বিএনপির পক্ষ থেকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের পর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জন করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু নির্বাচনের পরেই বিএনপি জনগণের ওপর নতুন করে ৪৮ ঘণ্টার হরতাল চাপিয়ে দিল, যা অভিনন্দনের ঠিক উল্টো কাজ। হরতাল মানে জনদুর্ভোগের চূড়ান্ত—এ কথা কি বিএনপি জানে না?
হরতাল-অবরোধে জনগণ ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে। জীবিকার সংকটে গরিব মানুষের প্রাণ ওষ্ঠাগত; প্রাণহানি, জাতীয় সম্পদ ও অর্থনীতির ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১ জানুয়ারি থেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ নির্বাচনের পরেও অব্যাহত রাখার ঘোষণার পাশাপাশি অবরোধের মধ্যেই রোববার সকাল ছয়টা থেকে দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা দেশবাসীর সঙ্গে নিষ্ঠুরতা ছাড়া আর কী? সরকার যা করছে তা বন্ধ করার উপায় যদি হরতালই হতো, তাহলে বিরোধী দল অনেক আগেই সরকারকে থামাতে পারত। কিন্তু তা তো ঘটেনি; বিএনপি তার ১৮-দলীয় জোটকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হরতাল-অবরোধ ডেকে বহু মানুষের মৃত্যুর কারণ ঘটিয়েও তো সরকারকে একতরফা নির্বাচন অনুষ্ঠান থেকে বিরত করতে পারেনি।
৫ জানুয়ারির নির্বাচন বাতিল করার দাবিতে বিরোধী দল অবশ্যই আন্দোলন চালিয়ে যেতে পারে। কিন্তু সে আন্দোলনের স্বরূপ কী হবে, তা ভেবে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কেননা, হরতাল-অবরোধের মতো জবরদস্তিমূলক কর্মসূচির প্রতি জনগণের কোনো সমর্থন আর অবশিষ্ট নেই। এগুলো জনস্বার্থবিরোধী রূপ পরিগ্রহ করেছে। হরতাল-অবরোধের আগে ও পরে এবং কর্মসূচি চলাকালে দেশজুড়ে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়, তা দিনের পর দিন চলতে দেওয়া উচিত নয়। এটা শুধু সরকারের তরফে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয় নয়, জনসাধারণের প্রাণ ও সম্পদের প্রতি বিরোধী দলেরও দায়দায়িত্ব আছে। বিএনপির পক্ষ থেকে এমন অভিযোগ একাধিকবার উচ্চারিত হয়েছে যে, তাদের ডাকা হরতাল-অবরোধের সময় মানুষ হত্যাসহ বিভিন্ন ধরনের নাশকতার জন্য তাদের কর্মী-সমর্থকেরা দায়ী নন, ওগুলো সরকারি দলের লোকজন করে বিরোধী দলের ঘাড়ে দোষ চাপায়। অবশ্য এ রকম অভিযোগের পক্ষে তারা কোনো সাক্ষ্য-প্রমাণ হাজির করে না। কিন্তু একটা প্রশ্ন তারা নিজেদের করতে পারে: আমরা এমন কর্মসূচি কেন দেব, যে কর্মসূচিতে প্রতিপক্ষ দল মানুষ হত্যা করে আমাদের ওপর দায় চাপাতে পারে?
রাজনৈতিক কর্মসূচি দেওয়া ও তা প্রতিহত করাকে কেন্দ্র করে হত্যা ও ধ্বংসযজ্ঞ অনেক হলো। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এবার এসব বন্ধ হোক। এমন শান্তিপূর্ণ কর্মসূচি নেওয়া হোক, যার প্রতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাতে পারে।