বিরোধী দল ছাড়া ৫ জানুয়ারি যে দশম সংসদ নির্বাচনটি হয়ে গেল, সেটি সংবিধান রক্ষা করলেও গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই উপসংহারে আসা অসংগত নয় যে নির্বাচনটি যেমন একতরফাভাবে অনুষ্ঠিত হয়েছে, তেমনি সহিংসতার রেকর্ড সৃষ্টি করেছে। এমনকি নির্বাচনের পরও বিভিন্ন স্থানে সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘরে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। সরকারের প্রথম ও প্রধান কর্তব্য সহিংসতা বন্ধ করে জনগণের মধ্যে যে শঙ্কা ও ভীতি রয়েছে, তা দূর করা।
স্বাভাবিকভাবে নির্বাচনের পর নতুন সংসদ ও সরকার গঠিত হবে। সেই সরকারের আচরণ ও দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করবে গণতন্ত্রের ভবিষ্যৎ। নতুন সরকার যদি পুরোনো ধারায় বিরোধী দলের ওপর দমন-পীড়নের নীতি অব্যাহত রাখে, তাহলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।
নির্বাচনী প্রক্রিয়া থেকে দেশের প্রধান বিরোধী দলকে বাইরে রাখা গেলে কিংবা তারা স্বেচ্ছায় বাইরে থাকলেও জাতীয় রাজনীতি থেকে তাদের বাইরে রাখা যাবে না। সে ক্ষেত্রে তাদের নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চার সুযোগ দিতে হবে। সভা ও সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা হত্যা, বোমাবাজি ও সরকারি সম্পত্তি ধ্বংস করার মতো ঘৃণ্য অপরাধ সংঘটন করেছে, তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এসব ঘটনার জন্য বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে পাঠানো আইনের শাসনের পরিপন্থী। বিরোধী দলের নেতাদের ছেড়ে দিয়ে আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরির কাজটি সরকারকেই করতে হবে।
নতুন সরকারকে অবশ্যই বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতি উপলব্ধি করতে হবে। মনে রাখতে হবে সংবিধান রক্ষার জন্য ৫ জানুয়ারি নির্বাচন করা হলেও রাজনৈতিক সংকটের অবসান ঘটেনি। বিরোধী দল অনির্দিষ্টকালেরর জন্য অবরোধ কর্মসূচি দিয়েছে। এ কর্মসূচি রাষ্ট্র, অর্থনীতি ও জনগণের ওপর যে প্রচণ্ড বিরূপ প্রভাব ফেলেছে, তা সরকার উপেক্ষা করতে পারে না। এসবের দায় কেবল বিরোধী দলের ওপর চাপালেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনার দায়িত্ব সরকারেরই।
প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর যে ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে আমরা দ্বিমত করছি না। কিন্তু সন্ত্রাস দমনের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার নীতি পরিহার না করলে এ অভিযান ক্ষতিগ্রস্ত হওয়াটাও অস্বাভাবিক নয়। রাষ্ট্র, জনগণ, গণতন্ত্রের স্বার্থেই প্রধান বিরোধী দলের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে হবে। এ ব্যাপারে মিয়ানমারের উদাহরণ থেকেও উভয় পক্ষ শিক্ষা নিতে পারে। সেখানে নির্বাচনের পরই বিরোধীদের সঙ্গে ক্ষমতাসীনেরা এক বিরল ও ব্যতিক্রমী সমঝোতায় এসেছিল।