একাত্তরের বৃত্তে বন্দী জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ভোটার তালিকা থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের সঙ্গে একাত্তরে যুদ্ধাপরাধ সংঘটনকারী দলটির একমত না হওয়ারই কথা। এমনকি তারা নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদও জানাতে পারে। তাই বলে রাস্তায় গাড়ি ভাঙচুর কিংবা পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও উদ্বেগের বিষয় হলো, গত জানুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর থেকেই তারা দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটি এখন চলমান এবং বিবাদীপক্ষ যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টে আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ আদালতে মামলার নিষ্পত্তির আগেই রাস্তায় এই সহিংস কর্মকাণ্ড প্রমাণ করে, দলটি একাত্তরের বৃত্ত থেকে সরে আসতে পারেনি। এ প্রসঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদ করলেও রাস্তায় জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা সম্পর্কে কিছু বলেননি। একটি গণতান্ত্রিক দলের কাছে এই স্ববিরোধিতা কাম্য হতে পারে না। অন্যদিকে জামায়াতে ইসলামী ও শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় যে পরিকল্পিত ও টেকসই আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, সরকার তা নিতে ব্যর্থ হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ প্রস্তুতির অভাব ও লোকবলের স্বল্পতার সুযোগে জামায়াত-শিবির রাজপথে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারছে।

দ্বিতীয় কথা হলো, যে সুষ্ঠু ও সুস্থির রাজনৈতিক পরিবেশে এ ধরনের অপরাধ-তৎপরতা রহিত হতে পারে, দেশে তার প্রবল অনুপস্থিতি লক্ষ করা যাচ্ছে। সেই সুযোগেই অন্ধকারের জীবেরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এখন সরকারের উচিত, নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সৃষ্ট বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করে রাজপথে অঘটন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করা।