এটা কোনো ক্যু নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

আপনি যদি বিশ্বাস করেন মিসরের বিপ্লব কোনো সামরিক অভ্যুত্থান নয়, তাহলে আপনার জন্য আমার এ বার্তা। গোটা বিশ্বকে জানিয়ে দিন এটি ছিল বিপ্লব।
সামরিক অভ্যুত্থান হলো আকস্মিক, সহিংস ও অবৈধভাবে ক্ষমতা দখল। মিসরে সাধারণ মানুষ বিপ্লবের সূচনা করেছে আর সেনাবাহিনী জনতার আহ্বানে সাড়া দিয়েছে।
গত ১৭ জুন বাংলাদেশের ডেইলি স্টার ‘এন্ড অব রিলিজিয়াস স্টেট’ এবং ২০ জুন প্রথম আলো ‘৩০ জুন কি ব্রাদারহুড শাসনের শেষ দিন’ শিরোনামে আমার নিবন্ধ ছাপে। ৩০ জুনের আগে মিসরকে ঘিরে যে তীব্র উৎকণ্ঠা ও ভীতি, তা-ই ছিল ওই নিবন্ধের আলোচ্য বিষয়। সে সময়টা ছিল উত্তাল। অগণন মানুষ প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগ দাবি করছে এবং আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে।
এ উৎকণ্ঠা আবর্তিত হচ্ছিল ইসলামপন্থী দল ও বিপ্লবী শিবিরগুলোকে ঘিরে। বিপ্লবী দলগুলো ‘তামারদ’ (বিদ্রোহ) প্রচারণায় সমর্থন জুগিয়েছিল। প্রচারণার অংশ হিসেবে বিপ্লবীরা দেশজুড়ে গত মাসে মুরসির বিপক্ষে পিটিশন সংগ্রহ করে এবং ব্যাপক বিদ্রোহের সূচনা করে। এরই ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুরসি।
আমি তখনই এ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলাম, ৩০ জুনই কি তবে মুরসির প্রশাসনের শেষ দিন? নাকি মুসলিম ব্রাদারহুড তাদের বিরোধী শিবিরে অবস্থানরত সুশীল সমাজের সঙ্গে আপস-মীমাংসার চেষ্টা করবে (যেমন প্রধানমন্ত্রী হিশাম কান্দিলকে অপসারণ, শুরা কাউন্সিলের কার্যক্রম বন্ধ করা, জেনারেল প্রসিকিউটরদের পরিবর্তন করা, নির্বাচনী আইন পরিবর্তন করে প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও ভোটারদের কাছে আরও বেশি প্রতিনিধিত্বশীল করার উদ্যোগ নেওয়া)?
বুধবার, ৩ জুলাই সকালেই আমি ফেসবুকে এ পোস্টটি দিয়েছি।
আমরা মিসরে শিগগিরই ধর্মীয় রাষ্ট্রের অবসান ঘটতে দেখব। আমি মিসরের পটভূমি সম্পর্কে আপনাদের একটা সাধারণ ধারণা দিচ্ছি।
২০১১ সালের ২৫ জানুয়ারি যখন মোবারকের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়, তখন আমরা প্রায় সবাই খুশি হয়েছিলাম। কারণ, সে সময় আমরা দুর্নীতির জালে আটকা পড়ে হাঁসফাঁস করছিলাম।
যখন মোবারক বললেন নয় মাস পর মেয়াদ শেষে তিনি আর ক্ষমতা ধরে রাখবেন না, সাধারণ মানুষ মেনে নিয়েছিল। অনেকেই বাড়ি ফিরে গিয়েছিল। তারপর হঠাৎই তাহরির স্কয়ারে দুই পক্ষের মধ্যে অবিবেচনাপ্রসূত একটা যুদ্ধের সূত্রপাত হলো। এক পক্ষ নিজেদের মোবারকের সমর্থক বলে দাবি করছিল, অন্য পক্ষে ছিল আন্দোলনকারীরা। এ সংঘাতের নাম ছিল ‘উটের যুদ্ধ’। মানুষ আবারও স্কয়ারে ফিরে গেল এবং তক্ষুনি মোবারকের পতন দাবি করতে শুরু করল। ভারি অদ্ভুত! তা-ই না? আন্দোলনকারীরা যখন ফিরে যাচ্ছিল আর বিপ্লব করতে চাইছিল না, তখন কেন তাদের ওপর হামলা করা হলো? কার লাভ হয়েছে এতে? মানুষকে তাহরির স্কয়ারে ফিরিয়ে এনে কারা লাভবান হয়েছে? দুঃখজনক হলেও সত্য, এ লড়াইটা ছিল অনেকটাই বানানো। মোবারক ক্ষমতা ছেড়ে নেমে গেলেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত প্রায় দেড় বছর অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিল সামরিক পরিষদ (স্কাফ)। তারিখটা ছিল ১১ ফেব্রুয়ারি। তার পরও মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় মিসরের সে সময় যা ঘটেছিল তাকে সামরিক অভ্যুত্থান বলে স্বীকৃতি দেয়নি।
তারপর আরও বহু আন্দোলন, প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট ঘটেছে সামরিক শাসনের বিরুদ্ধে। টিকতে না পেরে সামরিক পরিষদ দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। প্রেসিডেন্ট নির্বাচনের শেষ পর্যায়ের প্রতিযোগিতা হয়েছে মুরসি ও আহমেদ শফিকের মধ্যে। আহমেদ শফিক ছিলেন মোবারকের শাসনামলের প্রধানমন্ত্রী। সে কারণে প্রতিযোগিতাটাও ছিল হাড্ডাহাড্ডি। ফলাফল ছিল মুরসির ভোট ৫১ শতাংশ এবং শফিকের ভোট ৪৯ শতাংশ। শফিকের অভিযোগ ছিল, নির্বাচনে কিছু কারচুপি হয়েছে। কিন্তু সামরিক পরিষদ এ অভিযোগ এড়িয়ে যায়। কারণ, তারা চাইছিল যত দ্রুত সম্ভব ওই পরিস্থিতি থেকে মুক্তি পেতে।
তারপর মুরসি, যিনি একটি কট্টর ধর্মীয় দলের প্রতিনিধিত্ব করেন এবং যে দলটি সহিংসতাকে সাগ্রহে আলিঙ্গন করেছে, তিনি উসকে দিলেন নিজ দলের সমর্থক আইনজীবীদের। মুরসি আইনজীবীদের শফিকের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ সাজাতে বলেন। শফিক সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যেতে বাধ্য হলেন।
২০১২ সালের ২১ নভেম্বর মুরসি একটি সাংবিধানিক ঘোষণাপত্র জারি করেন। তিনি সংবিধান স্থগিত করেন এবং শাসন বিভাগের সব ক্ষমতা কেড়ে নেন। তিনি প্রসিকিউটর জেনারেলকে সরিয়ে দেন এবং তাঁর দলের একজনকে ওই পদে বসান। তাঁর এ পদক্ষেপের দরুন তিনি উপহাসের পাত্র হলেন, লোকজন তাঁর প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠল।
এর পর থেকে আন্দোলন এবং প্রতিবাদ এক মুহূর্তের জন্য থামেনি। প্রতিদিন তিনি অপ্রয়োজনীয় স্বৈরাচারী সব পদক্ষেপ নিচ্ছিলেন এবং বিদ্রোহকে আরও উজ্জীবিত করছিলেন। তিনি মন্ত্রিসভা ও প্রশাসনে নিজের দলের লোক ঢুকিয়েছেন, ট্যাক্স বাড়িয়েছেন, জিনিসপত্রের দাম বাড়িয়েছেন, দিনে চার-পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রেখেছেন, প্রতিদিন গ্যাসস্টেশনে জ্বালানি-সংকট দেখা গেছে।
পরিস্থিতির চূড়ান্ত অবনতি হতে শুরু করে যখন তিন সপ্তাহ আগে তিনি কায়রো ন্যাশনাল স্টেডিয়ামে সন্ত্রাসী ও কট্টরপন্থী ধর্মীয় নেতাদের নিয়ে একটা কনফারেন্স করেন। গোটা বৈঠকে তাঁরা বিরোধীপক্ষকে শাসাতে থাকেন। সেই সঙ্গে অন্য ধর্মের প্রতি তাঁরা কটাক্ষও করেন। গত সপ্তাহে তিনি কায়রো ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে জনগণের উদ্দেশে বিবৃতি দেন। সেখানে তিনি বিরোধীপক্ষের লোক ও সংবাদমাধ্যমের উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় কথা বলতে শুরু করেন। অভিযোগ করেন, তারা সবাই বিশ্বাসঘাতক এবং হোসনি মোবারকের শাসনামলের সমর্থক। ওই বিবৃতিতে মুরসি যাঁদের সমালোচনা করেন, তাঁদের অনেকেই ২০১১ সালের ২৫ জানুয়ারি যে বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের নায়ক। এসব কারণে মুরসির ক্ষমতায় আরোহণের প্রথম বর্ষপূর্তিতে ৩০ জুন, ২০১৩ তাঁর বিরুদ্ধে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। মিসরের সমকালীন ইতিহাসে এ বছরটিকে সবচেয়ে খারাপ বলে বিবেচনা করা হয়। আন্দোলনের তিন দিনের মাথায় প্রায় তিন কোটি মানুষ আন্দোলন ও সমাবেশ শুরু করলে মুরসি সাধারণ মানুষের ওপর সহিংসতা ও হত্যার হুমকি দিতে শুরু করেন। কিন্তু সামরিক বাহিনী তাতে সাড়া দেয়নি। সামরিক বাহিনী জনতার পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। মুরসিকে সরিয়ে আগামী নির্বাচনের আগ পর্যন্ত সময়ে দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব তারা সংবিধানসম্মত উপায়ে অর্পণ করে সুশীল সমাজের প্রতিনিধির হাতে (সাংবিধানিক আদালতের প্রধানের হাতে)।
সামাজিক যোগাযোগের মাধ্যমে যে হাজার হাজার বার্তা আমি পড়েছি, তার মধ্য থেকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক বাসাম রাদির বক্তব্যকে উদ্ধৃত করতে চাই—
এটা কোনো সামরিক অভ্যুত্থান ছিল না মি. ওবামা।
এটা কোনো সামরিক অভ্যুত্থান ছিল না সিএনএন।
আমি আশা করি, মিসরে কী ঘটেছে সে সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি।

প্রথম আলোর জন্য রচিত, ইংরেজি থেকে অনূদিত
কামাল গাবালা: মিসরের আলআহরাম পত্রিকাগোষ্ঠীর ব্যবস্থাপনা সম্পাদক।