চরম অবিবেচক হিসেবে রোম সম্রাট নিরোর পরিচিতি ছিল। তাঁর খামখেয়ালিপনাজাত স্বভাব এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে প্রচুর কাহিনি প্রচলিত আছে। তাঁর উদ্ভট আচরণের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল সেই বহুল প্রচারিত উক্তিটি, ‘রোম নগরী যখন পুড়ছে, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন।’
আমাদের দেশের পরিস্থিতিও এখন ঠিক একই রকম। দেশের সর্বত্রই যখন প্রশ্ন ফাঁস নিয়ে হইচই হচ্ছে, তখন দেশের শিক্ষা
মন্ত্রণালয় নাক ডেকে ঘুমাচ্ছে। জাফর ইকবাল স্যার, আনিসুল হক প্রতিনিয়তই লিখে যাচ্ছেন এসব নিয়ে। আমার মতো পাঠকেরা এসব পড়ছে এবং আশা নিয়ে বসে থাকছে যে এবার বুঝি ওপর মহলের টনক নড়বে। কিন্তু তারা যে কানে তুলো দিয়ে রেখেছে, তা আমার মতো সাধারণ মানুষের সহজে বোধগম্য হয়নি। কথাগুলো খুব স্পষ্ট ভাষায় বলতে পারলেও লেখার সময় আমার চোখে পানি টলমল করছে।
যে দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশে মানুষ হচ্ছি, সেই দেশের সম্পর্কে কখনো এভাবে লিখতে হবে, ভাবতেও পারিনি। দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত চাতক পাখির মতো শিক্ষা মন্ত্রণালয়ের দিকে চেয়ে ছিলাম। কিন্তু আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে।
জাফর ইকবাল স্যার ও আনিসুল হকের কথায়ও কিছু হচ্ছে না। আমরা কি তাহলে সব জিম্মি? হাতে-পায়ে কি আমাদের তবে শিকল পরানো? নাকি তারা আমাদের বলতে চাইছে, ‘আমরা এভাবেই চলব, তোমাদের যা ইচ্ছে করো।’ যদি তা-ই হয়, তবে সেটিও যেন শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্পষ্টভাবে বলে দেয়।
শাহ জালাল জোনাক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা৷