বাড়ির কাছেই ছাতক উপজেলার একমাত্র বালিকা উচ্চবিদ্যালয়। নাম ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চবিদ্যালয়। শিক্ষক হিসেবে আমার চাকরিজীবন শুরু ও শেষ হয় এখানেই। অবসর নিই ২০০৭ সালে। বিদ্যালয়ের শোভাবর্ধন, তথা নিজের স্মৃতির রক্ষার্থে কয়েকটি ফলদ বৃক্ষ রোপণ করেছিলাম—একটি আম, একটি নারকেল ও দুটি কাঁঠালগাছ। কাঁঠালগাছ দুটি ছিল প্রধান শিক্ষকের কক্ষের কাছে প্রাচীরসংলগ্ন। বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবছর জাতীয় ফলের সুস্বাদু রসে রসনাতৃপ্ত করতেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতি সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির নিষ্ঠুর সিদ্ধান্তে গাছ দুটির মূলে কুঠারাঘাত হলো এবং এগুলোর জীবনপ্রদীপ নিভে গেল। আমি, তথা সমব্যথীদের মনে এ ঘটনা একটি দুঃসহ বেদনাময় স্মৃতি হয়ে থাকল। প্রশ্ন জাগে, এ ধরনের কার্যকলাপ বৃক্ষপ্রেমী ছাত্রছাত্রীদের কি বৃক্ষ রোপণে নিরুৎসাহিত করবে না?
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
করুণাময় আচার্য, ছাতক, সুনামগঞ্জ।