একটু ভেবে দেখুন
প্রথম যখন নৈর্ব্যক্তিক প্রশ্ন চালু হয়, তখন তা বেশ জনপ্রিয় হয়। অন্যদিকে রচনামূলক অংশ সেভাবে আশা জাগাতে পারছিল না। সৃজনশীল পদ্ধতি চালুর পর সেই আশা অনেকটাই পূর্ণ হয়। তবে অনেক ছাত্রছাত্রীকেই দেখা যায় গাইডের ওপর নির্ভর হতে, যা তাদের যা দক্ষতা অর্জনে ব্যাঘাত সৃষ্টি করে।
‘কমিউনিকেটিভ ইংলিশ’ ইংরেজি বিষয়ে প্রবর্তনের পর রচনামূলক অংশে ইংরেজি ব্যাকরণের (সংজ্ঞামূলক) ওপর চাপ অনেক কমেছে। এতে ইংরেজি ব্যাকরণের প্রতি দুর্বলতা আরও বাড়ছে। সাজেশনের প্রতি ঝোঁক থাকায় শিক্ষার্থীদের ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপজিশন, রাইট ফর্ম অব ভার্বস, কমপ্লিট দ্য সেনটেন্স ইত্যাদি অংশের সমাধান করতে নির্দিষ্ট সূত্রগুলো এবং সংজ্ঞা জানা আবশ্যক। অথচ অনেক শিক্ষার্থীই এদিকে মনোযোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না। তারা শুধু সাজেশনভিত্তিক কিছু মডেল কোয়েশ্চন শিখতে ব্যস্ত থাকে।
অনেক শিক্ষার্থী আছে, যারা টেন্সের প্রকারভেদ, গঠন-প্রক্রিয়া, ব্যবহার ইত্যাদি সম্পর্কে অজ্ঞ থাকে পুরো শিক্ষাজীবনে। অথচ টেন্স ছাড়া ইংরেজি শিখতে চাওয়াটা সাঁতার না জেনে পানিতে নামার শামিল। তাই প্রয়োজন ইংরেজি দ্বিতীয় পত্রে ৩০ নম্বরের রচনামূলক অংশ থাকবে, যেখানে ইংরেজি ব্যাকরণের বিভিন্ন দিক সম্পর্কে নানা প্রশ্ন করা হবে বিস্তারিত ও সংক্ষিপ্ত আকারে। যাতে ‘অন্ধকারে ঢিল ছোড়া’র অবস্থা না হয়। বাংলা দ্বিতীয় পত্রেও এই নিয়ম (৩০ নম্বর) রাখা যায়।
অন্য বিষয় হচ্ছে ‘সাধারণ জ্ঞান’ পঞ্চম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করা। কেননা, জীবনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সব সময়ই ‘সাধারণ জ্ঞান’ বিষয়টির সম্মুখীন হতে হয় প্রত্যেক শিক্ষার্থীকে কিংবা চাকরিপ্রার্থীকে। তাই বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই।
সঞ্জয় কুমার ভৌমিক
সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।