জামায়াতের হিংস্রতার বলি হয়েছে। প্রাণ দিয়েছে নির্বিচারে অকাতরে। প্রায় এক কোটি লোক ভারতে পালিয়ে গিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছে। গত কয়েক মাসে এ দেশের মানুষ আবার সেই প্রায় ভুলে যাওয়া হিংস্রতা দেখেছে।
মানুষের বিচারে কিছু ভুলত্রুটি থাকা অসম্ভব বা অস্বাভাবিক কিছু না। কাদের মোল্লার রায়ের মতো গোলাম আযমের এই রায় অনেকেরই পছন্দ হয়নি। আপিলের পথ তো খোলাই রয়েছে। সরকারকে সম্ভবত সেই সেই পথই বেছে নিতে হবে। আর জামায়াত সম্ভবত হিংস্রতার পথই ধরবে। সেই হিংস্রতায় বিএনপি এখন মাইনর-পার্টনার হতে পারে। জামায়াতকে পরিহার করুন। তাহলে দেশের মানুষ আপনাদের গ্রহণ করবে। গতবার ৩২টি সিট পেয়েছিলেন।
জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি পড়িনি। ধারণা করেছিলাম বইটিতে রুমীর কথা থাকবে। তাঁর ছেলে। কিন্তু আমরা তো ছোটবেলার বন্ধু। এত বছর পড়িনি, শঙ্কা ছিল মন খারাপ হবে।
জাহানারা চাচি যে বিচার চেয়েছিলেন, সেই গোলাম আযমের বিচার গতকাল হয়েছে। ১৯৯২-এর দুই দশক পর আর রুমী হত্যার চার দশকেরও বেশি পরে। আমরা সবাই অপেক্ষা করেছি। অপেক্ষা নিষ্ফল হয়নি। বিচার হয়েছে।
বইটা শেলফে আছে। আজ পড়ব।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, অধ্যাপক, স্কুল অব ল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।