আগামী সংসদ নির্বাচন নিয়ে দুই রাজনৈতিক প্রতিপক্ষের কথাবার্তায় আপসহীনতার চর্চা আমরা অনেক দেখলাম। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় এই আপসহীনতা যে ভালো প্রবণতা নয়, বরং তা থেকে রাজনৈতিক প্রক্রিয়া যে একটা কানাগলিতে গিয়ে ঠেকতে পারে, সেটাও আমরা দেখেছি। নিজ নিজ অবস্থানে অনড় থেকে রাজনৈতিক প্রতিপক্ষগুলো অচলাবস্থা সৃষ্টির কারণ ঘটায় এবং এর ফলে দেশবাসী বিরাট দুর্ভোগের শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি—রাজনৈতিক নেতাদের এটা না বোঝার কারণ নেই। তাঁদের সর্বশেষ বক্তব্যে প্রতীয়মান হচ্ছে, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর করার আগ্রহ উভয় পক্ষেরই রয়েছে। এটা বোধগম্য এ কারণে যে, নির্বাচন ছাড়া আর বিকল্প নেই।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন ২৪ জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশও নেবে। কিন্তু এটা যে সুরে বলা হচ্ছে, তাতে প্রধান বিরোধী দলের প্রত্যাশা বা দাবিকে গুরুত্ব দেওয়ার আভাসমাত্র নেই। সর্বশেষ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্য থেকে মনে হচ্ছে, সরকারপক্ষ যেভাবে নির্বাচন চাইছে, সেভাবেই তাতে অংশ নিতে বিএনপি বাধ্য হবে। এর আগে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী যখন বললেন, নির্বাচন ২৪ জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে, তখনো জানা গেল না যে সেই নির্বাচনে প্রধান বিরোধী দলকে শামিল করতে কী পদক্ষেপ নেওয়া হবে। সরকার সংবিধানের দোহাই দিয়ে বিরোধী দলের কোনো বক্তব্যই বিবেচনায় নেবে না—এটা বাস্তববাদিতার পরিচায়ক নয়। কারণ, এতে সমস্যার সমাধান কঠিন হয়ে দাঁড়াবে। সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে এবং সংসদ থাকা অবস্থায় নির্বাচন করার সরকারি প্রচেষ্টার ব্যাপারে প্রধান বিরোধী দলের প্রবল আপত্তি স্রেফ উপেক্ষা করা জবরদস্তিমূলক মনোভাবের পরিচায়ক। এই মনোভাব থেকে বেরিয়ে এসে বিরোধী দলের আস্থা অর্জনের জন্য করণীয় সবকিছুই সরকারকে করতে হবে এবং তা কোনো ধরনের কালক্ষেপণ ছাড়াই।
অন্যদিকে প্রধান বিরোধী দলকেও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে, অনড় অবস্থান থেকে সরে এসে আপস-সমঝোতার মানসিকতার প্রকাশ ঘটাতে হবে। এ মুহূর্তে তাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত সংসদ অধিবেশনে যোগ দেওয়া। এ অধিবেশনে অনেক আইন অনুমোদনের জন্য উত্থাপন করা হবে; এই প্রক্রিয়ায় অংশ নেওয়া, নিজেদের বক্তব্য তুলে ধরা বিরোধী দলের অবশ্যকর্তব্য। এই দায়িত্ব জনগণ তাদের ওপর অর্পণ করেছে, এটা এড়ানোর সুযোগ নেই।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ রুশনারা আলীর সঙ্গে বৈঠককালে বলেছেন, তাঁর দল সংলাপে বসতে প্রস্তুত। দলটির আরেক নেতা মওদুদ আহমদও বললেন, বিএনপি যেকোনো সময়, যেকোনো স্থানে সংলাপে বসতে প্রস্তুত। তাহলে আর দেরি কেন?
আমরা উভয় পক্ষকেই বলি, এবার সংলাপে বসুন। সরকারপক্ষ উদ্যোগ নিক, বিরোধীপক্ষ তাতে সাড়া দিক। শুরু হোক সংলাপ, যার মধ্য দিয়ে কেটে যাবে সব অনিশ্চয়তা, সংশয়, শঙ্কা।