এটা কি আরেকটা হত্যাকাণ্ড নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল হক খান মিল্কি হত্যার দৃশ্য
রিয়াজুল হক খান মিল্কি হত্যার দৃশ্য

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো। ফল খারাপের জন্য বিএনপি-জামায়াতের হরতাল দায়ী: প্রধানমন্ত্রী এবারের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত খারাপ হওয়ার পেছনে বিএনপি-জামায়াতের ঘন ঘন হরতাল ডাকাকে মুখ্য প্রভাবক হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে প্রতিক্রিয়া জানিয়ে ফোরকান লিখেছেন: সত্য কথা একটু কঠোর ও কর্কশ লাগে। তাই এসব কথা আপনার না বলাই ভালো। বিএনপি-জামায়াত গাড়ি ভাঙে, মানুষ মারে, ওদের ভোটও বাড়ে! শাহ: ১৯৯৫ সালে আমার বড় বোন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাঁর পরীক্ষা চলাকালে ছয় দিন হরতাল হয়েছিল। শেখ হাসিনা, আপনার কি মনে আছে, ১৯৯১-৯৬ সাল পর্যন্ত আপনার দল কত দিন হরতাল ডেকেছিল? পাঁচ বছরে আপনারা মোট হরতাল ডেকেছিলেন পাঁচ মাস ২৩ দিন। সংখ্যাটি মনে রাখুন। সাজ: শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি না করলে ভালো হতো। ফলাফল বিপর্যয়ের জন্য আপনারা কি কম দায়ী? জনগণকে এত বোকা ভাববেন না। হাসিবুল হাসান: আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, যে দলই দেশ চালানোর দায়িত্ব নিতে চায়, দয়া করে দেশটির দিকে তাকান। দেখবেন এর বেহাল দশা। দেশে-দেশে বিভিন্ন বিষয়ে জনগণের মিশ্র অনুভূতি আছে, ছিল ও থাকবে। একজন বিচক্ষণ নেতার গুণ হলো তিনি সব সমস্যার মধ্যেও দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। কে কী করল, সেটি দেখার চেয়ে নিজে কী করতে পারছেন, সেটি খেয়াল করা দরকার। দল নিষিদ্ধ বিএনপি সমর্থন করে না: মির্জা ফখরুল জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতে অবৈধ ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না।’ তাঁর এ মন্তব্যে মতামত জানিয়ে পুষ্পিতা লিখেছেন: রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টি আদালতের নয়। রাজনৈতিক বিষয়টি আদালতে নিয়ে যাওয়া আওয়ামী লীগের কৌশল। বিএনপির ‘কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়’ এ কথা বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও স্পষ্ট করে বলা উচিত। মনির: ১৯৭৫-এর আগে যে দলটি বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করত না, যে দলের নেতা-কর্মীরা এ দেশের সৃষ্টির বিরোধিতা করেছিল এবং দেশের মানুষের সঙ্গে বিরোধিতা করে শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিল, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

‘সহযোগীসহ ঘাতক ক্রসফায়ারে নিহত’ যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যার দেড় দিনের মাথায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেক ও শাহ আলম নামের আরেক ব্যক্তি র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে মোহসিন রেজা লিখেছেন: এটা কি আরেকটা হত্যাকাণ্ড নয়? কেন তারেককে এভাবে হত্যা করা হলো? এ হত্যার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কেউ জড়িত নন তো? নূর আহমেদ: আমি ক্ষুব্ধ ও আতঙ্কিত। আমাদের একসময়কার অত্যন্ত প্রশংসিত র‌্যাব এখন এতটাই অযোগ্য হয়ে গেছে যে, একজন সন্দেহভাজন খুনিকে হাসপাতাল থেকে থানা পর্যন্ত নিরাপদে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে না? হতে পারে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে বাঁচাতে এমন একটি ক্রসফায়ারের নাটক মঞ্চস্থ করা হয়েছে। বিপদে আমাদের ভরসাস্থল যদি এতটাই খারাপ অবস্থায় থাকে, তবে এ দেশের নাগরিক হিসেবে নিজেকে করুণা আর ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না। জামায়াতের নিবন্ধন অবৈধ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ খবরে প্রতিক্রিয়া জানিয়ে রহমতুল্লাহ বাবু লিখেছেন: এসব বুদ্ধি আওয়ামী লীগের মাথায় কোথা থেকে আসে, কে জানে। জামায়াতের নিবন্ধন বাতিল হলে তারা বিএনপির ছায়াতলে আশ্রয় নেবে। তখন বিএনপির কর্মীসংখ্যা বেড়ে যাবে এবং ভোটও বাড়বে। জামায়াত পাড়ার মোড়ে হঠাৎ করে গড়ে ওঠা কোনো ক্লাব বা নাটকের দল নয়। এর শিকড় অনেক গভীরে প্রোথিত। একে মোকাবিলার একমাত্র উপায় হলো নিজেদের মত ও পথ এমনভাবে প্রতিষ্ঠিত করা, যাতে তা জনগণের কাজে জামায়াতের মত ও পথের চেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয়।

মাহবুব নূর: সংসদে জামায়াতের প্রতিনিধি রয়েছেন। দলটির অনেক সমর্থকও আছে। দল নিষিদ্ধ করলে এসব মানুষ কি আন্ডারগ্রাউন্ডে চলে যাবে? যদি তা-ই হয়, তারপর আমার পরিবার, রাস্তাঘাট, হাটবাজার—সব নিরাপদ থাকবে তো? হোসাইন: জামায়াত কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অপরাধে অবৈধ হয়নি, হয়েছে সংবিধানের সঙ্গে দলটির সাংঘর্ষিক গঠনতন্ত্রের কারণে। সংঘর্ষটা ধর্ম নিয়ে। এই রায় কার্যকর হলে দেশের আরও বেশ কিছু ধর্মভিত্তিক দল সাংবিধানিক সংকটে পড়বে। ফলে দেশে মারাত্মক সমস্যার সূচনা হতে পারে। অথচ এভাবে না করে শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে দলটি নিষিদ্ধ করা যেত। আদতে এটাই ছিল গণদাবি। (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)