একটি হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগুরুত্বপূর্ণ অথচ ছোট্ট একটি আবদার। একটি হাসপাতাল প্রতিষ্ঠার। বেনাপোলবাসীর জন্য। দেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল। পার্শ্ববর্তী ২০ গ্রামের শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা এ বন্দরটি ঘিরে। বন্দরে আমদানি করা পণ্য লোড-আনলোড কাজের সঙ্গে জড়িত শ্রমজীবী এসব মানুষ।
বন্দরজুড়ে দুটি শ্রমিক ইউনিয়ন। দুটি ইউনিয়নে মোট শ্রমিক দেড় সহস্রাধিক। লোড-আনলোডের কাজে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আহত হয়। রক্ত ঝরে। তাঁদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু উপায় নেই। ছুটতে হয় নাভারন কিংবা যশোর হাসপাতালে। ততক্ষণে আহতের অবস্থা জটিল আকার ধারণ করে। কখনো মারা যায়। এমন নজিরও আছে।
তা ছাড়া বেনাপোল প্রথম সারির পৌরসভা। পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল খুবই জরুরি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
আমিনুল হক
বেনাপোল, ঢাকা।