এখনো তন্ত্রযুগের পসরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী আজ একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও সভ্যতার অর্জিত উৎকর্ষের সব আলোকধারায় প্লাবিত। তথ্যপ্রযুক্তির বিশাল ভান্ডার ব্যবহার করে মানুষ দিনে দিনে জীবনযাপনকে সহজ ও উন্নততর স্তরে নিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন আর পিছু ছাড়ে না। আমরা মানুষ প্রকৃতই কি বিজ্ঞানমনস্ক হচ্ছি, যুক্তির আলোয় জগৎ দেখতে শিখেছি, উন্নত হচ্ছি?
অনেক আগে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশেও তন্ত্রমন্ত্র-ঝাড়ফুঁক, ফকির-সন্ন্যাসীদের সুদৃষ্টি কামনা, বিপদে-আপদে পাথর-তাবিজ-কবজ, কবুতর বা টিয়া পাখি দিয়ে ভাগ্যগণনা ইত্যাদি কুসংস্কার প্রচলিত ছিল। মানুষের বিবেক, বুদ্ধি, যুক্তি এসব কুসংস্কারকে চিরদিন বর্জন করেছে। শিক্ষিত মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষ কখনো একে প্রশ্রয় দেয়নি। কিন্তু বিজ্ঞান ও সভ্যতার এমন জয়জয়কারের কালেও দেখি অনেক প্রতিষ্ঠিত শিক্ষিত ও সেলিব্রিটি মানুষ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে তন্ত্রযুগের পসরা সাজিয়ে সরব। দেখা যাচ্ছে, ভারতীয় ও বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসব ব্যক্তি মধুর কথায় মানুষের সরলতাকে পুঁজি করে বাণিজ্য করছেন। তাঁরা অমুক লক্ষ্মীর যন্ত্র, তমুক গোল্ড প্লেটেডে খড়ম, কয়েন, অমুক পাথর তমুক মালা ব্যবহার করলে, অমুক বাবার দরগায় গেলে গরিব ধনী হয়ে যাবে, সংসারের সব অশান্তি চলে যাবে, জীবনটা কেবল সুখের হবে বলে বয়ান দিয়ে চলছেন। তাতে মনে হচ্ছে মেধা, পরিশ্রম, ধৈর্য, সহিষ্ণুতা ও চেষ্টার কোনো দরকার নেই। আপনি কেবল কিছু নগদ টাকা দিয়ে এগুলো কিনে ফেলুন। ব্যস, কেল্লাফতে। আপনার আকাশ থেকে দুর্যোগের সব মেঘ উধাও হয়ে যাবে। আশ্চর্য বিষয়, এসব দিনের পর দিন আধুনিক যুগের মানুষই গিলছে।
এ কোন ধরনের মূর্খতা, অজ্ঞানতা, কুসংস্কারের জগৎ। এসব দেখে সত্যিই বিস্ময় লাগে, অবাক লাগে! মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি, যুক্তি, বিজ্ঞান—এসব তবে কি কেবল কথার কথা!
তাসনীম চৌধুরী
কাগাবলা, মৌলভীবাজার।