এখন প্রধানমন্ত্রীকেই পথ দেখাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

এর আগে প্রধানমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছেন যে নির্বাচনের সময় বিরোধী দল কোন ধরনের ব্যবস্থা চায়, সেটা তাদেরকেই সংসদে এসে বলতে হবে। অবশ্য বাইরেও যেকোনো স্থানে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি বিভিন্ন সময়ে জানিয়েছেন। এরপর অনেক দিন চলে গেছে; বিরোধী দলের সাড়া পাওয়া যায়নি। একসময় মনে হয়েছিল, বিরোধীদলীয় নেতা অনমনীয়। সংসদে কিছু বলার বিষয়ে তিনি গুরুত্ব দেন না। আলোচনার ধার ধারেন না। তাঁর এক কথা—নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই ব্যবস্থা সরকারকেই করতে হবে। সেখানে আলোচনার তেমন কোনো প্রয়োজন নেই।
কখনো বিরোধীদলীয় নেতা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা। সরকারপক্ষের ওপর সব দায় চাপিয়ে তিনি নির্লিপ্ত অবস্থানে ছিলেন। এমনকি দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন সংসদের চলতি অধিবেশনে নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার যে মুলতবি প্রস্তাব এনেছিলেন, সেটাও শেষ পর্যন্ত টেকেনি। ৩ জুন বিএনপির সংসদীয় কমিটির সভায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। অর্থাৎ, সংসদে আলোচনার ব্যাপারে বিএনপির আপত্তি ছিল প্রবল।
কিন্তু গত শনিবার সংসদে বিরোধীদলীয় নেতা তাঁর ভাষণে সমঝোতা ও সংলাপের প্রয়োজনীয়তা সম্পর্কে বললেন। সমঝোতার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো যেতে পারে বলে তিনি তাঁর ভাষণে উল্লেখ করেছেন। এ জন্য সংলাপ ও সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে তিনি বলেছেন (প্রথম আলো, ৩০ জুন)। এর ফলে সংসদে বিষয়টি নিয়ে আলোচনার ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার অনায়াসে এখন আলোচনার উদ্যোগ নিতে পারে।
অবশ্য বিরোধীদলীয় নেতা তাঁর আগের অবস্থান থেকে সরে আসেননি। ‘নির্বাচনকালীন নির্দলীয়’ সরকার গঠনের জন্য ক্ষমতাসীনদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পুরোনো দাবিতেই তিনি আছেন। শুধু আছেনই নয়, জোরেশোরে আছেন। পুরোনো দাবি পুনর্ব্যক্ত করেই ক্ষান্ত হননি, তিনি হুমকির সুরে বলেছেন, সরকার যদি নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল না করে, তাহলে তা করতে ‘বাধ্য করা হবে’!
এসব হুমকি-ধমকি আগেও অনেকবার দিয়েছেন, যা সরকারি দলের গা সওয়া হয়ে গেছে। রাজনীতিতে দাপট বজায় রাখতে হলে বিরোধী দলকে ও রকম একটু-আধটু বাড়তি কথা বলতে হয়। আর ক্ষমতায় থাকলে বিরোধী দলের কাছ থেকে কিছু গরম কথা শুনতেও হয়। এটা চিরকালীন ব্যাপার। তাই বাড়তি গরম কথার পেছনে না দৌড়ালেও চলে। বিরোধীদলীয় নেতা যে সংলাপের কথা বলেছেন, সেটাই আসল। এর মধ্যে রয়েছে নতুন চিন্তার খোরাক।
এখন প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে আলোচনার কার্যকর উদ্যোগ নিতে পারেন। ক্ষমতাসীন দল আলোচনায় আগ্রহী, তা আগেও দেখা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আনুষ্ঠানিক সংলাপের আলোচ্যসূচি সম্পর্কে ২ মে যে আভাস দিয়েছিলেন, তাতে একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ৪ মে বিএনপির চেয়ারপারসন ৪৮ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকারব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়ার দাবি করলে আওয়ামী লীগ তাদের প্রস্তাব কার্যত গুটিয়ে নেয়। ক্ষমতাসীন দল হিসেবে তাদের পিছিয়ে আসা উচিত হয়নি। বিরোধী দল অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু সরকারি দলকে বুঝেশুনে চলতে হয়। দেশ চালাতে ব্যর্থতার দায় শেষ পর্যন্ত তাদেরই বইতে হয়, বিরোধী দলের কিছু নয়।
যা হোক, শেষ পর্যন্ত দুই পক্ষেরই ধনুর্ভঙ্গপণ ভেঙেছে। বিএনপি সংসদে এসে কিছু বলতে নারাজ ছিল, সেটা গেছে। দলের নেতা সংসদে এসে বললেন সমঝোতা ও সংলাপের কথা। ওদিকে সরকারি দলও দাবি করছিল, সংসদে এসে বিএনপিকে সংলাপের কথা বলতে হবে। সেটাও গেছে। কারণ আওয়ামী লীগ তো আগেই সংলাপের খোলা প্রস্তাব দিয়ে রেখেছে।
এবার হলো তো? আর দেরি কেন? এখন তোড়জোড় করে সংলাপের প্রস্তুতি নেওয়ার পথে সরকারি দলের আর কোনো বাধা থাকার তো কথা নয়।
কিন্তু সংলাপে বসা আর সংলাপের মাধ্যমে একটি সমাধানে আসার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। সাফল্যের জন্য দরকার সদিচ্ছা। বিরোধীদলীয় নেতা তাঁর ভাষণে সরকারের সদিচ্ছার কথা বলেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ শর্ত। সদিচ্ছা না থাকলে শুধু লোক দেখানো সংলাপে কিছু হবে না। তবে এখানে মনে রাখা দরকার যে সদিচ্ছা শুধু সরকারপক্ষেরই নয়, বিরোধী পক্ষেরও থাকতে হবে। এটা ভুলে গেলে চলবে না।
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ অধিকাংশ সময়ই ব্যর্থ হয়েছে। সফল হয়েছিল শুধু দুবার। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংকট উত্তরণে তিন জোটের পাঁচ দফা দাবির রূপরেখা তার একটি। অনেক সাধ্য সাধনার পর আওয়ামী লীগ ও বিএনপি একমত হয়েছিল বলেই সেদিন গণতন্ত্রের জন্য রাজপথে মানুষের জোয়ার সৃষ্টি হয়েছিল। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম।
এরপর একানব্বইয়ে সেই সময়ের সরকারি দল বিএনপি ও বিরোধী দল আওয়ামী লীগ সংসদে একমত হয়ে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকারপদ্ধতি পরিবর্তন করে সংসদীয় সরকারপদ্ধতি প্রবর্তনের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে। আজ যে আমরা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার কথা বলি, সেসব কিছুই হতো না, যদি সেদিন আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে না আনত।
আজ আওয়ামী লীগ ও বিএনপি আরেকটি পরীক্ষার মুখোমুখি হয়েছে। তাদের সুচিন্তিত পদক্ষেপের ওপর অনেক কিছু নির্ভর করছে। বিশেষভাবে দেশে গণতন্ত্র টিকে থাকবে কি থাকবে না, সেই জ্বলন্ত প্রশ্ন আজ উপস্থিত হয়েছে। প্রধান দুটি রাজনৈতিক দলকে এখানে প্রজ্ঞার পরিচয় দিতে হবে।
আমাদের রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে। কিন্তু নেতা-কর্মীদের মধ্যে আদর্শের ঘাটতি থাকায় উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারে না। ২০০১ সালের নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও শুধু সীমাহীন দুর্নীতি ও অপশাসনের কারণে পরবর্তী নির্বাচনে বিএনপিকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আবার ২০০৮ সালে আওয়ামী লীগও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা লাভ করে। কিন্তু ইতিমধ্যে বড় বড় দুর্নীতি, কেলেঙ্কারি ও ব্যর্থতার অভিযোগ জমেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। আগামী নির্বাচনে বোঝা যাবে জনগণ সরকারের সাফল্য ও ব্যর্থতা কীভাবে মূল্যায়ন করে।
কিন্তু নির্বাচনই যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে মানুষের মূল্যায়ন আমরা জানব কীভাবে? শত হলেও জনগণই তো রাষ্ট্রের মালিক। সংবিধানে পরিষ্কার লেখা আছে, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ (অনুচ্ছেদ ৭)। কিন্তু আমাদের দেশে সরকার নিজেকে রাষ্ট্রের ওপরে স্থান দিতে চায়, তারা জনগণের ভোটে ক্ষমতায় এসে জনগণের মালিকানার বিষয়টিকে গুরুত্বহীন করে ফেলে। শুধু তা-ই নয়, উচ্চপর্যায়ের নেতারা নিজেদের স্থাপন করেন সরকারের ওপরে। এতে অব্যবস্থাপনা, ঘুষ-দুর্নীতি, বিরোধী দলের ওপর পুলিশি জুলুমসহ আরও নানা ধরনের অসংগতি দেখা দেয়।
বিশ্বে যে কয়েকজন রাষ্ট্রনায়ক সাফল্যের চূড়ায় উঠেছেন, তাঁদের প্রায় সবারই অন্তত একটি গুণ হলো রাষ্ট্র ও সরকারকে নিজের ব্যক্তিসত্তার ঊর্ধ্বে স্থান দিতে পারা। সম্প্রতি অসুস্থ নেলসন ম্যান্ডেলাকে দেখতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সবার শ্রদ্ধা-ভক্তি, ভালোবাসা পাওয়ার পরও ম্যান্ডেলা বুঝতে পেরেছিলেন, ‘কেউ যদি ইতিহাসের সবচেয়ে মহান ব্যক্তিদের একজনও হন, তা-ও সরকারকে তার চেয়ে বড় হতে হবে।’ প্রেসিডেন্ট ওবামা একে বিস্ময়কর পাঠ বলে মন্তব্য করেন। নেলসন ম্যান্ডেলা এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন, কারণ তাঁর ছিল উঁচু রাজনৈতিক শিক্ষা ও পরমতসহিষ্ণুতা। আর ছিল বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের অভিজ্ঞতা।
গত শতকের আশির দশকে আমরা কয়েকজন তরুণ বিশ্ব পরিস্থিতি ও রাজনীতি-অর্থনীতি বিষয়ে অধ্যয়নের জন্য মস্কোর একটি আন্তর্জাতিক ইনস্টিটিউটে যাই। সেখানে দেখি, দক্ষিণ আফ্রিকার অনেক তরুণ-তরুণী দলে দলে এসে উচ্চশিক্ষা নিচ্ছেন। তখন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন চলছে। সেই সংগ্রামের অংশ হিসেবেই এবং অনাগত স্বাধীন দক্ষিণ আফ্রিকা গড়ে তোলার পূর্বপ্রস্তুতি হিসেবে ওই শিক্ষার্থীরা নিজেদের তৈরি করছিলেন। ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকা সেদিন একটু একটু করে গড়ে উঠছিল।
বাংলাদেশও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ, আত্মনিবেদিত তরুণ রাজনৈতিক কর্মীর অভাবে আমরা ভুগছি। এই দৈন্যের কারণে আমাদের জাতীয় নেতৃত্বও দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না।
তার পরও আমরা অপেক্ষায় থাকব। জাতীয় নেতৃত্ব গণতন্ত্রের স্বার্থে সাড়া দিতে ব্যর্থ হবেন না নিশ্চয়ই।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]