এমএলএম কার্যক্রম নিয়ন্ত্রণ আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বহুধাপ বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংস্থার দ্বারা বহু বছর ধরে প্রচুরসংখ্যক মানুষ স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভে প্রতারিত হয়েছেন। এ ক্ষেত্রে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ ছিল না। আর নিয়ন্ত্রণ না থাকার কারণ ছিল এ সম্পর্কিত একটি আইনের অভাব। তাই এমএলএম কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মন্ত্রিসভায় অনুমোদনের খবরটি নিঃসন্দেহে সুখবর। তবে কোনো অপরাধ নিয়ন্ত্রণের জন্য শুধু আইন করাই যথেষ্ট নয়, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি কাজ।
সরকার-নির্বিশেষে বিভিন্ন সময়ে আমরা দেখেছি, স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে এমএলএম কোম্পানিগুলো বিপুলসংখ্যক মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এ রকম দুটি প্রতিষ্ঠানের নাম এখনো অনেক মানুষ ভুলতে পারে না, যেমন ‘আইটিসিএল’ ও ‘যুবক’। সর্বসম্প্রতি ডেসটিনি গ্রুপের এমএলএম কার্যক্রম আরও বেশিসংখ্যক মানুষের বিপুল অঙ্কের অর্থ লোপাট করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবশেষে আইনানুগ পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে বটে, কিন্তু লাখ লাখ মানুষ যে আর্থিক ক্ষতি ও হতাশার শিকার হয়েছেন, তার প্রতিকার আসলেই দুরূহ। প্রতিষ্ঠানটি এই গণপ্রতারণার সুযোগ পেয়েছে প্রধানত পূর্বাপর সরকারের নজরদারির অভাবে এবং অবশ্যই বিপুলসংখ্যক মানুষের অসচেতনতা ও লোভের কারণে।
তবে এসবের চেয়েও বড় কথা, বহুধাপ বিপণন কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কোনো সুনির্দিষ্ট আইন ছিল না। হায় হায় কোম্পানিগুলো মানুষ ঠকানোর ব্যবসা করেছে আর্থিক লেনদেনসংক্রান্ত প্রযোজ্য সরকারি লাইসেন্স ছাড়াই। নতুন আইনটি প্রণয়নের ফলে লাইসেন্স ছাড়া বহুধাপ বিপণন কার্যক্রম চালানো যাবে না; যেসব প্রতিষ্ঠানের এই কার্যক্রম রয়েছে, আইনটি পাসের পর ৯০ দিনের মধ্যে তাদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ এই কার্যক্রম চালালে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা হবে।
বহুধাপ বিপণন কার্যক্রমের নামে বিপুলসংখ্যক মানুষকে প্রতারিত করার যে অপরাধ বহু বছর ধরে চলে আসছে, তা বন্ধ করার একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এমএলএম কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩। এখন প্রয়োজন এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।