যুক্তরাজ্যভিত্তিক লেগাটাম ইনস্টিটিউট প্রতিবছর মানুষের বসবাসের উপযোগিতা নিয়ে জরিপ করে থাকে। এই জরিপ থেকে ধারণা করা যায়, কোন দেশের মানুষ কেমন আছে, তাদের জীবনযাত্রার মান বেড়েছে, না কমেছে। এটি কেবল অর্থনৈতিক উন্নতির মাপকাঠি দিয়ে বিচার হয় না। একই সঙ্গে রাষ্ট্রের অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ্যসুবিধা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
লেগাটাম পরিচালিত ২০১৩ সালের জরিপে গত কয়েক বছরের মতো এবারেও সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে সুইজারল্যান্ড ও কানাডা। এই জরিপে ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩ এবং ভারত ও পাকিস্তানের যথাক্রমে ১০৬ ও ১৩২।
জীবনযাপন সূচকে ভারত থেকে বাংলাদেশের এগিয়ে থাকা অবশ্যই সাফল্য বলে বিবেচিত। কেননা অপেক্ষাকৃত উন্নত অর্থনীতির দেশ ভারত শিক্ষায়ও এগিয়ে আছে। যদিও সেখানে অর্থনৈতিক বৈষম্য আমাদের চেয়েও প্রকট। লেগাটাম জরিপ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কথাও মনে করিয়ে দেয়, যিনি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।
বলার অপেক্ষা রাখে না, জীবনযাপনের সূচকে বাংলাদেশের এই অগ্রগতির পেছনে রয়েছে জনগণের অপরিসীম পরিশ্রম ও মেধা। দেশের ভেতরে ও বাইরে তারা প্রায় সব ক্ষেত্রেই অসামান্য কৃতিত্ব ও সাফল্য দেখিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সমর্থন পেলে তারা এই জীবনধারাকে বদলে দিতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আরও বহুদূর।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো, দেশের চলমান বৈরী রাজনীতি সেই সমর্থনের বদলে পদে পদে অন্তরায় সৃষ্টি করে চলেছে। ২০১৩ সালজুড়ে দেশে যেভাবে রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, তাতে অর্থনীতির ভিতই ক্রমশ নাজুক হচ্ছে না, জননিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে। সাধারণ মানুষের জীবন-জীবিকা হয়ে পড়েছে অনিশ্চিত।
এ অবস্থা চলতে থাকলে আর্থসামাজিক খাতে আমাদের অর্জনগুলো যেমন ভূলুণ্ঠিত হবে, তেমনি জীবনযাপনের মান আরও নিম্নগামী হতে বাধ্য। তখন আমাদের জীবনযাপন সূচক ১০২ নম্বরে থাকা নেপাল কিংবা ১০৬ নম্বরে থাকা ভারতের নয়, ১৩২ নম্বরে থাকা পাকিস্তানেরও নিচে নেমে যাবে, যা কারোরই কাম্য নয়।