
সে যে কত যুগ আগে রংপুরের মিঠাপুকুরের প্রত্যন্ত অন্ধকার এক গ্রাম ছেড়ে আলো–ঝলমলে ঢাকা শহরে এসেছে, আজ আর তা স্মরণই করতে পারে না। রংপুর অঞ্চলের ভাষাটাও সে ভুলে গেছে। তবে বলতে পারে, ‘তখন যমুনা সেতু হয় নাই—হইল তো মাত্র সেই দিন—নদী পার হইছিলাম ফেরি কইর্যা। বিশাল ফেরি, টাইমও লাগছিল মেলা।’
আমি জানতে চাই, তখন তার বয়স কত ছিল।
‘কত আর হইব,’ সে হেসে বলে, ‘এগারো-বারো?’
‘ওইটুকু বয়সে বাড়ি থেকে পালিয়ে ঢাকা চলে এলেন?’ আমার এই জিজ্ঞাসায় তার হাসি আরও প্রসারিত হলো; সে ডানে-বামে না-সূচক মাথা নেড়ে বলল, ‘পলায় আসি নাই। আইছি মামাতো ভাইয়ের লগে।’
‘পরে ফিরে গিয়েছিলেন?’
না, সে আমাকে বলে, বয়োজ্যেষ্ঠ মামাতো ভাইয়ের সঙ্গে, যে মামাতো ভাই ঢাকায় রিকশা চালাত, তার সঙ্গে সে ঢাকায় বেড়াতে এসেছিল, বেড়ানো শেষ হলে ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছিল—ঘটনা মোটেও এ রকম ছিল না। সেই যে চলে এসেছিল, আবার ফিরে যেতে যেতে কেটে গিয়েছিল আড়াই-তিন বছর। না, সেটা ফিরে যাওয়া ছিল না। সেবার সে বাড়ি গিয়েছিল বেড়াতে; মা-বাবা ও ভাইবোনদের দেখতে। এবং দুদিনেই মিটে গিয়েছিল তাদের দেখার সাধ। কারণ, বাড়িতে, মা-বাবা ও ভাইবোনদের মনে সে কোনো শূন্যতাবোধ সৃষ্টি করতে পারেনি।
‘হেরা কেউ আমারে মিস করে নাই,’ সে বলে আমার মুখের দিকে চেয়ে। কিন্তু সে জন্য তার চোখমুখে কোনো আক্ষেপ ফুটে ওঠে না। বলে, দশটা ভাইবোনের মধ্যে একটা ভাই হারিয়ে গেলে বাকিরা টেরই পায় না যে তাদের মধ্যে একজন নেই।
‘কী বলেন? কেন টের পাবে না?’
‘মা দুইডা, ভাইবইন দশটা। অভাব। কিছু নাই। দুনিয়ায় এক্করে কিছুই নাই, খালি এক খিদা ছাড়া।’
দুই-আড়াই দশক আগে উত্তরবঙ্গের রংপুর-কুড়িগ্রাম অঞ্চলের কার্তিকের মঙ্গার চেহারা কী ভয়ংকর ছিল তা যাঁদের জানা আছে, তাঁরা এই গল্পের নায়কের বালক-বয়সে ঘর ছাড়ার বিষয়টি বেশ বুঝতে পারবেন। লাখ লাখ গরিব মানুষের কোনো কাজ থাকত না; খালি পেটে হাত-পা গুটিয়ে তারা বসে বসে অপেক্ষা করত কখন আমন ধান পাকবে, কখন ধানকাটা শুরু হবে। কার্তিকের শেষে সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ প্রভৃতি অঞ্চলে ধানকাটা শুরু হলে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী ইত্যাদি অঞ্চল থেকে তারা দলে দলে ছুটে যেত সেই সব অঞ্চলের গ্রামে গ্রামে। গৃহস্থদের বাড়িতে সাদা ভাত, লাল মরিচ, হলদে খেসারি কলাইয়ের ডাল পেটপুরে খেতে পাবে—এই জান্তব তাড়নায় উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলোর দিকে ছুটে যেত কুড়িগ্রাম-রৌমারী অঞ্চলের ক্ষুধার্ত আকালুরা।
কিন্তু যমুনা নদীর ওপার থেকেই ওরা ফিরে যেত; নদী পার হয়ে ঢাকার দিকে আসত না।
কিন্তু এই গল্পের নায়ক নদীটা পার হয়েছে। আকালুদের ক্ষুধার্ত পৃথিবীর গণ্ডি পেরিয়ে এসে নিজের এক সম্পূর্ণ ভুবন সে গড়ে নিয়েছে। ক্ষুধা এখন তার কাছে ভুলে যাওয়া তিক্ত ইতিহাস। একেবারেই অপ্রাসঙ্গিক একটা বিষয়। পেটসর্বস্ব প্রাণী সে আর নেই; হয়েছে এমন এক মানুষ, যে জীবনের অর্থ নিয়ে ভাবে। বলে যে, মানুষের জীবনে টাকাপয়সাই সব নয়, তার চেয়েও বড় ও গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন, এই জীবন হলো মৌসুমি ফসলের মতো, আমরা পটোল-করলা-ঝিঙা-চিচিঙ্গা ইত্যাদি। মৌসুমের ঠিক সময়ে চাষি যেমন এসব ফসল তুলে নিয়ে যায়, তেমনি আমাদের মালিকও যথাসময়ে আমাদের তুলে নিয়ে যাবেন।
আমি তার নাম লিখতে পারছি না, কারণ সে চায় না তার একান্ত ব্যক্তিগত দুঃখ-সুখের কথা সংবাদপত্রের পাতায় প্রকাশিত হোক।
যূথবদ্ধ প্রাণীর স্তর থেকে ব্যক্তিগত গোপনীয়তার বোধসম্পন্ন একক ব্যক্তিত্ব হয়ে ওঠা এই লোক, যার বয়স এখন প্রায় চৌত্রিশ বছর, সে এখনো ধনাঢ্য কেউ নয়। না, অনেক টাকাপয়সা ও গাড়ি-বাড়ির মালিক সে হয়নি। পায়নি কোনো আলাদিনের চেরাগ; পাওয়ার স্বপ্ন কখনো দেখেওনি।
রাস্তার ধারে চানাচুর বিক্রি করে সে। তিন চাকার একটা বাহনের ওপর স্বচ্ছ কাচের ঘেরাটোপ; কাচের গায়ে টকটকে লাল কালিতে বড় বড় হরফে লেখা ‘জামাই বউ’, তার নিচে কলাপাতা রঙে লেখা ‘স্পেশাল চানাচুর’। মাসিক আয় ১২-১৩ হাজার টাকা; থাকে পুরান ঢাকার চানখাঁরপুল এলাকার এক মেসে। থাকা ও খাওয়ার পেছনে প্রতি মাসে খরচ হয় ২৭০০ টাকা। বাকি সব টাকা সে পাঠিয়ে দেয় মিঠাপুকুরের সেই গ্রামে, মায়ের কাছে। সেখানে মায়ের সঙ্গে আছে বউ, যে এখনো নতুনই আছে।
এ গল্পের নাম-পরিচয়-প্রকাশে-অনিচ্ছুক নায়ক দুই দশকেরও বেশি সময় ধরে বাস করে ঢাকা মহানগরে; কিন্তু বিয়ে করতে ফিরে গিয়েছিল সেই ফেলে আসা গ্রামেই।
কেন? আমি জানতে চাইলে সে আমাকে এড়িয়ে যায়। তবে এই রহস্য ভেদ করতে আপত্তি করে না যে সে বউয়ের কাছে যায়। দু-তিন মাস পর পর। তা যদি হয়, আমি হিসাব করে তাকে জিজ্ঞাসা করি, তাহলে বিয়ের পর থেকে বউয়ের সঙ্গে আপনার দেখা হয়েছে মাত্র তিনবার?
‘ওই রকমই।’ তার বাক্যগুলো ছোট ছোট হয়ে আসে।
‘বউকে আরও ঘন ঘন দেখতে ইচ্ছা করে না?’
এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার ভয় হয়, অনধিকারচর্চার মাত্রা ছাড়িয়ে যাচ্ছি কি না। সে চুপ করে থাকে; আমি তাকে অভয়-আশ্বাস দিয়ে বলি পত্রিকার পাতায় তার নাম-ঠিকানা কিছুই ছাপা হবে না। আমি তাকে আরও বলি যে আমি বইটই লিখি। কল্পনা করে, বানিয়ে বানিয়ে অনেক গল্প-উপন্যাস লিখেছি, সেগুলো নিয়ে বই ছাপা হয়েছে। ‘সুতরাং, আপনার ভয় পাওয়ার কিছু নাই। বলেন। আসেন, জাস্ট শেয়ার করি।’
‘কী?’
‘বউকে দেখতে ইচ্ছা করে না? ভালোবাসতে?’
‘কইলেন আপনে বই লেখেন, বুজতেয়ারেন না?’
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]