এডিপি সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে। এর মাধ্যমে সরকার যে গণবিনিয়োগ করে, তার লক্ষ্যই হলো অবকাঠামো ও উপযোগ বিনির্মাণসহ প্রয়োজনীয় বিভিন্ন খাতের উন্নয়ন ঘটানো। দেশের শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে শিল্প-বাণিজ্য-অর্থনীতির বিকাশে ভূমিকা রাখাই এর লক্ষ্য। চলমান প্রক্রিয়া হিসেবে প্রতি অর্থবছরের জন্যই এডিপি নির্ধারণ করা হয়। আবার অর্থবছরের মাঝামাঝি উন্নয়ন ব্যয়ের অগ্রগতি পর্যালোচনা করে তৃতীয় প্রান্তিকে এসে তা সংশোধন করা হয়। এর লক্ষ্য হচ্ছে মূল এডিপির আয়তন কমিয়ে আনা কিছু প্রকল্প পুনর্বিন্যাস করা। এই ধারাবাহিকতায় ২০১৩-১৪ অর্থবছরের এডিপি সংশোধনের প্রক্রিয়া এখন চলছে। তবে প্রথম আলোর একাধিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সংশোধিত এডিপির আকার বা ব্যয় বরাদ্দ নিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত পরিকল্পনা কমিশন এডিপি বা সংশোধিত এডিপির খাতওয়ারি বরাদ্দ চূড়ান্ত করে থাকে। আর মোট ব্যয় বরাদ্দের বিষয়টি নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়। এ দফায় অর্থ মন্ত্রণালয় সংশোধিত এডিপির জন্য মোট ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে চায়। অন্যদিকে পরিকল্পনা কমিশনের দাবি হলো ৬০ হাজার ৫৮২ কোটি টাকা। আর মূল এডিপির আয়তন হলো ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের যুক্তি হলো, উন্নয়ন ব্যয়ের চাহিদা বেড়ে যাওয়ায় অর্থবছর শেষে প্রকৃত ব্যয় অনেক বেড়ে যাবে। বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের যুক্তি হলো, রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, আবার উন্নয়ন ব্যয়ের সাম্প্রতিক প্রবণতাও তেমন জোরদার নয়। ফলে বছর শেষে বড় ধরনের ব্যয় হওয়ার সম্ভাবনাও কম। দুই মন্ত্রণালয় নিজ নিজ যুক্তি-বিবেচনায় সংশোধিত এডিপির আয়তন নির্ধারণের পক্ষে। ইতিমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে।
কিন্তু, একটু নিবিড়ভাবে পর্যালোচনা করলে দেখা যায়, এ ধরনের মতবিরোধ এবং তার ফলে সৃষ্ট জটিলতার পেছনে তেমন কোনো যৌক্তিকতা নেই। এটাকে দুই মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতার দৌড় দেখানোর একটি প্রয়াস মনে করা যেতে পারে। গত এক দশকের এডিপি সংশোধন পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, যে পরিমাণ ব্যয় বরাদ্দ প্রথমে দেওয়া হয়, শেষ পর্যন্ত প্রকৃতপক্ষে তার চার-পঞ্চমাংশ খরচ হয়। আবার এডিপি বাস্তবায়নের গতি বরাবরই বছরের প্রথমার্ধে কিছুটা শ্লথ থাকে। দ্বিতীয়ার্ধে তা বাড়ে বিশেষত শেষ প্রান্তিকে এসে, অর্থ খরচ করতে হবে—এ রকম একটা তাগিদ থেকে এডিপির বাস্তবায়ন বেড়ে যায়। এর ফলে উন্নয়ন ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয় না। বেশ কিছু অর্থ অপচয়ও হয়।
এই বাস্তবতায় এবারের সংশোধিত এডিপির আয়তন নির্ধারণ নিয়ে অযাচিত জটিলতা পরিহার করাই কাম্য। সরকারের বরং জোর চেষ্টা করা উচিত ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা।